
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও বিএনপির পক্ষ থেকে হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ২টার দিকে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে এনসিপি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তাঁর সঙ্গে কথা বলতে যান। একপর্যায়ে সাহেদের পেছন দিক থেকে কয়েকজন যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন। ঘটনার পর এনসিপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।
এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ গণমাধ্যমকে বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন জেলায় সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ সফরে এলে আমি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার বিষয়ে আলাপ করতে যাই। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করে। মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুমার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পর আইনমন্ত্রী আসাদুজ্জামানের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এখানে যে নেতৃত্ব দিয়ে থাকেন, আব্দুল মজিদ, তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসের জনক। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃত্বে হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করা হয়।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছি। হামলার সময় আমাদের অনেক সহকর্মীর ফোন ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায় তারা। এমনকি আমাদের ওপর ডিমও নিক্ষেপ করা হয়।’
ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘আইনমন্ত্রীর এলাকায় যদি আইনশৃঙ্খলার এমন অবনতি হয়, তাহলে আমরা মনে করি, আইনমন্ত্রী তাঁর জায়গায় থাকতে পারেন না। আইনমন্ত্রীকে দ্রুত পদত্যাগ করিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা উচিত।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই ঘটনার বিচার না করেন, তাহলে আমরা ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।’

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা ২টার পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
সরকার গঠনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার দল গোছাতে ও গতিশীল করতে উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে চলতি বছর দলের জাতীয় কাউন্সিল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন করার আভাস পাওয়া গেছে। এমন আভাস দিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
১৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে শিশুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের নেতা–কর্মীরা। মিছিলটি বাংলামোটর থেকে শাহবাগে গিয়ে শেষ হয়।
২০ ঘণ্টা আগে
‘সরকারের লোকেরা আগে বলেছে, নির্বাচিত সরকার এলেই বিদেশি বিনিয়োগ হুড়হুড় করে আসা শুরু করবে; কিন্তু আমরা দেখলাম, ড. ইউনূস যতটুকু সক্ষমতা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে, এই সরকার কিন্তু কোনো একটা দেশ থেকে এখন পর্যন্ত দাওয়াত পর্যন্ত পায়নি।’
১ দিন আগে