Ajker Patrika

নিরাপত্তা ত্রুটির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা

আজকের পত্রিকা ডেস্ক­
নিরাপত্তা ত্রুটির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা
ফাইল ছবি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরির ক্ষেত্রে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না নেওয়ার অভিযোগে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। সোমবার ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা এ মামলা করেন। তাঁর অভিযোগ, যথাযথ সুরক্ষাব্যবস্থা ছাড়াই এআই মডেল তৈরি করে জনসাধারণকে বিভ্রান্ত ও ঝুঁকির মধ্যে ফেলেছে প্রতিষ্ঠানটি।

মামলায় বন্টা ২০২৬ সালের জুলাইয়ে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসে চালানো হামলার কথা উল্লেখ করেছেন। ওপেনএআইয়ের পরীক্ষামূলক এআই এজেন্টগুলো ইন্টারনেটে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ব্যবস্থায় অনুপ্রবেশ করেছিল।

বন্টার দাবি, এ ঘটনার মাধ্যমে ওপেনএআই জনসাধারণের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করেছে এবং ক্যালিফোর্নিয়ার অন্যায্য প্রতিযোগিতাবিরোধী আইন লঙ্ঘন করেছে।

বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআইয়ের মুখপাত্র ড্রু পুসাতেরি বলেন, বন্টার মামলায় মনে হচ্ছে, এমন একটি চ্যালেঞ্জের জন্য শুধু ওপেনএআইকেই দায়ী করা হচ্ছে, যে সমস্যার কথা সব বড় এআই গবেষণাপ্রতিষ্ঠানই স্বীকার করেছে।

অ্যানথ্রপিক, মেটা ও গুগলের মতো এআই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও জানিয়েছে, তাদের তৈরি মডেলগুলো একই ধরনের হামলার ঘটনা ঘটিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের পক্ষ থেকে এ ধরনের মামলা করার ঘটনা এটিই প্রথম বলে মনে করা হচ্ছে। সান ফ্রান্সিসকোতে মামলাটি করা হয়েছে। ওপেনএআইয়ের প্রধান কার্যালয়ও এই শহরে অবস্থিত।

হাগিং ফেসে হামলার সময় দুই দিন ধরে ওপেনএআইয়ের শত শত এআই এজেন্ট সমন্বিতভাবে কাজ করেছিল। এআই এজেন্টগুলো হামলার পর নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন মুছে ফেলারও চেষ্টা করেছিল। অথচ তাদের একটি নিরাপদ পরীক্ষামূলক পরিবেশের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা ছিল।

গত সেপ্টেম্বরে এ ঘটনা তদন্তের ঘোষণা দেন বন্টা। তদন্তের অংশ হিসেবে তিনি ওপেনএআইকে একটি আনুষ্ঠানিক তদন্ত-সংক্রান্ত নোটিশও পাঠান, যার মাধ্যমে প্রতিষ্ঠানটির কাছে তথ্য চাওয়া হয়।

সোমবার দেওয়া এক বিবৃতিতে বন্টা বলেন, ‘প্রতিষ্ঠানটি জেনেশুনে যথাযথ তদারকি ও নিরাপত্তাপদ্ধতি ছাড়াই একটি বিপজ্জনক পণ্য পরীক্ষা করেছে এবং এ বিষয়ে জনসাধারণকে বিভ্রান্ত করেছে। জননিরাপত্তার প্রতি এমন অবহেলা ক্যালিফোর্নিয়ার আইন লঙ্ঘন করেছে।’

ওপেনএআই বলেছে, তারা অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সঙ্গে স্বচ্ছতা বজায় রেখেছে এবং সহযোগিতা করেছে।

প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়, ‘এআই মডেলের লক্ষ্যচ্যুত আচরণকে আমরা গুরুত্বের সঙ্গে দেখি। এ বিষয়ে তথ্য ভাগাভাগি করতে এবং পুরো শিল্প খাতের জন্য শক্তিশালী ও বাস্তবসম্মত নিরাপত্তামান তৈরিতে কাজ করতে আমরা অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হয়েছি এবং ভবিষ্যতেও থাকব।’

ওপেনএআই আরও জানিয়েছে, হাগিং ফেসের ঘটনার পর থেকে তারা মডেলের ‘লক্ষ্যচ্যুত কর্মকাণ্ড’ বোঝা ও তা মোকাবিলার জন্য কাজ করছে। এআই শিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের আচরণকে প্রায়ই ‘রগ এজেন্ট’ বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এআই এজেন্ট বলে অভিহিত করেন।

এআই নিরাপত্তা নিয়ে কাজ করা প্রচারাভিযান সংগঠন এনকোড এআইয়ের প্রধান কৌশল কর্মকর্তা নাথান ক্যালভিন বলেছেন, এ মামলা তাঁদের সংগঠন দীর্ঘদিন ধরে যে উদ্বেগের কথা জানিয়ে আসছে, সেটিকেই স্বীকৃতি দিয়েছে।

তিনি বলেন, ‘ওপেনএআইসহ অত্যাধুনিক এআই ব্যবস্থা তৈরি করা অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা জনসাধারণকে সম্ভাব্য বিপর্যয়কর ঝুঁকি থেকে রক্ষার জন্য যথেষ্ট নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত