Ajker Patrika

দোয়ার সময় যেসব বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে হয়

ইসলাম ডেস্ক
দোয়ার সময় যেসব বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে হয়
দোয়া মুমিনের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। ছবি: সংগৃহীত

দোয়া মুমিনের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। সুখে-দুঃখে, বিপদে-আপদে কিংবা কোনো প্রয়োজন পূরণের আশায় একজন মুমিন ফিরে যান তাঁর মহান রবের কাছে। আল্লাহ তাআলা বান্দাকে তাঁর কাছে চাইতে নির্দেশ দিয়েছেন এবংদোয়া কবুলের প্রতিশ্রুতিও দিয়েছেন।

তবে দোয়ার রয়েছে কিছু আদব ও উত্তম পদ্ধতি। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা, রাসুলুল্লাহ (সা.)-এর ওপর দরুদ পাঠ করা এবং কোরআনে বর্ণিত বরকতময় দোয়াগুলোর মাধ্যমে প্রার্থনা করা এসব আদবের অন্যতম। এতে দোয়ার সৌন্দর্য ও বিনয় প্রকাশ পায়।

কোরআন ও হাদিসে দোয়ার তাগিদ

পবিত্র কোরআন ও হাদিসে বান্দাকে সর্বাবস্থায় দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ তাআলা যদি নিজ অনুগ্রহে দান করেন, তবে বান্দার আর কোনো অভাব থাকে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—

‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো।’ (সুরা গাফির: ৬০)

অন্য আয়াতে তিনি আরও বলেন, ‘যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি।’ (সুরা বাকারা: ১৮৬)

বান্দার প্রতি আল্লাহ তাআলা সব সময় তাঁর রহমত ও অনুগ্রহের দরজা খোলা রাখেন। বান্দা যখন তাঁর কাছে হাত পাতে, তিনি খুশি হন; আর না চাইলে তিনি অসন্তুষ্ট হন।

দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও বরকতময় বাক্য

দোয়া করা এবং তা কবুলের কিছু সুনির্দিষ্ট নিয়ম ও আদব রয়েছে। এর মধ্যে অন্যতম প্রধান একটি আদব হলো—দোয়ার শুরুতে মহান আল্লাহর প্রশংসা এবং প্রিয় নবী (সা.)-এর ওপর দরুদ ও সালাম পেশ করা। কোরআন ও হাদিসে বর্ণিত এমন কিছু সুন্দর ও বরকতময় বাক্য দিয়ে দোয়া শুরু করা যেতে পারে:

১. আল্লাহর প্রশংসা ও প্রিয় নবী (সা.)-এর দরুদ পাঠ:

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى نَبِيِّنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰ لِه وَصَحْبِه اَجْمَعِيْنَ

উচ্চারণ: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন, ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা নাবিইয়্যিনা মুহাম্মাদিও ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন।

অর্থ: সব প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক; এবং রহমত ও শান্তি বর্ষিত হোক রাসুলগণের সর্দারের ওপর এবং তাঁর পরিবারবর্গ ও সব সাহাবিগণের ওপর।

২. আল্লাহর পবিত্রতা ঘোষণা:

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ

উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়াবি-হামদিহি সুবহানাল্লাহিল-আজিম।

অর্থ: আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি।

কোরআনে বর্ণিত বিশেষ কিছু দোয়া

কোরআনে কারিমে বিভিন্ন আম্বিয়া ও সালেহিনদের শেখানো কিছু সর্বজনগ্রাহ্য দোয়া রয়েছে, যা দিয়ে সহজেই আল্লাহর দরবারে নিজের প্রয়োজন পেশ করা যায়:

দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া:

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّفِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: রাব্বানা আ-তিনা ফিদদুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজাবাননার।

অর্থ: হে আমাদের প্রভু, আমাদের দুনিয়াতে যা কল্যাণকর এবং পরকালেও যা কল্যাণকর তা দান করুন এবং আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করুন। (সুরা বাকারা: ২০১)

কবুলিয়তের নিবেদন:

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ

উচ্চারণ: রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।

অর্থ: হে আমাদের প্রভু, আমাদের কাছ থেকে (আমাদের আমল ও দোয়া) কবুল করুন, কেননা আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (সুরা বাকারা: ১২৭)

বংশধর ও আত্মিক নিরাপত্তার দোয়া:

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

উচ্চারণ: রাব্বানা ওয়াজ-আলনা মুসলিমাইনি লাকা ওয়ামিন জুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম।

অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদের আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের থেকে এমন একটি জাতি তৈরি করুন, যারা আপনার অনুগত। আমাদের ইবাদতের নিয়মকানুন দেখিয়ে দিন এবং আমাদের তওবা কবুল করুন; নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও দয়ালু। (সুরা বাকারা: ১২৮)

ধৈর্য ও অবিচলতার দোয়া:

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَ

উচ্চারণ: রাব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া ছাব্বিত আকদামানা ওয়ানছুরনা আলাল কওমিল কাফিরিন।

অর্থ: হে আমাদের প্রভু, আমাদের প্রচুর ধৈর্য দান করুন, আমাদের পা অবিচল রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। (সুরা বাকারা: ২৫০)

সর্বোপরি, মনকে পুরোপুরি মনোযোগী করে ও বিনম্রচিত্তে আল্লাহর দরবারে হাত তুললে তিনি কখনো খালি হাতে ফেরান না। সঠিক নিয়ম ও আদব মেনে আল্লাহর প্রশংসা ও এই সুন্দর দোয়াগুলোর মাধ্যমে প্রার্থনা করলে বান্দা তার কাঙ্ক্ষিত শান্তি ও সফলতা অর্জন করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত