Ajker Patrika

এআই যুগে প্যারেন্টিং, সন্তানকে প্রযুক্তিনির্ভর নাকি চালক হিসেবে দেখতে চান

কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
এআই যুগে প্যারেন্টিং, সন্তানকে প্রযুক্তিনির্ভর নাকি চালক হিসেবে দেখতে চান

একটা সময় মানুষের শৈশব কেটেছে বইয়ের পাতা উল্টিয়ে, মাঠে খেলাধুলা করে কিংবা ধাঁধার উত্তর খুঁজে। কিন্তু আজকের শিশুরা যেকোনো জটিল প্রশ্নের সমাধান পেয়ে যাচ্ছে বেশ সহজে। এই শিশুদের জন্মই হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে। এখন সামাজিক মাধ্যমের নিউজ ফিড, সংবাদপত্র কিংবা টেলিভিশনের পর্দায় শিশুদের নানান আবিষ্কারের গল্প পড়ছি আমরা। যেমন চীনের বেইজিংয়ের একটি অভিজাত স্কুলে ১৩ বছরের এক কিশোর এআই দিয়ে দুই শতাধিক অ্যাপ বানিয়ে ফেলছে। এই দৃশ্যগুলো আমাদের বদলে যাওয়া শিক্ষা ও প্রযুক্তির দুনিয়ার হালচাল বুঝতে সহায়ক। কিন্তু প্রশ্ন হলো, এই দ্রুত পরিবর্তনশীল এআইয়ের যুগে আমাদের প্যারেন্টিং বা সন্তান লালন-পালনের ধরন কেমন হওয়া উচিত? সন্তানের হাতে ট্যাব, ল্যাপটপ বা স্মার্টফোন তুলে দিলেই কি বাবা-মায়ের দায়িত্ব শেষ?

বিশ্বজুড়ে শিশুদের এআই-নির্ভরতার চিত্র

সাম্প্রতিক আন্তর্জাতিক সমীক্ষা এবং যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক গেমিং স্টুডিও ও ইয়ুথ মার্কেটিং এজেন্সি ডুবিটের তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের শিশুদের এআই ব্যবহারের হার এবং নির্ভরতার চিত্রে রয়েছে নানা বৈচিত্র্য।

» ভারত ও দক্ষিণ কোরিয়া শীর্ষে: বৈশ্বিক পরিসংখ্যানে শিশু ও কিশোরদের এআই গ্রহণে সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত ও দক্ষিণ কোরিয়া। ভারতে ১ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ৬১ শতাংশ শিশু চ্যাটজিপিটি এবং ৫৭ শতাংশ জেমিনি ব্যবহার করে। এমনকি ১৬ থেকে ১৮ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে ৮৭ শতাংশ নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ায় এই হার ৬০ শতাংশ এবং তাদের শিশুদের মধ্যে প্রযুক্তির সংস্পর্শ অত্যন্ত কম বয়সে শুরু হয়ে যায়। সেটা সাধারণত ১ থেকে ৩ বছর বয়স থেকে অভিভাবকদের মাধ্যমে শুরু হয়।

» ব্রাজিল ও ইউরোপের অবস্থা: ব্রাজিলের তরুণ প্রজন্মের মাঝে চ্যাটজিপিটির ব্যবহারের হার ৫৪ শতাংশ। তবে জার্মানি, জাপান কিংবা যুক্তরাজ্যের মতো দেশগুলোতে শিশুদের এআই ব্যবহার তুলনামূলক কিছুটা কম হলেও দিন দিন তা বেড়ে চলেছে। যুক্তরাজ্যে অভিভাবকদের ৫৫ শতাংশের বেশি শিশুদের শিক্ষায় এআই ব্যবহারের ব্যাপারে যথেষ্ট নেতিবাচক বা সন্দিহান মনোভাব পোষণ করেন।

» সামগ্রিক বৈশ্বিক চিত্র: ইউনিসেফের তথ্য বলছে, জরিপে অংশ নেওয়া দেশগুলোর অন্তত ২০ মিলিয়নের বেশি শিশু এআই ব্যবহার করছে। এর মধ্যে প্রায় ১৩ মিলিয়ন শিশু পড়াশোনা ও হোমওয়ার্কের জন্য এবং অন্তত ১০ শতাংশ শিশু তাদের দুশ্চিন্তা ও ব্যক্তিগত পরামর্শের জন্য এআইয়ের শরণাপন্ন হচ্ছে।

এআই যুগে অভিভাবকদের চ্যালেঞ্জ

শিশুদের এআইয়ের ওপর নির্ভরশীলতা নিয়ে বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যেসব শিক্ষার্থী নিয়মিত অর্থাৎ সপ্তাহে অন্তত তিন বা তার বেশিবার পড়ালেখার জন্য এআই ব্যবহার করে, তাদের হোমওয়ার্কের মান সাময়িকভাবে বাড়লেও দীর্ঘ মেয়াদে তাদের স্মৃতিশক্তি, বিশ্লেষণ ক্ষমতা এবং সৃজনশীলতা কমে যাওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। শিক্ষাবিদেরা একে বলছেন ‘কগনিটিভ আউটসোর্সিং’। অর্থাৎ নিজের মস্তিষ্ক খাটানোর কষ্ট না করে, চিন্তার পুরো প্রক্রিয়াটি শিশুরা প্রযুক্তির ওপর ছেড়ে দেয়। সন্তান যখন কোনো অঙ্ক বা সমস্যার মুখোমুখি না হয়ে সোজা এআইয়ের কাছ থেকে রেডিমেইড উত্তর পেয়ে যায়, তখন তার মৌলিক চিন্তার শক্তি বা ক্রিয়েটিভিটি ভোঁতা হয়ে যেতে শুরু করে। এআই যুগে সচেতন অভিভাবকদের বড় লড়াইটি এখানেই।

অভিভাবকেরা যা করতে পারেন

এআইকে জীবন থেকে সম্পূর্ণ দূরে রাখা এখন আর সম্ভব নয়। প্রযুক্তিকে শত্রু না বানিয়ে বন্ধু বানাতে হবে। এর জন্য কিছু সুনির্দিষ্ট কৌশল মেনে চলা যেতে পারে।

আগে নিজে চেষ্টা করো, তারপর এআই

চীনের এক সচেতন অভিভাবক তাঁর ১১ বছরের মেয়ের জন্য একটি চমৎকার নিয়ম বানিয়ে দিয়েছেন। মেয়ে কোনো কঠিন হোমওয়ার্ক বা অঙ্ক করতে গিয়ে আটকে গেলে সরাসরি এআইয়ের সাহায্য নিতে পারে না। তাকে নিয়ম দেওয়া হয়েছে, আগে অন্তত ১৫ মিনিট নিজের মাথা খাটিয়ে সমাধান খোঁজার চেষ্টা করতে হবে। এরপরও না পারলে শুধু এআইয়ের সাহায্য নেওয়া যাবে। আর কয়েক দিন পর সেই একই সমস্যা আবার তাকে সাহায্য ছাড়া সমাধান করতে বলা হয়, যাতে সে বিষয়টি সত্যি সত্যি বুঝতে পেরেছে কি না, তা নিশ্চিত করা যায়।

সরাসরি উত্তর নয়, ইশারা নিতে শেখান

ছোটবেলা থেকে শিশুদের শেখাতে হবে, এআই যেন তাদের মেধার বিকল্প না হয়। কোডিং বা কোনো সমস্যা সমাধানের সময় পুরো কোড বা উত্তর না চেয়ে এআইয়ের কাছ থেকে শুধু সূত্র নিতে হবে। সন্তানদের এই মানসিকতা তৈরি করতে হবে, এআই হলো শুধু একটি গাইড। পুরো পথটা কিন্তু শিক্ষার্থীকেই হেঁটে পার হতে হবে।

পর্দার বাইরে বাস্তব দুনিয়ার সংযোগ

ডিজিটাল স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার শিশুদের মনোযোগ কমিয়ে দিতে পারে। তাই পড়াশোনা বা কোডিংয়ের বাইরে তাদের খেলাধুলা, বই পড়া, আঁকা আঁকি কিংবা প্রকৃতিকে আবিষ্কার করার সুযোগ করে দিতে হবে। প্রযুক্তি যেন তাদের বাস্তব জগতের বন্ধু ও সামাজিকতা থেকে বিচ্ছিন্ন না করে ফেলে, সেদিকে নজর রাখা জরুরি।

সমালোচনামূলক চিন্তন বা ক্রিটিক্যাল থিংকিং

এআই অনেক সময় ভুল তথ্য বা হেলুসিনেশনের মাধ্যমে ভুল উত্তরও দিতে পারে। সন্তান যখন এআইয়ের সঙ্গে কথা বলবে বা কোনো তথ্য জানবে, তখন তাকে শেখাতে হবে, ‘সব তথ্যই চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না।’ তথ্যটি সঠিক কি না, কেন সঠিক, তা যাচাই করার অভ্যাস বা কৌতূহল তৈরি করে দেওয়া অভিভাবকের অন্যতম বড় দায়িত্ব।

এআই যুগে প্যারেন্টিং মানে সন্তানকে প্রযুক্তি থেকে দূরে রাখা নয়। খুঁজে বের করতে হবে সন্তানকে প্রযুক্তির ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা থেকে রক্ষা করার পথ। ভারত, কোরিয়া বা পশ্চিমা বিশ্বের মতো যেখানেই শিশুরা এআইয়ের দিকে ঝুঁকে পড়ুক না কেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন এক প্রজন্ম তৈরি করা, যারা এআইকে অন্ধের মতো অনুসরণ করবে না। উল্টো এআইকে নিজেদের বুদ্ধিমত্তা বাড়ানোর একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। সন্তান যেন এআই দিয়ে চালিত না হয়ে এআইয়ের চালক হতে পারে, সেই সুনির্দিষ্ট দিশা দেওয়াটাই আধুনিক যুগের বড় প্যারেন্টিং চ্যালেঞ্জ।

সূত্র: রয়টার্স, বিবিসি, ডুবিট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত