Ajker Patrika

এক সপ্তাহেই প্রযুক্তি জগতে তিনটি মহাবিপর্যয়, কিসের ইঙ্গিত

আজকের পত্রিকা ডেস্ক­
এক সপ্তাহেই প্রযুক্তি জগতে তিনটি মহাবিপর্যয়, কিসের ইঙ্গিত
সফলভাবে রকেট উৎক্ষেপণ করা গেলেও আমাজনের কোনো স্যাটেলাইটই কক্ষপথে স্থাপন করা যায়নি। ছবি: সংগৃহীত

গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট স্থগিত হওয়া থেকে শুরু করে বিশ্বজুড়ে মাইক্রোসফট আউটলুক ও ওয়ার্কডে-র সেবা ব্যাহত হওয়া এবং সর্বশেষ আমাজনের ৪০টি ইন্টারনেট স্যাটেলাইট কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হওয়ার ঘটনা আধুনিক জীবনের ডিজিটাল নির্ভরতা ও এর ঝুঁকিকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

যদিও এই ঘটনাগুলো একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত নয় এবং কর্মকর্তারা এখন পর্যন্ত এর পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ পাননি। তবে স্বল্প সময়ের ব্যবধানে ঘটা এই বিপর্যয়গুলো দেখিয়ে দিয়েছে, একটি সাধারণ কারিগরি ত্রুটি কীভাবে আকাশপথ, কর্মক্ষেত্র এবং মহাকাশ অভিযানে ব্যাপক অচলাবস্থা তৈরি করতে পারে।

ই-মেইল ও কর্মক্ষেত্রের ডিজিটাল সেবায় বিপর্যয়

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারকারীরা ব্যাপক কারিগরি সমস্যার মুখে পড়েন। এর ফলে ই-মেইল সেবা আউটলুক , এক্সচেঞ্জ অনলাইন, টিমস এবং কোপাইলট সেবা ব্যাহত হয়। বহু ব্যবহারকারী টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁদের ই-মেইল ও অফিশিয়াল টুলস ব্যবহার করতে পারেননি।

মাইক্রোসফট জানিয়েছে, নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি এবং পরবর্তী নেটওয়ার্ক পরিবর্তনের সময় সার্ভার সংক্রান্ত ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটে। এর পেছনে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি এবং শনিবারের মধ্যে সেবা পুরোপুরি স্বাভাবিক করা হয়।

অন্যদিকে, গত শুক্রবার পৃথক এক কারিগরি ত্রুটিতে মানবসম্পদ ও আর্থিক ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘ওয়ার্কডে’-র সেবা ব্যাহত হয়। প্রতিষ্ঠানটি জানায়, তাদের ‘ডিজাস্টার-রিকভারি’ সিস্টেমের সমস্যার কারণে মূল ডেটাবেইসের সংযোগ বিঘ্নিত হওয়ায় অনেক প্রতিষ্ঠানের কর্মীরা বেতন-ভাতা ও উপস্থিতির তথ্য দেখতে পারেননি। শনিবার নাগাদ এই সমস্যার সমাধান করা হয়।

যুক্তরাষ্ট্রে ২০ হাজারের বেশি ফ্লাইট বিপর্যয়

প্রযুক্তিগত ত্রুটির সবচেয়ে দৃশ্যমান প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থায়। শুক্রবার যোগাযোগ ব্যবস্থার ত্রুটির কারণে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশব্যাপী উড্ডয়ন স্থগিতাদেশ জারি করে, যার ফলে চার ঘণ্টারও বেশি সময় ফ্লাইট চলাচল বন্ধ থাকে।

এফএএ-র প্রাথমিক তদন্তে দেখা গেছে, নেটওয়ার্কে অস্বাভাবিক মাত্রায় ডেটার চাপ তৈরি হওয়ায় পুরোনো টেলিযোগাযোগ সরঞ্জাম অকার্যকর হয়ে পড়েছিল। টেক্সাসের আমারিলোতে একটি রাডার কেন্দ্র এবং আরকানসাসের এল ডোরাডোতে একটি রেডিও যোগাযোগ কেন্দ্রে নতুন রাউটার স্থাপনের কাজের সঙ্গে এই ত্রুটির যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। এই সমস্যায় দেশটির ২২টি ‘এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টার’-এর মধ্যে ১৭টিই প্রভাবিত হয়।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ‘ফ্লাইটঅ্যাওয়্যার’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার ১২ হাজারের বেশি, শনিবার ৬ হাজার ৪০০-র বেশি এবং রোববার ১ হাজার ৬০০-র বেশি ফ্লাইট বাতিল হয়। সব মিলিয়ে তিন দিনে দেশজুড়ে ২০ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। যদিও কর্মকর্তারা জানিয়েছেন, আকাশে থাকা বিমানগুলো নিরাপদেই অবতরণ করেছে এবং এর পেছনে কোনো সাইবার হামলা ছিল না।

মহাকাশেও ব্যর্থতা

ভূমির পাশাপাশি সপ্তাহের শেষে ব্যর্থতা দেখা গেছে মহাকাশ অভিযানেও। রোববার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ‘ভালকান সেন্টর’ রকেট আমাজনের ৪০টি ‘লিও’ ব্রডব্যান্ড স্যাটেলাইট নিয়ে উৎক্ষেপণ করা হয়। স্পেসএক্সের ‘স্টারলিংক’-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে এই ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তুলছে আমাজন।

শুক্র ও শনিবার কারিগরি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুবার স্থগিত হওয়ার পর রোববার রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হলেও, উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর এক যান্ত্রিক ত্রুটির কারণে স্যাটেলাইটগুলো নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়।

ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স মিশনটি ব্যর্থ হওয়ার কথা স্বীকার করে জানিয়েছে, ঠিক কী কারণে এই ত্রুটি ঘটেছে তা খতিয়ে দেখতে তারা আমাজন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। আমাজনের ব্রডব্যান্ড ইন্টারনেট প্রকল্পের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ডিজিটাল নির্ভরতা ও ঝুঁকির বার্তা

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, প্রতিটি ঘটনার পেছনে আলাদা আলাদা কারণ থাকলেও একই সপ্তাহে বিমান চলাচল বন্ধ হওয়া, অফিসের ই-মেইল অচল হয়ে পড়া এবং স্যাটেলাইট হারানোর ঘটনা আমাদের আধুনিক জীবনের ভঙ্গুরতাকেই মনে করিয়ে দেয়। জটিল ডিজিটাল অবকাঠামোর ওপর নির্ভরশীল এই যুগে একটি নেটওয়ার্ক আপগ্রেড বা একটি ত্রুটিপূর্ণ রাউটারও কীভাবে বিস্তৃত পরিসরে জনজীবন স্থবির করে দিতে পারে, গত সপ্তাহের ঘটনাগুলো তারই প্রমাণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত