Ajker Patrika

হোয়াটসঅ্যাপে এআই চ্যাটবটের সঙ্গে বলা কথা জানবে না কেউ

আজকের পত্রিকা ডেস্ক­
হোয়াটসঅ্যাপে এআই চ্যাটবটের সঙ্গে বলা কথা জানবে না কেউ
আজকের পত্রিকা ডেস্ক

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চ্যাটবটের সঙ্গে কথোপকথন পুরোপুরি গোপন রাখার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ‘ইনকগনিটো’ মোড সুবিধার ফলে ব্যবহারকারীর কোনো বার্তা মেটার এই মেসেজিং প্ল্যাটফর্ম নিজেও পড়তে পারবে না।

অর্থাৎ এই ফিচারটি চালু থাকলে ব্যবহারকারী বা এআই চ্যাটবটের দেওয়া উত্তর কোনোটিই পর্যবেক্ষণ করা হবে না। পাশাপাশি পুরোনো কথোপকথনগুলোও ব্যবহারকারীর চ্যাট বক্স থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট জানান, স্বাস্থ্য, সম্পর্ক কিংবা অর্থকড়ির মতো স্পর্শকাতর বিষয়ে মানুষ এআই-এর সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা করতে চায়, যা অন্য কারও পক্ষে দেখা সম্ভব হবে না। মানুষের সেই চাহিদার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে বিবিসির সঙ্গে আলাপকালে একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সতর্ক করে বলেন, মেটা বা হোয়াটসঅ্যাপের কাছে এসব চ্যাট হিস্ট্রি বা তথ্য না থাকায় কোনো সমস্যা তৈরি হলে প্রতিষ্ঠানটির জবাবদিহি নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

মেটার মালিকানাধীন অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেসেঞ্জার। গত বছর যখন হোয়াটসঅ্যাপে ‘মেটা এআই’ যুক্ত করা হয়, তখন এটি বন্ধ করার সুবিধা না থাকায় অনেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে ২০২৫ সালের মে মাসে মেটা প্রধান মার্ক জাকারবার্গ জানান, তাঁদের বিভিন্ন অ্যাপ মিলিয়ে মেটা এআই-এর ব্যবহারকারী ১০০ কোটি ছাড়িয়েছে।

নতুন এই ফিচার প্রসঙ্গে ক্যাথকার্ট বলেন, ‘আমরা অনেকের কাছে শুনেছি, প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করতে তাঁদের অস্বস্তি হয়, অথচ তাঁরা প্রয়োজনীয় উত্তরটিও পেতে চান।’

বর্তমানে অধিকাংশ এআই প্রতিষ্ঠান চ্যাটবট ব্যবহারের তথ্য সংরক্ষণ করে। এমনকি প্রিমিয়াম এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট ছাড়া সাধারণ ব্যবহারকারীদের তথ্য ভবিষ্যতের এআই মডেল প্রশিক্ষণের কাজেও ব্যবহার করা হয়।

মার্ক জাকারবার্গ এই উদ্যোগকে বর্ণনা করে বলেন, এটিই প্রথম কোনো বড় এআই পণ্য, যেখানে সার্ভারে কথোপকথনের কোনো রেকর্ড বা ‘লগ’ জমা থাকবে না।

উইল ক্যাথকার্ট আরও জানান, হোয়াটসঅ্যাপের এই ইনকগনিটো মোড এবং সাধারণ বার্তার ক্ষেত্রে ব্যবহৃত ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ প্রযুক্তি এক না হলেও এটি সমমানের সুরক্ষা দেবে।

সারে বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালান উডওয়ার্ড মনে করেন, দ্বিতীয় একটি ব্যবস্থা চালু করার ফলে হোয়াটসঅ্যাপের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার ঝুঁকি কম। তবে ইনকগনিটো মোডের কারণে এআই-এর ত্রুটি বা অপব্যবহার আড়াল হয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ইতিমধ্যেই ওপেনএআই এবং গুগলসহ বেশ কিছু এআই প্রতিষ্ঠান রংফুল ডেথ (কারও অবহেলা, বেআইনি কাজ বা ইচ্ছাকৃত ক্ষতির কারণে অন্য একজনের মৃত্যু) সংক্রান্ত মামলার মুখে পড়েছে। অধ্যাপক উডওয়ার্ড বলেন, এআই-এর ভুল উত্তরের ক্ষেত্রে দায়বদ্ধতার অভাব দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে।

তিনি বিবিসিকে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, এআই-এর কাছে কেউ কী জানতে চাইল তা গোপন থাকা উচিত। কারণ মানুষ অনেক ব্যক্তিগত বিষয়েও প্রশ্ন করে। তবে এআই ব্যবহারকারীকে ভুল পথে পরিচালিত করবে না, এমন ক্ষেত্রে আপনাকে অনেক বড় বিশ্বাসের ওপর নির্ভর করতে হচ্ছে।’

উদ্বেগের মূল কারণ হলো, মুছে যাওয়া বার্তাগুলো ব্যবহারকারী বা মেটা কেউই আর উদ্ধার করতে পারবে না। ফলে কোনো কথোপকথন যদি কারও ক্ষতি, মৃত্যু বা আত্মহত্যার প্ররোচনার কারণ হয়ে দাঁড়ায়, তবে তার প্রমাণ পাওয়া অসম্ভব হয়ে পড়বে।

ক্যাথকার্ট জানান, ইনকগনিটো মোড প্রাথমিকভাবে শুধু টেক্সট বা লেখা নিয়ে কাজ করবে, ছবি নয়। ক্ষতিকর বা অবৈধ মনে হতে পারে এমন কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার ক্ষেত্রে মেটা এআই-এর নিরাপত্তা ব্যবস্থা বা ‘গার্ডরেল’ অত্যন্ত সতর্ক থাকবে।

হোয়াটসঅ্যাপ অন্য কোনো চ্যাটবট ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়ায় কোটি কোটি ব্যবহারকারী এই প্ল্যাটফর্মে শুধু মেটার নিজস্ব এআই ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম ‘ওয়েলথ ক্লাব’-এর সুসানাহ স্ট্রিটার বলেন, ‘২০২৬ সালে এআই অবকাঠামো খাতে মেটা ১৪ হাজার ৫০০ কোটি ডলার (১০ হাজার ৭০০ কোটি পাউন্ড) ব্যয়ের পথে রয়েছে। বিনিয়োগকারীরা এখন এই বিশাল অঙ্কের বিনিয়োগের বিপরীতে বড় ধরনের সুফল দেখতে চান।’

তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীরা এত বিশাল অঙ্কের ব্যয় নিয়ে চিন্তিত থাকলেও মেটা আশা করছে, এটি ভবিষ্যতে বড় মুনাফা এনে দেবে। তারা এআই অবকাঠামো তৈরি করছে যাতে নিজেদের প্ল্যাটফর্মগুলোকে আরও শক্তিশালী করা যায়। এটি সফল হলে তাদের বিজ্ঞাপন ও বাণিজ্য সাম্রাজ্য আরও একচেটিয়া হয়ে উঠবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ে নিষেধাজ্ঞা বিজেপি সরকারের

দুদক আইন: কমিশনশূন্যতায়ও দুদক ‘সচল’ রাখতে আইন সংশোধন হচ্ছে

ইরান সংকট সমাধানে সির সহায়তা চান ট্রাম্প, বিনিময়ে কী ছাড়তে হবে

ফরিদপুরে বাসে চাঁদাবাজি, অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

সাবেক মন্ত্রী মোশাররফের জানাজা ঘিরে নিরাপত্তা বলয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত