Ajker Patrika

ফরিদপুরে বাসে চাঁদাবাজি, অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২৬, ১৩: ৫০
ফরিদপুরে বাসে চাঁদাবাজি, অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা
ভাঙ্গা থানার ওসির কক্ষে বাঁ থেকে আইয়ূব মোল্যা, শোয়েব, সোহান ও একজনের বাবা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস দাঁড় করিয়ে রেখে ও চেকারকে চাকু দেখিয়ে চাঁদাবাজিসহ ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই দুই যুবককে পুলিশ আটক করলেও থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ূব মোল্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ডের অদূরে সার্বিক পরিবহনের যাত্রীবাহী বাসের চেকারে (অস্থায়ী কাউন্টার) শ্রমিককে দেশীয় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে এ ঘটনায় জড়িত শোয়েব মোল্যা (৩০) ও সোহান মুন্সি (২৮) নামের দুই যুবককে আটক করে থানা-পুলিশ। খবর পেয়ে থানায় গিয়ে ওসির কাছে মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে নেন ওই বিএনপি নেতা।  

অভিযুক্তদের মধ্যে শোয়েব মোল্যা হোগলাডাঙ্গী সদরদি এলাকার বাসিন্দা ও সাবেক কাউন্সিলর লিয়াকত মোল্যার ছেলে এবং সোহান মুন্সি কাপুরিয়া সদরদি এলাকার শাহী মুন্সির ছেলে। তাঁদের বিরুদ্ধে আগে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে মিশে বিভিন্ন বাস কাউন্টারে ও টেম্পোস্ট্যান্ডে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং বর্তমানে স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে মিশে একই কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে একাধিক সূত্রে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ভাঙ্গা বাসস্ট্যান্ডের অদূরেই মহাসড়কের পাশে সার্বিক পরিবহনের অস্থায়ী চেকার রয়েছে। যেখানে প্রতি ট্রিপের বাস এসে দাঁড়িয়ে যাত্রী তুলে থাকে। ঘটনার সময় দায়িত্বে ছিলেন রবিন নামের এক শ্রমিক। তাঁর বাড়ি মাদারীপুরে। একটি বাসে চেকারের দায়িত্বকালে সেখানে একটি মোটরসাইকেলে এসে পৌঁছায় ওই দুই যুবক। এ সময় তাঁরা রবিনকে চাকু দেখিয়ে নিয়মিত টাকা দেওয়ার দাবি করে এবং তাঁর কাছে থাকা টাকা নিয়ে যায়। তা ছাড়া যাত্রীভর্তি বাসটিকে আধা ঘণ্টার বেশি সময় দাঁড় করে রাখেন তাঁরা।

পুরো ঘটনাটি একটি সিসি ক্যামেরায় ধারণ হয়েছে। তাতে দেখা যায়, একটি বাস দাঁড়িয়ে থাকা অবস্থায় বিকেল ৪টা ৫ মিনিটে একটি মোটরসাইকেলে করে আসে সাদা শার্ট পরিহিত সোহানসহ দুই-তিনজন যুবক। এ সময় রবিনের সঙ্গে তাঁরা বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হন। এভাবে বিকেল ৫টা ৯ মিনিট পর্যন্ত তাঁদের অবস্থান করতে দেখা যায়। এর মধ্যে ৪টা ৩৪ মিনিট থেকে ৫টা পর্যন্ত একটি বাস দাঁড়িয়ে থাকে সেখানে এবং আরও একটি বাসও আটকা পড়ে।

এ ঘটনায় খবর পেয়ে থানা-পুলিশ এসে ওই দুই যুবককে আটক করে নিয়ে যায়। তবে ঘটনাটি নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন ভাঙ্গায় পরিবহনটির দায়িত্বরত ব্যক্তিরা।

ফরিদপুর-২

এদিকে ঘটনার পর রাতে ভাঙ্গা থানায় গিয়ে অভিযুক্তদের ছাড়িয়ে নেন বিএনপি নেতা আইয়ূব মোল্যা। ওই সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান একটি ভিডিও ধারণ করে রাখেন। ভিডিওটি ওসি মো. মিজানুর রহমান নিজেই ধারণ করেছেন বলে নিশ্চিত করেছেন। তবে কীভাবে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন।

ওই ভিডিওতে দেখা যায়, ওসির কক্ষে ওই দুজনের সঙ্গে দাঁড়িয়ে আছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়ূব মোল্যা। তাঁর সঙ্গে ছিলেন ওই দুজনের মধ্যে একজনের বাবা।

ভিডিওটিতে আটক দুই ব্যক্তির উদ্দেষে ওসিকে বলতে শোনা যায়, ‘আপনাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যে আপনারা এই এলাকায় বিভিন্ন খারাপ কাজের সঙ্গে জড়িত, চাঁদাবাজির সঙ্গে জড়িত, বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত; এই তথ্য আর কি আমরা শুনব? তখন অভিযুক্তরা বলেন যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব।’

এ সময় ওই বাবার উদ্দেশে ওসি বলেন, ‘আপনি বাবা হিসেবে নিতে আসছেন; আপনি বলেন তারা যদি কিছু করে বাবা হিসেবে দায়দায়িত্ব নিতে হবে।’

এ ছাড়া উপস্থিত বিএনপি নেতার উদ্দেশে ওসিকে বলতে শোনা যায়, ‘আইয়ূব ভাই, ওদের সম্পর্কে আপনি বলেন, আর কেন আসছেন, কী করতে চাচ্ছেন। উত্তরে বিএনপি নেতা বলেন, “ওরা আমার এলাকার ছেলে, শুনলাম ওদের থানায় ডেকে আনা হয়েছে। ওরা পেছনে যদি ত্রুটি-বিচ্যুতি করে থাকে, আমরা সংশোধন করার চেষ্টা করব এবং ভবিষ্যতে যদি করে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব।”’

এ সময় ওসি সবাইকে সতর্ক করে বলেন, ‘আমার স্পষ্ট কথা, আমার সিনিয়র অফিসারদের নির্দেশ—কোনোভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে, চাঁদাবাজি করবে; এই সব কাজ ভাই হবে না। যদি হয়; যেহেতু আপনি আসছেন, আপনি বিএনপির সেক্রেটারি হিসেবে দায়দায়িত্ব নিতে হবে। কথা ক্লিয়ার।’

ঘটনাটি নিয়ে কথা হয় ওই বিএনপি নেতার সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রাজনীতি করি, ভালো-মন্দ আমাদের দেখতে হয়। ওসি কোন অভিযোগে তাদের ডেকে নিয়েছিল এবং কেন ছেড়ে দিয়েছে—সেটা ওনাকে প্রশ্ন করেন।’

এ বিষয়ে জানতে চাইলে ওসি মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই দুই যুবকের বিরুদ্ধে জনশ্রুতি রয়েছে, বিভিন্ন বাস কাউন্টার থেকে টাকা আদায় করে থাকে। সে জন্য থানায় ডেকে আনা হয়েছিল। পরবর্তীতে তাদের স্বজন ও বিএনপির সেক্রেটারি এসে নিয়ে গেছেন। তাদের আটক করা হয়নি।’

এ ছাড়া সার্বিক পরিবহনে চাঁদাবাজির ঘটনা তিনি শুনেননি বলে জানান। তিনি বলেন, এমন ঘটনা ঘটে থাকলে এবং কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশিদের হেনস্তাকারী আকাশের বিলাসী জীবন

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসির আলোচনা: শিক্ষামন্ত্রী

দুদক আইন: কমিশনশূন্যতায়ও দুদক ‘সচল’ রাখতে আইন সংশোধন হচ্ছে

বসুন্ধরা সিটিতে ৯৪ কোটি টাকার সোনা আত্মসাৎ, সাবেক বিক্রয়কর্মী গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত