Ajker Patrika

ভুয়া ভিডিও কলে ৫০০০ কোটি টাকার ক্রিপ্টো চুরি, উত্তর কোরীয় হ্যাকারদের নতুন কৌশল ‘ফেসস্টিলার’

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৮: ৩৭
ভুয়া ভিডিও কলে ৫০০০ কোটি টাকার ক্রিপ্টো চুরি, উত্তর কোরীয় হ্যাকারদের নতুন কৌশল ‘ফেসস্টিলার’
ভুয়া ভিডিও কলে উত্তর কোরিয়ার হ্যাকারদের নতুন কৌশল ফেসস্টিলার। ছবি: দি ইনডিপেনডেন্ট

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকাররা ভুয়া ভিডিও কলের মাধ্যমে গত ১৮ মাসে প্রায় ৪০ কোটি ডলারের (প্রায় ৫ হাজার কোটি টাকা) ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। ‘ফেসস্টিলার’ (FaceStealer) নামের এই সাইবার প্রতারণার কৌশলে প্রযুক্তি খাতের কর্মীদের লক্ষ্যবস্তু করা হয়। ভুয়া ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম, আগে থেকে ধারণ করা ওয়েবক্যাম ভিডিও ও কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে এই প্রতারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এফবিআই জানায়, সাইবার হামলাগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকার গোষ্ঠী ‘স্যাফায়ার স্লিট’-এর সংশ্লিষ্টতা রয়েছে। এটি কুখ্যাত লাজারাস (Lazarus) হ্যাকার গোষ্ঠীর একটি শাখা। গোষ্ঠীটি ইউএনসি ১০৬৯, স্টারডাস্ট চোলিমা, এপিটি ৩৮ ও ব্লুনরফ নামেও পরিচিত।

এফবিআইয়ের সাইবার বিভাগের সহকারী পরিচালক ব্রেট লেদারম্যান বলেন, উত্তর কোরিয়া সরকারের জন্য অর্থ সংগ্রহ, ভার্চুয়াল সম্পদ চুরি ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্কে প্রবেশাধিকার অর্জনের বৃহত্তর প্রচেষ্টার অংশ এসব হামলা। হ্যাকাররা এখন সাইবার অনুপ্রবেশের পাশাপাশি সামাজিক যোগাযোগভিত্তিক প্রতারণা ও ডিপফেকের মতো নতুন প্রযুক্তি ব্যবহার করছে। এতে তাদের ছদ্মবেশ ধারণের কৌশল আরও বিশ্বাসযোগ্য ও বিস্তৃত হচ্ছে।

এফবিআইয়ের তথ্যমতে, হ্যাকাররা জুম, মাইক্রোসফট টিমস ও গুগল মিটের আদলে তৈরি ভুয়া ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ব্যবহার করে। আগে হ্যাক করা প্রকৃত সামাজিক যোগাযোগমাধ্যম ও যোগাযোগ অ্যাকাউন্ট থেকে পরিচিত ব্যক্তিদের নামে ভিডিও কলের আমন্ত্রণ পাঠানো হয়। কেউ সেই কলে যুক্ত হলে পরিচিত সহকর্মী বা ব্যক্তির আগে ধারণ করা ওয়েবক্যাম ভিডিও চালিয়ে সরাসরি কথোপকথনের পরিবেশ তৈরি করা হয়। একই সঙ্গে নতুন ভুক্তভোগীর ওয়েবক্যাম ভিডিওও গোপনে ধারণ করে হ্যাকাররা।

কথোপকথনের একপর্যায়ে তারা কারিগরি ত্রুটির অভিনয় করে সেটি সমাধানের নির্দেশনা দেয়। কথিত সমাধান অনুসরণ করতে গিয়ে ভুক্তভোগীর কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যায়। এরপর কম্পিউটারে থাকা ক্রিপ্টোকারেন্সি, বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য ও প্রতিষ্ঠানের নেটওয়ার্কে প্রবেশের সুযোগ হাতিয়ে নেয় হ্যাকাররা।

এই প্রক্রিয়ায় বিশেষ করে ওপেন সোর্স সফটওয়্যারের ডেভেলপার ও রক্ষণাবেক্ষণকারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাঁদের অ্যাকাউন্টে প্রবেশ করে সফটওয়্যার সরবরাহব্যবস্থায় ক্ষতিকর কোড ছড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে হ্যাকাররা। এর প্রভাব পড়তে পারে লাখ লাখ ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীর ওপর।

এফবিআই জানিয়েছে, অনেক ক্ষেত্রে কম্পিউটারে অনুপ্রবেশের পর কয়েক মাস, এমনকি এক বছরের বেশি সময় অপেক্ষা করে ভুক্তভোগীর ক্রিপ্টো ওয়ালেটে অর্থের পরিমাণ বাড়ার পর তা চুরি করা হয়েছে। এ ছাড়া নতুন ভুক্তভোগীর যোগাযোগ তালিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবক্যাম ফুটেজ ব্যবহার করে তাঁর ব্যক্তিগত ও পেশাগত পরিচিত ব্যক্তিদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

এ ঘটনায় ব্যবহৃত ক্লাউডভিত্তিক অবকাঠামোর একটি অংশ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআই যৌথভাবে অকার্যকর করেছে। এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ক্রিপ্টো ও ব্লকচেইন খাতের কর্মীদের প্রায় ৯০০টি ওয়েবক্যাম ভিডিও জব্দ করেছে এফবিআই।

সংস্থাটি সতর্ক করে বলেছে, সন্দেহজনকভাবে এ ধরনের হামলার শিকার হলে আক্রান্ত ডিভাইসের পরিবর্তে সম্পূর্ণ আলাদা ও নিরাপদ ডিভাইস ব্যবহার করে নতুন ক্রিপ্টো ওয়ালেটে সম্পদ স্থানান্তর করতে হবে। পাশাপাশি ভিডিও কলে যুক্ত হওয়ার ক্ষেত্রে অপরিচিত লিংকে ক্লিক না করে জুম বা টিমসের মতো প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক অ্যাপ ব্যবহার এবং আমন্ত্রণ কোডের মাধ্যমে কলে প্রবেশের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

তবে সাইবার হামলায় জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত