২০২৩ সালে মাঠে গড়ানোর কথা ছিল ১৪তম দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের। দফায় দফায় তারিখ বদলে সেই আসর এখন চলে গেল ২০২৭ সালের সেপ্টেম্বরে। আগামী বছরের এপ্রিলে গেমসটি হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে তা আরও পাঁচ মাস পিছিয়ে দেওয়া হয়েছে।
ষষ্ঠ এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমসের সূচি বদলে যাওয়াতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ)। এক বিবৃতিতে সংস্থাটি এসএ গেমস পেছানোর কথা নিশ্চিত করেছে।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতা সর্বশেষ বসেছিল ২০১৯ সালে, নেপালের কাঠমান্ডুতে। এরপর ২০২৩ সালে ১৪তম আসর আয়োজনের প্রাথমিক পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আর আলোর মুখ দেখেনি। দফায় দফায় সূচি পরিবর্তনের এই ধারায় গেমসটি মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা তাই কাটছেই না।










