Ajker Patrika

তিন দিনের মধ্যে চূড়ান্ত হবে হামজাদের কোচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৪ মে ২০২৬, ১৯: ৫৬
তিন দিনের মধ্যে চূড়ান্ত হবে হামজাদের কোচ
হামজাদের কোচ হচ্ছেন কে জানা যাবে তিন দিনের মধ্যে। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রধান কোচ কে হচ্ছেন, তা নিয়ে জল্পনাকল্পনার অবসান ঘটতে যাচ্ছে। বাফুফের জাতীয় দল কমিটির সভা শেষে আজ জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে নতুন কোচের নাম।

সোমবার বিকেলে রাজধানীর বেরাইদস্থ ফর্টিস গ্রাউন্ডে সভা শেষে কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু জানান, কোচের পদের জন্য জমা পড়া বিপুল সংখ্যক আবেদন থেকে কয়েক দফায় বাছাই শেষে বর্তমানে ১০ জনকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে।

সাংবাদিকদের বাবু বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেক্ট করব সেটা কনফার্ম করে ফেলব।পরপর তিন দিন আমরা এই ১০ জনের সঙ্গে কথা বলব। কথা বলার পর আমরা একজনকে চূড়ান্ত করব।’

গত মাসেই শেষ হয় সাবেক কোচ হাভিয়ের কাবরেরার ৪ বছরের মেয়াদ। ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সময়সীমা থাকলেও প্রায় ৩০০ জন কোচ এই পদের জন্য আবেদন করেছিলেন। বাফুফের গঠিত যাচাইবাছাই কমিটি শুরুতে ২২ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছিল, যা আজ ১০ জনে নামিয়ে আনা হয়েছে।

বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীদের ‘প্রো-লাইসেন্স’, কাজের অভিজ্ঞতা এবং টেকনিক্যাল দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। গোলকিপিং কোচ নিয়ে বাবু বলেন, ‘আমরা প্রাধান্য দিচ্ছি আগে কোচকে। কোচের সঙ্গে আলাপ করে তাঁর যদি কোনো প্যানেল থাকে, যদি কোনো পছন্দনীয় গোলকিপিং কোচ বা ফিটনেস কোচ থাকে, সেটাকে আমরা প্রাধান্য দেব।’

জুনে মালদ্বীপে অনুষ্ঠিতব্য চার জাতি টুর্নামেন্ট এবং একই সময়ে সান মারিনোর বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। চারজাতির টুর্নামেন্টে অনূর্ধ্ব–২৩ দল পাঠানোর কথা থাকলেও মালদ্বীপের অনুরোধে জাতীয় দল পাঠাচ্ছে বাফুফে। তাই দুটি আলাদা জাতীয় দলও গঠন করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত