Ajker Patrika

জিকোকে নিয়েই দল গোছাল মোহামেডান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জিকোকে নিয়েই দল গোছাল মোহামেডান
নতুন মৌসুমে মোহামেডানে খেলবেন আনিসুর রহমান জিকো। ছবি: ফেসবুক

নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।

দল নিবন্ধনের আগে আজ মোহামেডান ক্লাব প্রাঙ্গণে খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও সমর্থকদের নিয়ে বাফুফেতে গিয়ে খেলোয়াড়দের তালিকা জমা দেয় ক্লাবটি।

মোহামেডানে যোগ দিয়ে জিকো বলেন, ‘আসলে মোহামেডান ক্লাবে এসে খুব ভালো লাগছে। এই ক্লাবে খেলার কথা ছিল আরও অনেক আগে, যখন অনুর্ধ্ব-১৯ এ খেলি। বসুন্ধরায় ছিলাম তাই আসা হয়নি। এবার বাবু (আমিরুল ইসলাম) ভাইয়ের সঙ্গে কথা হয় শুরু থেকে। প্রথম চুক্তি আমার সঙ্গেই হতো, দুর্ভাগ্য যে আমি প্রথম দিকে সাইন করতে পারিনি।’

বসুন্ধরা কিংস থেকে জিকোর সঙ্গে ফয়সাল আহমেদ ফাহিম, সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকেও দলে নিয়েছে মোহামেডান। গত মৌসুমে ঢাকা আবাহনীতে খেলা ঘরের ছেলে সুলেমান দিয়াবাতেকেও ফিরিয়েছে তারা। গত মৌসুমের বিদেশি ফুটবলার মোজাফফর মোজাফফরভ থাকছেন।

এবারের দল গঠন নিয়ে মোহামেডানের লক্ষ্য শিরোপা। ফুটবল কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ‘মোহামেডান ঐতিহ্যবাহী দল সব সময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। আমরা এবার ভালো দল গঠনের চেষ্টা করেছি, আশা করি মাঠে ফুটবলাররা সেরাটা দেবে।’

গত কয়েক মৌসুমে খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া নিয়ে আলোচনায় থাকা মোহামেডান এবার দল গঠনে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে। ক্লাব সভাপতি বরকতউল্লাহ বুলু এ জন্য ফুটবল কমিটির চেয়ারম্যান মোস্তফা কামালকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর ভাষায়, ‘ফুটবল দল গঠনে কমিটির চেয়ারম্যানের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তিনি আর্থিকভাবে সহায়তা না করলে এত বড় মাপের দল গঠন করা কঠিন হতো।’

তবে এখনো প্রধান কোচ চূড়ান্ত হয়নি। উজবেকিস্তান অথবা ডেনমার্ক থেকে কোচ আনার কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। অধিনায়কের নামও আজ ঘোষণা করা হয়নি।

মোহামেডানের এবারের স্কোয়াডে চার গোলরক্ষক, ১৪ ডিফেন্ডার, ১৪ মিডফিল্ডার ও পাঁচ ফরোয়ার্ড আছেন। জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বিদেশি ফুটবলারদের সমন্বয়ে দলটি গড়া হয়েছে।

মোহামেডান স্কোয়াড

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, সুজন হোসেন, আহসান হাবিব বিপু ও ইসমাইল হোসেন মাহিন।

ডিফেন্ডার: রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, ইসমাইল হোসেন, আজিজুল হক অনন্ত, টনি আগাবাজি, রিমন হোসেন, শাহিন আহমেদ, হাফিজুর রহমান বাবু।

মিডফিল্ডার: সোহেল রানা, মিনহাজ আবেদীন বাল্লু, মেহেদী হাসান রয়েল, রহিম উদ্দিন, জুয়েল মিয়া, রাজু আহমেদ, মুজিবুর রহমান জনি, শফিউল হোসেন, আমির হাকিম বাপ্পি, কামাল মৃধা, মেহেদী হাসান, আরিফ হোসেন, মোজাফফর মোজাফফরভ ও শাহরিয়ার ইমন।

ফরোয়ার্ড: সুলেমান দিয়াবাতে, সৌরভ দেওয়ান, ইমানুয়েল সানডে, ফয়সাল আহমেদ ফাহিম ও জয় আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত