
নানা বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ২৩তম ফুটবল বিশ্বকাপ। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ৪৮ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট চলবে প্রায় ছয় সপ্তাহ, যার ফাইনাল হবে আগামী ১৯ জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সিতে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড়। টুর্নামেন্ট থেকে রেকর্ড ১৩ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের পূর্বাভাস থাকলেও টিকিটের উচ্চমূল্য এবং ভিসা-সংক্রান্ত জটিলতা নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বিশেষ করে কিছু ম্যাচের টিকিটের মূল্য ৩০ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ায় সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে সোমালিয়ার এক রেফারি, ইরানের কয়েকজন কর্মকর্তা এবং কিছু সমর্থক দেশটিতে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিতর্ক আরও তীব্র হয়। বিশ্বকাপ শুরুর আগের দিন মেক্সিকো সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এসব সমালোচনার জবাব দেন। তাঁর দাবি, টিকিটের মূল্য নিয়ে যে সমালোচনা হচ্ছে তা পুরোপুরি বাস্তবসম্মত নয়।
ইনফান্তিনো বলেন, ‘আমি শুধু বলতে চাই, আমাদের ৬০ ডলারের প্রবেশমূল্য আমেরিকার যেকোনো ক্রীড়া আসরের প্লে-অফ পর্বের সর্বনিম্ন টিকিট মূল্য। আমাদের গড় টিকিট মূল্য ৫০০ ডলারের নিচে, যা আমেরিকার বড় ক্রীড়া আসরগুলোর তুলনায় গড় হিসেবেও সবচেয়ে কম।’
ভিসা জটিলতা প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া সোমালিয়ার রেফারি ওমর আরতানের ঘটনায় দুঃখ প্রকাশ করলেও বিষয়টি ফিফার নিয়ন্ত্রণের বাইরে বলে মন্তব্য করেন তিনি, ‘সোমালিয়ার রেফারির সঙ্গে যা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা সব সমস্যা সমাধানের চেষ্টা করি। কখনো কখনো শান্ত থেকে কাজ করাই সবচেয়ে কার্যকর উপায়।’
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনার মধ্যেও ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হওয়াকে ফিফার সাফল্য হিসেবে তুলে ধরেন ইনফান্তিনো। তিনি বলেন, ‘অনেকে বলছিল ইরান বিশ্বকাপে আসতে পারবে না। পরিস্থিতি সহজ ছিল না। কিন্তু এই অবস্থার মধ্যেও ইরানকে বিশ্বকাপে খেলতে আনার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও সম্প্রতি আলোচনা হয়েছে। ফিফা প্রধানের দাবি—ট্রাম্পের সহযোগিতা ছাড়া যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হতো না, ‘ট্রাম্পের সম্পৃক্ততা ও সহযোগিতা ছাড়া যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন, সহজভাবে বললে, অসম্ভব ছিল।’
অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বকাপের কয়েকটি ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনা করছেন। বুধবার তিনি বলেন, ‘আজ সকালে ইনফান্তিনোর সঙ্গে কথা হয়েছে। সে বলেছে, এই টুর্নামেন্টের সাফল্যের কাছাকাছি আগে কখনো কিছু ছিল না।’
এদিকে উদ্বোধনী ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস স্বীকার করেছেন, এস্তাদিও আজতেকার গ্যালারিতে থাকা হাজারো মেক্সিকান সমর্থকের চাপে খেলতে হবে তাঁর দলকে। তিনি বলেন, ‘৮৫ হাজার মেক্সিকান চিৎকার করবে, গান গাইবে। কিন্তু আমাদের নিজেদের খেলায় মনোযোগ ধরে রাখতে হবে। সেটা পারলে আমরা ভালো ম্যাচ খেলতে পারব।’
মেক্সিকোর জন্যও উদ্বোধনী ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাতবার খেলেও এখনো জয় পায়নি দলটি। সেই আক্ষেপ ঘোচাতে চান কোচ হাভিয়ের আগিরে, ‘আমাদের এই পরিসংখ্যান বদলাতে হবে। আমি বিষয়টি খেলোয়াড়দের জানাব। এটি তাদের জন্য বাড়তি প্রেরণা হবে।’
বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে গুয়াদালাহারায় মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারটি হিসেবে মনে করা হচ্ছে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, পর্তুগাল, ব্রাজিলের মতো ওপরের সারির দলগুলোকে। তবে অনেকের চাওয়া, জায়ান্টদের পেছনে ফেলে এবারের বিশ্বকাপ উঠুক অন্য কোনো দলের হাতে।

সবকিছু ঠিকঠাকই চলছিল। মিরপুরে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশ। গ্যালারিতেও তখন দর্শকদের উল্লাসধ্বনি। ঠিক এই সময়ে বাদ সাধল বৃষ্টি।
৩৭ মিনিট আগে
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে এবারের বিশ্বকাপ শুরু হবে। তার ঠিক আগে কিলিয়ান এমবাপ্পে এবং মাইকেল ওলিসেকে নিয়ে অস্থিরতা চলছে ফ্রান্স দলে। সাময়িকভাবে ফরাসিদের বিশ্বকাপ ক্যাম্প ছেড়েছিলেন এই দুজন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে পূর্বনির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এখন শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
২ ঘণ্টা আগে
আবারও সেই জুন মাস, আবারও বিশ্বমঞ্চে মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াই। তবে এবার দৃশ্যপট ভিন্ন। ঠিক ১৬ বছর আগে ২০১০ বিশ্বকাপে জোহানেসবার্গের সকার সিটিতে সিফিউই শাবালালার সেই চোখ ধাঁধানো গোলের পর রাফায়েল মার্কেসের সমতায় ফেরার গল্প আজও ফুটবলপ্রেমীদের স্মৃতির পাতায় অমলিন।
৪ ঘণ্টা আগে