
দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো পদ্মা সেতু এবার শুধু বিদ্যুৎ ব্যবহারই করছে না, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহও করছে। পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২-এ স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে গত মে মাসে জাতীয় গ্রিডে ৫৪ হাজার কিলোওয়াট ঘণ্টা (ইউনিট) বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২-এ ২ দশমিক ৪৯ মেগাওয়াট পিক ক্ষমতার একটি আধুনিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও চালু করা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব পরিচালনা নিশ্চিত করা হচ্ছে।
সেতু কর্তৃপক্ষ জানায়, সৌরবিদ্যুৎ প্রকল্পটি ‘নেট মিটারিং’ পদ্ধতিতে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত। দিনের বেলায় উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সার্ভিস এরিয়ার নিজস্ব চাহিদা পূরণ করে। এরপর অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। অন্যদিকে রাতের বেলা বা মেঘলা দিনে প্রয়োজনীয় বিদ্যুৎ গ্রিড থেকে গ্রহণ করা হয় এবং উভয় হিসাব সমন্বয় করা হয়।
তথ্য অনুযায়ী, গত মে মাসে জাতীয় গ্রিডে ৫৪ হাজার ইউনিট বিদ্যুৎ-সরবরাহের বিপরীতে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ব্যবহার করা হয়েছে ৩৪ হাজার ইউনিট। ফলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের হিসাবে প্রায় ২০ হাজার ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হয়েছে।
সৌরবিদ্যুতের এই সুবিধার প্রভাব পড়েছে বিদ্যুৎ বিলেও। জুন ২০২৬ মাসে সার্ভিস এরিয়া-২-এর জন্য কোনো বিদ্যুৎ বিল আসেনি। কেবল ডিমান্ড চার্জ বাবদ ৭৫ হাজার ৭১৪ টাকা পরিশোধ করতে হয়েছে। অথচ মে মাসে একই স্থাপনার বিদ্যুৎ বিল ছিল ৫ লাখ ২১ হাজার ৬৪ টাকা।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, পদ্মা সেতুর মতো একটি জাতীয় স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির সফল প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু বিদ্যুৎ ব্যয় কমাচ্ছে না, পরিবেশ সংরক্ষণ ও কার্বন নিঃসরণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আবদুর রউফ আরও বলেন, সরকারের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নীতি বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ কার্যকর অবদান রাখবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ ও ৩ মিলিয়ে মোট ৬ দশমিক ০৩ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সার্ভিস এরিয়া-২-এর প্রকল্প চালু হয়েছে এবং সার্ভিস এরিয়া-১ ও ৩-এ নেট মিটারিং কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ বাহিনীর বিশেষ ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অতীতের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) উত্তরসূরি হিসেবেই বিবেচিত হতে পারে বলে মনে করছেন কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। এ কারণে নাম নতুন হলেও বাহিনীটি আন্তর্জাতিক নজরদারি বা নিষেধাজ্ঞার ঝুঁকিমুক্ত থাকবে না...
২ ঘণ্টা আগে
বেতন জটিলতায় পড়েছেন যুগ্ম জেলা জজ পদমর্যাদার ১৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। দুই মাস বেতন না পাওয়ার পর তৃতীয় মাসেও জটিলতার আশঙ্কায় রয়েছেন তাঁরা। দ্রুত বেতনসংক্রান্ত জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন এই বিচারকেরা।
৬ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় ইস্যুর আবেদন করছেন। পাসপোর্ট একটি সংবেদনশীল ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহারের মাধ্যমে মানব পাচার, অবৈধ প্রবেশ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
৭ ঘণ্টা আগে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের ওপর তেমন পড়বে না। অসাধু ব্যবসায়ীরা যাতে এই দাম বাড়ার সুযোগ নিতে না পারে, সে জন্য বাজার তদারকি বাড়াবে সরকার।
৭ ঘণ্টা আগে