Ajker Patrika

বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্স দলে অস্থিরতা

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্স দলে অস্থিরতা
ফ্রান্সের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৭ জুন। ছবি: সংগৃহীত

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে এবারের বিশ্বকাপ শুরু হবে। তার ঠিক আগে কিলিয়ান এমবাপ্পে এবং মাইকেল ওলিসেকে নিয়ে অস্থিরতা চলছে ফ্রান্স দলে। সাময়িকভাবে ফরাসিদের বিশ্বকাপ ক্যাম্প ছেড়েছিলেন এই দুজন।

কোচিং স্টাফের অনুমতি নিয়েই ক্যাম্প ছেড়েছিলেন এমবাপ্পে ও ওলিসে। তবে সমস্যাটা অন্য জায়গায়। তাঁদের চলে যাওয়াটা ভালোভাবে নিতে পারেনি সতীর্থরা। আরএমসি এবং ৯০ মিনিটের বরাতে টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ (যেখানে ফ্রান্স ৩–১ গোলে জয় পায়) শেষে দুজন খেলোয়াড় সাময়িকভাবে ক্যাম্প ত্যাগ করেন। কোচিং স্টাফের অনুমতি থাকলেও বিশ্বকাপের খুব কাছাকাছি সময় হওয়ায় এমবাপ্পে ও ওলিসের চলে যাওয়ায় বেশ বিরক্ত ফ্রান্সের অন্যান্য ফুটবলাররা।

এই ঘটনায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এমবাপ্পে। এমনিতেই দলে তাঁর অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছিল। সাম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এনগোলো কান্তের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এড়িয়ে যান এমবাপ্পে। যা ড্রেসিংরুমে সম্ভাব্য দূরত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এ ছাড়া লেকিপের প্রতিবেদনে উসমান দেম্বেলের সঙ্গে এমবাপ্পের কথোপকথনের কথাও উঠে আসে। সেখানে রিয়াল মাদ্রিদ তারকা নাকি দেম্বেলেকে আরও বেশি রক্ষণাত্মক দায়িত্ব এবং দলগত প্রেসিংয়ে অংশগ্রহণ বাড়ানোর পরামর্শ দেন।

বিশ্বকাপের ‘আই’ গ্রুপে পড়েছে ফ্রান্স। গ্রুপে দুইবারের চ্যাম্পিয়নদের বাকি প্রতিপক্ষরা হলো সেনেগাল, ইরাক ও নরওয়ে। ১৭ জুন নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দিদিয়ের দেশমের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত