Ajker Patrika

‘আইপিএল হাস্যকর এক টুর্নামেন্ট হয়ে গেছে’

ক্রীড়া ডেস্ক    
‘আইপিএল হাস্যকর এক টুর্নামেন্ট হয়ে গেছে’
রোহিত শর্মা ও রায়ান রিকেলটনের ১৪৩ রানের জুটি মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের ভিত গড়ে দিয়েছে। ছবি: ক্রিকইনফো

এখন আর কেউ বোলার হতে চাইবেন না—সামাজিক মাধ্যমে অনেক দিন ধরেই এমন একটা কথা ভেসে বেড়াচ্ছে। আইপিএলের কারণেই যে কথাটা বলা, সেটা আর বুঝতে বাকি নেই। ২০০ তো এখন কোনো লক্ষ্যই মনে করা হয় না। যেভাবে ভিডিও গেমসের মতো চলছে, তাতে ২৫০ রানও নিরাপদ নয়।

নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২২৯ রানের লক্ষ্য তাড়া করে মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল রাতে জিতেছে। ওয়াংখেড়েতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মুম্বাই জিতেছে ৮ বল হাতে রেখে। মূলত রিকেলটন-রোহিত শর্মার ৬৫ বলে ১৪৩ রানের উদ্বোধনী জুটিতেই মুম্বাই জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও রোহিত-রিকেলটন কেউই তিন অঙ্ক ছুঁতে পারেনি। ৩২ বলে ৬ চার ও ৮ ছক্কায় ৮৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রিকেলটন। উইকেটরক্ষক হিসেবে দুটি ক্যাচও ধরেছেন তিনি।

কদিন আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৪৩ রান করেও জিততে পারেনি মুম্বাই। গত রাতে ওয়াংখেড়েতে ২২৯ রানের লক্ষ্য তাড়া করে মুম্বাই আয়েশি ম্যাচ জিতেছে। ভিডিও গেমসের মতো হয়ে যাওয়ায় আইপিএল রিকেলটনের কাছে হাস্যকর মনে হচ্ছে। ম্যাচসেরার পুরস্কার পেয়ে দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আইপিএল এখন হাস্যকর হয়ে গেছে। এই রান তাড়া করে জয়ের ঘটনা দেখা যাচ্ছে অহরহ। তিন নম্বর থেকে সাত, আট, নয় পর্যন্ত আমাদের দলে যে শক্তি আছে, তাতে একটা ভালো ভিত্তি তৈরি করতে পারলেই কাজ হয়ে যায়।’

পাঁচ ম্যাচ বসে থাকার পর গত রাতে ফিরে বিধ্বংসী ইনিংস খেলেছেন রোহিত। লেগস্পিনার রঘু শর্মার ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নেমে ৪৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৮৪ রান করেছেন। শুধু রোহিতই নন, রিকেলটনের ব্যাটিং দেখেও মনে হচ্ছিল চারের চেয়ে ছক্কা মারা সহজ। রোহিতকে প্রশংসায় ভাসিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিকেলটন বলেন, ‘রোহিত মুম্বাইয়ের সেরা। ভারতের অন্যতম সেরা। আমরা দুজন একসঙ্গে বেশ ভালোভাবে খেলতে পারি।’

আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত ৫১ বার ২০০ বা তার বেশি রান তাড়া করে জয়ের ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের ইতিহাসে সর্বোচ্চ দুটি রান তাড়া করে জয় এসেছে এবারই। এর আগে গত ২৯ মার্চ ওয়াংখেড়েতেই কলকাতার দেওয়া ২২১ রানের লক্ষ্য তাড়া করে জেতে মুম্বাই। ১০ ম্যাচে ৩ জয় ও ৭ হারে ৬ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের ৯ নম্বরে মুম্বাই।

রিকেলটন এবারের আইপিএলে রীতিমতো উড়ছেন। ৫৪.২৮ গড় ও ১৯০.৯৫ স্ট্রাইকরেটে ৩৮০ রান করে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১ সেঞ্চুরি ও ২ ফিফটি করেছেন। ৪৪০ রান করে সবার ওপরে অভিষেক শর্মা। দুই, তিন, চার ও পাঁচে থাকা লোকেশ রাহুল, হাইনরিখ ক্লাসেন, বৈভব সূর্যবংশী ও সাই সুদর্শনের রান ৪৩৩, ৪২৫, ৪০৪ ও ৩৮৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত