পাকিস্তানি ক্রিকেটারকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

যেখানেই উইকেট, সেখানেই লিটন দাস—ব্যাপারটা যেন এমনই। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিবার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ক্যাচ ধরার পাশাপাশি স্টাম্পিংও করেছেন তিনি। প্রোটিয়াদের ৯ উইকেটের মধ্যে আটটিতেই তাঁর অবদান রয়েছে। দুর্দান্ত উইকেটকিপিংয়ে বিশ্ব রেকর্ডটা লিটন নিজের করে নিয়েছেন। ভেঙেছেন ৪৭ বছরের পুরোনো এক রেকর্ড।
উইকেটের পেছনে লিটন কতটা ভরসাযোগ্য হয়ে উঠেছেন, সেটার প্রমাণ দিয়েছেন জোহানেসবার্গে। ধরেছেন ৬ ক্যাচ। দুটি স্টাম্পিং করেছেন। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ আট ডিসশিসালের বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি করে ডিসমিসালের কীর্তি ছিল চারজনের। পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের জশুয়া ডা সিলভায় এই তালিকায় যৌথভাবে দুইয়ে রয়েছেন। তাদের মধ্যে সিলভার কীর্তিটাই সাম্প্রতিক। বাকিগুলো ঘটেছে ৩০-৪০ বছরেরও বেশি সময় আগে। ২০২৩ সালে সিলভা সাত ডিসমিসাল করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম তিন দিনের মধ্যেই ৬ ক্যাচ ধরে রেকর্ডটা নিজের করে নিয়েছিলেন লিটন। তাতে টেস্টে বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ ক্যাচ ধরার রেকর্ড ভেঙে দিয়েছিলেন। এই কীর্তি এর আগে ছিল মুশফিকের দুইবার ও লিটনের একবার। আজ চতুর্থ দিনে লিটন দুটি স্টাম্পিং করেছেন। দুটি উইকেটই নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম ইনিংসে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদার রান ছিল ৫। রায়ান রিকেলটন করেছিলেন ৫৬ রান। আজ দুজনে খেলতে থাকেন সাবলীলভাবে। যদিও বেশ কয়েকবার বল তাঁদের ব্যাটের কানায় লেগে স্লিপ, গালি এলাকার আশপাশ দিয়ে গিয়েছে। তবে ‘ভাগ্য সব সময় সাহসীদের পক্ষে’ বলেও তো একটা কথা আছে। দুজনে রান করতে থাকেন হেসেখেলে। মিরাজ-হাসান মাহমুদ-তাসকিন আহমেদদের নির্বিষ বোলিংয়ে কোনোরকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি স্বাগতিকদের।
এরই মধ্যে বাংলাদেশ তাদের সবগুলো রিভিউ শেষ করে ফেলেছে। যার মধ্যে গত পরশু দ্বিতীয় দিনেই হাসান মাহমুদের এক ওভারে দুটি রিভিউ নষ্ট হয়েছে। আজ হাতে থাকা একটা রিভিউ নষ্ট করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। ১১২তম ওভারের শেষ বলে রিকেলটনের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন মিরাজ। আম্পায়ার সাড়া দেননি। লিটন-মিরাজের সঙ্গে আলোচনা করে শান্ত একেবারে শেষ মুহূর্তে রিভিউ নিয়েছেন। রিভিউ নষ্ট হওয়ার আগেই রিকেলটন পূর্ণ করেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি।
সেঞ্চুরির পর অবশ্য স্কোর বড় করতে পারেননি রিকেলটন। ১১৪তম ওভারের প্রথম বলে মিরাজকে তুলে মারতে যান রিকেলটন। ক্ষিপ্রতার সঙ্গে স্টাম্পিং করে লিটন সাত ডিসমিসাল করে বিশ্ব রেকর্ডে ভাগ বসান। ১৬৫ বলে ১৩ চার ও ১ ছক্কায় তিনি করেন ১০২ রান। কিছুক্ষণ পর অষ্টম ডিসমিসাল করে রেকর্ডটা নিজের করে ফেলেছেন লিটন। যেখানে ১১৬তম ওভারের দ্বিতীয়, তৃতীয় বলে টানা দুটি ছক্কা মারেন রাবাদা। চতুর্থ বলে উইকেট ছেড়ে বেরিয়ে আসতে যান রাবাদা। সেই সুযোগে স্টাম্পিং করে বসেন লিটন। দ্রুত ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা পরিণত হয় ১১৫.৪ ওভারে ৯ উইকেটে ৫১৩ রানে। শেষ উইকেটে আরও ৪৪ রান যোগ করেছে সফরকারীরা।










