Ajker Patrika

ভারতীয় ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২২: ৩২
ভারতীয় ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি
শাস্তি পেলেন ভারতের পেসার গুরনুর ব্রার। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রিকেটারের সঙ্গে বাজে আচরণের শাস্তি পেয়েছেন ভারতের পেসার গুরনুর ব্রার। আচরণবিধির লেভেল-১ ধারা ভঙ্গের দায়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। পাশাপাশি পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্টও।

গত শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। কিউইদের ইনিংসের ১২তম ওভারে ওপেনার টিম সাইফার্ট আউট হওয়ার পর এ ঘটনা ঘটে। উইকেট পাওয়ার পর ব্রার আক্রমণাত্মক ভঙ্গিতে উদ্‌যাপন করেন, যা ব্যাটারকে অপমানিত করার পাশাপাশি পাল্টা আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে বলে মনে করেছে আইসিসি।

ব্রারের এই আচরণ আইসিসির খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফের আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর তাঁকে অপমানিত করা কিংবা উসকানিমূলক আচরণের মাধ্যমে আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টির বিষয়টি এই ধারায় নিষিদ্ধ।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।এ নিয়মে ব্রারকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। সেই সঙ্গে তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

গত ২৪ মাসের মধ্যে এটি ব্রারের দ্বিতীয় অপরাধ। এতে নতুন করে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় তাঁর মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে।

নিজের অপরাধ স্বীকার করে আইসিসির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন ব্রার। এতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এমিরেটস আইসিসি আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেওয়া শাস্তি গ্রহণ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত