
দিল্লি থেকে কলম্বো বিমানভাড়া দেড় লাখ রুপি ছুঁই ছুঁই। ইসলামাবাদ থেকে যেতে খরচ আরও বেশি। কলম্বোয় রাত্রিনিবাসের জন্যও গুনতে হবে লাখ রুপি। এটিকে আকাশছোঁয়া বিলাসিতা মনে হতে পারে, কিন্তু ক্রিকেটপ্রেমীদের কাছে এ যেন পরম আরাধ্যযাত্রা। উপলক্ষ—১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ। মাঠের লড়াই শুরুর আগেই এর বাইরের এই উন্মাদনা বলে দিচ্ছে, কেন এটিকে ‘ক্রিকেটের মহাযুদ্ধ’ বলা হয়।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) চেয়েছে, উপমহাদেশের বোর্ডপ্রধানেরা যেন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মাঠে বসে উপভোগ করেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছিল আইসিসি। কিন্তু বিসিবি সভাপতি কলম্বোয় যাচ্ছেন না বলে এখন পর্যন্ত জানা গেছে।
কিছুদিন আগেও সপ্তাহজুড়ে অনিশ্চয়তার কালো মেঘ জমেছিল এই ম্যাচ ঘিরে। রাজনৈতিক টানাপোড়েনে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জনের হুমকি দিয়েছিল। তবে শেষ মুহূর্তে পাকিস্তানকে মানিয়ে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারায় হাঁপ ছেড়ে বেঁচেছে আইসিসি। আর্থিক ক্ষতির যে শঙ্কা ছিল, তা-ও দূর করতে পেরেছে। পাকিস্তানের জন্য এই ম্যাচের আগে বড় টনিক হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের ৩২ রানের জয়। নেদারল্যান্ডসের পর যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দুই জয়ে রীতিমতো উড়ছে পাকিস্তান। বিশেষ করে ওপেনার সাহিবজাদা ফারহানের ব্যাট যেন চওড়া হয়ে উঠেছে ঠিক সময়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতা এই ব্যাটার ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। ফারহান জানিয়েছেন, পরিসংখ্যান যা-ই বলুক, এবার তারা শুধু জয়ের জন্যই মাঠে নামবেন। তিনি বলেন, ‘এশিয়া কাপসহ ভারতের বিপক্ষে আগের ম্যাচগুলোতে আমরা যে মানসিকতা নিয়ে খেলেছিলাম, এবারও ঠিক সেই ইতিবাচক ও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামব।’
পাকিস্তানের এই আত্মবিশ্বাসে বাড়তি হাওয়া দিচ্ছেন স্পিনার উসমান তারিক। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩টি উইকেট শিকার করা এই বোলার অতীতের পরিসংখ্যানকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন। আইসিসি টুর্নামেন্টে ভারতের দাপট নিয়ে তারিক সাফ জানিয়েছেন, ‘নব্বইয়ের দশকে এবং তার আগে আমরা নিয়মিত ভারতকে হারাতাম। তাই শুধু সাম্প্রতিক রেকর্ড বা আইসিসি ইভেন্টের রেকর্ড দেখবেন না, আমরা একসময় ঘন ঘন তাদের বিপক্ষে জিততাম।’
তবে পরিসংখ্যান কিন্তু এখনো পাকিস্তানের বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আটবারের লড়াইয়ে পাকিস্তান জিতেছে মাত্র একবার। ওয়ানডে বিশ্বকাপে তো ভারতের বিপক্ষে জয়ের খাতাটাই এখনো খুলতে পারেনি তারা। তবে বর্তমান অধিনায়ক সালমান আগার অধীনে দলটি নতুনভাবে স্বপ্ন দেখছে।
কলম্বোর আকাশছোঁয়া হোটেলভাড়া বা বিমানের উচ্চমূল্য—কোনো কিছুই দমাতে পারছে না দর্শকদের। প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে—এতে কোনো সন্দেহ নেই। ক্রিকেটপ্রেমীদের কাছে এটি শুধু একটি ম্যাচ নয়, বরং আবেগের বিস্ফোরণ। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসবে, তা সময় বলে দেবে। তবে সাহিবজাদা ফারহান আর উসমান তারিকদের হুংকার বলে দিচ্ছে, ভারতের জন্য এবারের পথটা মোটেও মসৃণ হতে দেবে না পাকিস্তান।

প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। শিরোপা নিশ্চিতের জন্য এতটুকুই যথেষ্ট। তবু না জিতলে কি আর আনন্দ পূর্ণতা পায়? রাজশাহী স্টারস তাই অপূর্ণ কিছুই রাখল না। বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-০ গোলে হারিয়ে মেয়েদের লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। ১০ ম্যাচের ১০টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
২০ মিনিট আগে
টি-টোয়েন্টিতে প্রথম দেখাতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। কেপটাউনে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে। সেই ম্যাচের পর মাত্র দুবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া। সেই দুটিতে অবশ্য হেরেছে জিম্বাবুয়ে।
৩৭ মিনিট আগে
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে পাত্তাই পায়নি বার্সেলোনা। ৪-০ গোলে হারই বলে দিচ্ছে অনেক কিছু। সবেধন নীলমণি হয়ে যে গোলটি বার্সা পেয়েছিল, সেটা বাতিল করতে দীর্ঘ সময় লেগেছে।
১ ঘণ্টা আগে
ফুটবলে তারা চারবারের চ্যাম্পিয়ন। কিন্তু ক্রিকেটে বিশ্বকাপ জয় তো দূরে থাক। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে৷ ইতালি সম্পর্কে যে কথাটা বলা, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। আর নিজেদের প্রথম আইসিসি ইভেন্টেই তারা ঘটাল অঘটন। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে নবাগত এই দল।
১৭ ঘণ্টা আগে