Ajker Patrika

ড্রেসিংরুমে ই-সিগারেট টেনে শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৫: ৫২
ড্রেসিংরুমে ই-সিগারেট টেনে শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার
ড্রেসিংরুমে ই-সিগারেট টেনে শাস্তি পেলেন রিয়ান পরাগ। ছবি: সংগৃহীত

ম্যাচ চলা অবস্থায় ড্রেসিংরুমে রিয়ান পরাগের ই-সিগারেট টানার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। তখন থেকেই তাঁর শাস্তির ব্যাপারে চলছিল আলাপ-আলোচনা। এবার তাঁকে জরিমানার পাশাপাশি দেওয়া হয়েছে ডিমেরিট পয়েন্টও।

রাজস্থান রয়্যালস অধিনায়ক পরাগকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন ভারতীয় এই তরুণ ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ এক বিবৃতিতে জানিয়েছে, পরাগ আইপিএলের আচরণবিধির ২.২১ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। ম্যাচকে অসম্মানজনক অবস্থায় ফেলার কারণে এমন শাস্তি পেয়েছেন পরাগ। ম্যাচ রেফারি অমিত শর্মা তাঁকে (পরাগ) শাস্তি দিয়েছেন। দোষ স্বীকার করে নেওয়ায় পরাগের আর শাস্তির প্রয়োজন হয়নি।

পরাগের ঘটনা ঘটেছে পরশু নিউ চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে। পাঞ্জাবের দেওয়া ২২৩ রান যখন তাড়া করছিল রাজস্থান রয়্যালস, তখন হঠাৎ ক্যামেরার লেন্স খুঁজে নেয় পরাগকে। টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, ড্রেসিংরুমে বসে ই-সিগারেট টানছেন তিনি। আইপিএলের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, তাতে ভবিষ্যতে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে বিসিসিআই। এর আগে ম্যাচ চলাকালে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের জন্য ১ লাখ রুপি জরিমানা করা হয়েছিল রাজস্থানের ম্যানেজার রবিন্দর সিং ভিন্দারকে।

ভারতে ২০১৯ সালের আইনে ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ। উৎপাদন, আমদানি, বিক্রি ও সংরক্ষণের পাশাপাশি ব্যক্তিগতভাবে ব্যবহারও শাস্তিযোগ্য অপরাধ। এই আইনের আওতায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ লাখ রুপি জরিমানা ও কারাদণ্ড হতে পারে।

পরাগের ই-সিগারেট টানার ম্যাচে রাজস্থান ৬ উইকেটের জয় পেয়েছে। পাঞ্জাব কিংসের দেওয়া ২২৩ রানের লক্ষ্য তাড়া করে ৪ বল হাতে রেখে জিতেছে রাজস্থান। ২৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ডোনোভান ফেরেইরা। ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পাঞ্জাব কিংস। দুই, তিন ও চারে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের পয়েন্ট ১২। শুধু নেট রানরেটের কারণে অবস্থান ভিন্ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত