Ajker Patrika

‘ভারতের বিপক্ষে খেলতে নামলেই বাড়তি আগ্রাসন চলে আসে’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৫: ৫৫
‘ভারতের বিপক্ষে খেলতে নামলেই বাড়তি আগ্রাসন চলে আসে’
হাসান নাওয়াজ। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দুই দলের ক্রিকেটারদের বাড়তি প্রতিদ্বন্দ্বিতা। এই দ্বৈরথে নতুন মুখ হলেও হাসান নাওয়াজও এর ব্যতিক্রম নন। পাকিস্তানের এই তরুণ ব্যাটার জানালেন, চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে খেলতে নামলেই বাড়তি আগ্রাসন চলে আসে তাঁর ভেতর।

ভারতের বিপক্ষে ম্যাচকে আলাদা আবেগ, বাড়তি প্রেরণা হিসেবেই দেখেন নাওয়াজ। স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘ভারতের বিপক্ষে খেললে অবশ্যই বাড়তি উৎসাহ কাজ করে। মনে হয় তাদের বোলারদের ওপর বেশি আক্রমণ চালাতে হবে। সত্যি বলতে, আমি তাদের সব বোলারকেই অপছন্দ করি। ইনশা আল্লাহ সুযোগ পেলে সামনে আরও তা করে দেখাতে চাই।’

আধুনিক ক্রিকেটে নির্দিষ্ট কোনো বোলারকে টার্গেট করার চেয়ে ম্যাচ পরিস্থিতিই বেশি গুরুত্বপূর্ণ—এটা মেনেই ব্যাটিং করেন নাওয়াজ। ২৩ বছর বয়সী এই ব্যাটারের মতে, রান তাড়ার সময় নিজের ইচ্ছা নয়, প্রয়োজনীয় রানরেটই ব্যাটিং কৌশল ঠিক করে দেয়। নওয়াজ বলেন, ‘এভাবে কাজ করে না। সবকিছুই পরিস্থিতির ওপর নির্ভর করে। যেমন, যদি প্রতি ওভারে ১০, ১২ বা ১৫ রান দরকার হয়, তাহলে বোলার যে-ই হোক না কেন, যত বেশি সম্ভব রান তোলার চেষ্টা করতে হবে। এই পর্যায়ে সব খেলোয়াড়ই বিশ্বমানের। তাই সবার বিপক্ষেই পরিকল্পনা করা হয়। নির্দিষ্ট কোনো বোলারকে আলাদা করে টার্গেট করার বিষয় নেই।’

২০২৫ সালের মার্চে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় নাওয়াজের। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২৫ ম্যাচের ২৪ ইনিংসে ব্যাট হাতে করেছেন ৪৫৭ রান। ব্যাটিং গড় ২০.৭৭ এবং স্ট্রাইক রেট ১৫৪.৩৯। একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি ফিফটি আছে তাঁর নামের পাশে। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত একবারই খেলার সুযোগ হয়েছে নাওয়াজের। সে ম্যাচে মাত্র ৫ রান করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত