Ajker Patrika

বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপে ওঠার পর দুঃসংবাদ পেলেন আফগান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপে ওঠার পর দুঃসংবাদ পেলেন আফগান ক্রিকেটার
আইসিসির শাস্তি পেলেন আজমতউল্লাহ ওমরজাই। ছবি: সংগৃহীত

বেলফাস্টে গত পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে আফগানিস্তান। আফগানদের সঙ্গে বিশ্বকাপে উঠেছে অস্ট্রেলিয়াও। সুখবরের ২৪ ঘণ্টা না পেরোতেই দুঃসংবাদ পেলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

ওমরজাইয়ের শাস্তি অবশ্য শুক্রবার ব্রেডিতে অনুষ্ঠিত আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডের ঘটনাকে কেন্দ্র করে। সেদিনের ঘটনায় গতকাল আফগান অলরাউন্ডারকে শাস্তির কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আনুষ্ঠানিকভাবে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে ওমরজাইয়ের নামের পাশে। আচরণবিধির লেভেল-১ ভঙ্গের শাস্তিই মূলত পেয়েছেন আফগান অলরাউন্ডার।

আইসিসির খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের আচরণবিধির ২.৮ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে ওমরজাইয়ের বিরুদ্ধে। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা আপত্তি প্রকাশ করার সঙ্গে সম্পর্কিত। আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডের মাঠের দুই আম্পায়ার গ্যারেথ মরিসন ও রলি ব্ল্যাক, তৃতীয় আম্পায়ার জনি কেনেডি এবং চতুর্থ আম্পায়ার জর্জ ব্রলি অভিযোগ এনেছেন। ম্যাচ রেফারি ডিন কসকার শাস্তি দিয়েছেন ওমরজাইকে। আফগান অলরাউন্ডার দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

শুক্রবার বৃষ্টির কারণে আয়ারল্যান্ড-আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডের দৈর্ঘ্য কমে আসে ৪৭ ওভারে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া আফগানদের ইনিংসের ৪১তম ওভারে ওমরজাই আউট হয়েছিলেন। আয়ারল্যান্ডের বাঁহাতি পেসার জয় মুন্দ্রার বলে কট বিহাইন্ড হয়েছিলেন ওমরজাই। আউট হওয়ার পরও দীর্ঘক্ষণ পিচে দাঁড়িয়েছিলেন এবং আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করে অঙ্গভঙ্গি করেছিলেন। সেই ম্যাচে আফগানিস্তান জিতেছিল ৯২ রানে।

গত পরশু বেলফাস্টে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জিতে আফগানিস্তান ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিতের পাশাপাশি সিরিজ জয়ের পথেও অনেকটা এগিয়ে গিয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে আফগানরা। আফগানিস্তানের পাশাপাশি বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং বিশ্বকাপের দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে।

আইসিসির লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এই প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট পেলেন ওমরজাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত