
রাজনৈতিক অস্থিরতার জেরে এমনিতেই ভারতের বাংলাদেশ সফর নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আগামী মাসে বাংলাদেশ-ভারত সিরিজ যে হচ্ছে না, সেটা এক রকম নিশ্চিত।
সূচি অনুযায়ী, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৮ আগস্ট ঢাকায় আসার কথা ভারতীয় দলের। সাদা বলের ম্যাচ ছয়টি হওয়ার কথা ১ থেকে ১৩ সেপ্টেম্বর। কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের সিরিজের সূচি চূড়ান্ত হওয়ায় আরও একদফা পিছিয়ে যাওয়ার পথে ভারতের বাংলাদেশ সফর।
আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতে হলেও সিরিজটির আয়োজক এসিবি।
এসিবির এই ঘোষণায় এখন কার্যত ভারতের বাংলাদেশ সফরের সম্ভাবনা শেষ হয়ে গেল। বিসিবির প্রস্তাবিত সূচির আর তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকায় এখন বাংলাদেশ সিরিজ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে—যদি না শেষ মুহূর্তে দুই দেশের সরকার থেকে কোনো নির্দেশনা আসে।
বাণিজ্যিক অংশীদারদের কাছে এসিবির পাঠানো চিঠি হাতে পেয়েছে ক্রিকবাজ। সেখানে নাসিব খান বলেন, ‘এসিবি নিশ্চিত করছে যে ২০২৬ সালের আফগানিস্তান-ভারত সফর (ইভেন্ট) ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসিবি আরও নিশ্চিত করছে যে ইভেন্টটির তারিখ বিসিসিআইয়ের সঙ্গে নিশ্চিত ও সম্মত হয়েছে এবং নির্ধারিত ম্যাচগুলোর ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে।’
সে চিঠিতে আরও বলা হয়েছে, ‘ইভেন্টটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে ঘোষণা এখনো দেওয়া হয়নি। তবে ২০২৬ সালের আফগানিস্তান-ভারত সফরের নির্ধারিত তারিখ ও ভেন্যু সম্পর্কে আনুষ্ঠানিক নিশ্চয়তা হিসেবে এসিবি এই চিঠি দিচ্ছে। সে অনুযায়ী সব মিডিয়া স্বত্বাধিকারী ওপরের সূচি অনুযায়ী আগাম পরিকল্পনা, সময়সূচি ও সম্প্রচার কার্যক্রম, সম্পদ বণ্টন, প্রচারণামূলক কর্মকাণ্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রস্তুতি এগিয়ে নিতে পারে।’
বাংলাদেশ-ভারত সিরিজটি হওয়ার কথা ছিল গত বছরের আগস্টে। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের জেরে সে সময় বাংলাদেশ সফর করেনি প্রতিবেশী দলটি। দুই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার চিত্রও ভালো নয়। এমতাবস্থায় বিসিবি ও বিসিসিআই চাইলেও সিরিজটি আয়োজন করতে পারছে না। বিষয়টি ভারত সরকারের কাছে ছেড়ে দিয়েছে বিসিসিআই।

ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩–০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
২১ মিনিট আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৫ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ চারে উঠার মিশনে মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে লিটন দাসের দল।
৭ ঘণ্টা আগে