Ajker Patrika

বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২: ১৪
বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান
একসঙ্গে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ-আফগানিস্তান। ছবি: ক্রিকইনফো

আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশেরও উপকার করল আফগানিস্তান। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি উঠল এশিয়ার দুই দল।

বেলফাস্টে গতকাল তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করল আফগানিস্তান। আফগানদের সঙ্গে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং বিশ্বকাপের দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে। বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে আফগানিস্তান। ৯ ও ১০ নম্বরে থাকা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৩ ও ৭৭। যেহেতু বিশ্বকাপের এক আয়োজক দক্ষিণ আফ্রিকা চার নম্বরে এবং জিম্বাবুয়ে সেরা দশের বাইরে, বাংলাদেশ তাই ৯ নম্বরের মধ্যে থাকায় উঠে গেল বিশ্বকাপে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল। পরবর্তীতে বদলে যায় সেই সময়সীমা। ৬ মাস এগিয়ে এ বছরের ৩০ সেপ্টেম্বর নিয়ে আসা হয় কাট অফ ডেট। এই সময়ে হওয়ার কথা বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুই ওয়ানডে। যদি ওয়েস্ট ইন্ডিজ দুটিতে জেতেও, তা সরাসরি বিশ্বকাপে খেলার জন্য যথেষ্ট হবে না।

বাংলাদেশ-ভারত সীমিত ওভারের সিরিজ মাঠে গড়ানো নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’। ১ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা। সূচি অনুযায়ী ওয়ানডে তিনটি হওয়ার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে সিরিজটা মাঠে গড়ানো এক রকম অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে ৩ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে ২৭ ও ৩০ সেপ্টেম্বর।

আফগানিস্তান ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট কেটেছে রশিদ খানের অলরাউন্ড নৈপুন্যে। বেলফাস্টে গতকাল তৃতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং পাওয়া আয়ারল্যান্ড ৪৬.৩ ওভারে ২০৬ রানে গুটিয়ে গেছে। জয়ের লক্ষ্যে নেমে ৩০.৫ ওভারে ১৫৪ রানে ৬ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে আফগানরা। সাত নম্বরে নামা রশিদের ৪৩ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আফগানিস্তান। ৩১ বল হাতে রেখে ৩ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে ১০ ওভারে ৪৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়াতেই মূলত আয়ারল্যান্ড নেমে যায় বাছাইপর্বে। বর্তমানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আফগানরা। আগামীকাল বেলফাস্টে হবে সিরিজের চতুর্থ ওয়ানডে। একই মাঠে বৃহস্পতিবার সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে আয়ারল্যান্ড-আফগানিস্তান।

এই নিয়ে চতুর্থবার ওয়ানডে বিশ্বকাপ খেলছে আফগানিস্তান। ২৪ ম্যাচ খেলে জিতেছে কেবল পাঁচটি। ২০১৫ বিশ্বকাপে এক ম্যাচ জেতা আফগানরা ২০১৯ বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে ৯টিতেই হেরেছে। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সেরা সময় আফগানরা কাটিয়েছে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে। সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি আফগানরা হারায় নেদারল্যান্ডসকেও।

আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত হবে দশ দলের বাছাইপর্ব। ক্রিকইনফোর সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের পাশাপাশি আরও ৮ দল খেলবে বাছাইপর্ব। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি কাটবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট। দ্বিতীয় থেকে চতুর্থ দলও বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের নতুন সংস্করণ অনুযায়ী এই তিন দল খেলবে সুপার সিরিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত