Ajker Patrika

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের টিকিট শেষ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৩: ৫৬
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের টিকিট শেষ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। ছবি: এএফপি

ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশকে এখন হাতছানি দিচ্ছে আরেক ইতিহাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ধবলধোলাই, সেটাও আবার অজিদের ডেরায়। তবে দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগেই টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। এরই মধ্যে প্রথম দিনের টিকিট টিকিট বিক্রি হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট বিক্রির কথা নিশ্চিত করেছে। নাজমুল হোসেন শান্ত-প্যাট কামিন্সের ট্রফির সামনে দাঁড়ানোর ছবি দিয়ে ফটোকার্ডে সিএ লিখেছে, ‘ম্যাকেতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট অফিশিয়ালি বিক্রি হয়ে গিয়েছে।’ শুধু ফটোকার্ডেই জানিয়ে বসে থাকেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্যাপশনে সিএ লিখেছে, ‘ম্যাকেতে জমজমাট দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের টিকিট দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। এখনই আপনার টিকিটটি সংগ্রহ করুন।’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট হিসেবে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। এই স্টেডিয়ামের আসনসংখ্যা ১০ হাজার। বাংলাদেশের সামনে যখন ইতিহাস গড়ার হাতছানি, অস্ট্রেলিয়ার সামনে সেটা নিজেদের মান বাঁচানোর লড়াই। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা অজিরা এবার নামবে ধবলধোলাই এড়াতে। যদি ম্যাকে টেস্ট ড্রও হয়, শান্তর বাংলাদেশ সিরিজ জিতবে ১-০ ব্যবধানে। দ্বিতীয় থেকে চতুর্থ দিনের টিকিট এখনো পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

দ্বিতীয় টেস্ট খেলতে যাওয়ার আগে ডারউইন বিমানবন্দরে সেলফি তুলেছেন ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। ছবি: ফেসবুক
দ্বিতীয় টেস্ট খেলতে যাওয়ার আগে ডারউইন বিমানবন্দরে সেলফি তুলেছেন ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। ছবি: ফেসবুক

ডারউইন থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যুতে ম্যাকেতে আজ যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। রওনা দেওয়ার আগেই ডারউইনে বিমানবন্দরে সেলফি তুলেছেন ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। ছবিটি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে তাসকিন ক্যাপশন দিয়েছেন, ‘দ্বিতীয় টেস্ট খেলতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’

অস্ট্রেলিয়াকে ডারউইনে ৯ উইকেটে হারালেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চারে। শান্তর দলের সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়ারও অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৭.৭৮ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অজিরা। ম্যাকেতে ২২ আগস্ট শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত