Ajker Patrika

‘ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না’

ক্রীড়া ডেস্ক    
‘ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না’
ম্যাচ চলাকালীন ডাগআউটে জিদান। তাঁর অধীনে প্রথমবার জয়হীন থাকল ফ্রান্স। ছবি: সংগৃহীত

কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।

স্তাদে দ্য ফ্রান্সে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ফ্রান্স। তবে প্রথমার্ধে সেই আধিপত্য থেকে কাঙ্ক্ষিত গোল পায়নি তারা। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকেরা। ৫৫ মিনিটে মাইকেল ওলিসের গোলে এগিয়েও যায় দুইবারের চ্যাম্পিয়নরা।

৬৮ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির গোলে সমতায় ফেরে ইতালি। এরপর জয়সূচক গোলের জন্য চেষ্টা চালিয়েও সফল হয়নি ফ্রান্স। শেষ দিকে দয়ো উপামেকানো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকেরা।

পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ার পর টিএফ ওয়ানকে জাদিন বলেন, ‘খেলোয়াড়দের জন্য আমি ভীষণ হতাশ। কারণ আমরা আরও ভালো ফল পাওয়ার যোগ্য ছিলাম। ম্যাচ শেষ করার মতো সুযোগ আমাদের ছিল। কিন্তু এটাই ফুটবল। দলের পারফরম্যান্সে আমি খুব গর্বিত। আমরা যেভাবে প্রতিপক্ষকে চাপের মধ্যে রেখেছি এবং ব্যক্তিগত পরিস্থিতিগুলো সামলেছি, সেটি ছিল আদর্শ।’

ফ্রান্সের আধিপত্য তুলে ধরে জিদান আরও বলেন, ‘খেলোয়াড়েরা নিজেদের সবটুকু দিয়েছে এবং তারা দুর্দান্ত ছিল। এটি আমাদের জন্য ইতিবাচক দিক। আমরা জিততে পারিনি, এখন আমাদের বিশ্রাম নিতে হবে। শেষ দিকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে, তখন আমরা দ্বিতীয় গোলও হজম করতে পারতাম। যদিও পুরো ম্যাচে আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না।’

প্রথমার্ধে বল দখলে থাকলেও আক্রমণে ফ্রান্সের ধার কম ছিল বলে স্বীকার করেছেন জিদান, ‘প্রথমার্ধে বল আমাদের দখলে ছিল। কিন্তু আমাদের পারফরম্যান্স কিছুটা নিষ্প্রভ ছিল। বিরতির সময় আমরা সেটি ঠিক করার চেষ্টা করেছি। বল দখলে রাখা গুরুত্বপূর্ণ। তবে প্রতিপক্ষকে চাপে ফেলতে হলে আমাদের জায়গাগুলো কাজে লাগাতে হবে। দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা সেটিই করতে পেরেছিলাম।’

ইতালির কৌশল নিয়ে জিদান বলেন, ‘ইতালি রক্ষণাত্মকভাবে খেলেছে এবং পাল্টা আক্রমণের ওপর নির্ভর করেছে। তবে আমরা আমাদের ভারসাম্য ধরে রেখেছিলাম এবং শেষ কয়েক মিনিট ছাড়া আমরা বড় কোনো বিপদের মধ্যে পড়িনি।’

ইতালির বিপক্ষে ড্র জিদানের অধীনে ফ্রান্সের প্রথম জয়হীন ম্যাচ। এর আগে তুরস্ক ও বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছিল ফরাসিরা। এই ড্রয়ের পরও ‘এ’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। তাদের সংগ্রহ ৭ পয়েন্ট।

ঘরের মাঠে সমর্থকদের জয় উপহার দিতে না পারায় আক্ষেপ আছে জিদানের। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি, ‘হ্যাঁ, এটি আমাকে আবেগতাড়িত করেছে। আমরা পুরো স্টেডিয়াম এবং পুরো জাতিকে জয় উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু সেটি সম্ভব হয়নি। এখন আমরা বিশ্রাম নেব, চতুর্থ ম্যাচের জন্য প্রস্তুতি নেব এবং জয়ের চেষ্টা করব।’

আগামী ৬ অক্টোবর একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত