
এক প্রান্তে মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ছে। প্রতিপক্ষের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। করলেন সেঞ্চুরি। তাঁর এই সেঞ্চুরিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ। দিনের খেলা শেষে তিনি জানালেন, কীভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশের স্কোর যখন ৫ উইকেটে ১০৫ রান, তখন ব্যাটিংয়ে নামেন মিরাজ। মুহূর্তেই সফরকারীরা পরিণত হয় ৬ উইকেটে ১১০ রানে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ কখন গুটিয়ে যায়, সেটাই ছিল দেখার অপেক্ষা। তবে মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি সামাল দিয়ে শেষ অব্দি খেলেছেন মিরাজ। ছুঁয়েছেন তিন অঙ্ক। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় তারকা অলরাউন্ডার বলেন, ‘প্রথম দিকে চ্যালেঞ্জিং ছিল উইকেটটা। আমি শুধু মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’
কোরি রোক্কিসিওলির ঘূর্ণিতে বাংলাদেশ চোখে রীতিমতো অন্ধকার দেখতে থাকে। ২৪ ওভারে ৮৩ রানে নিয়েছেন ৬ উইকেট। হাসান মাহমুদকে (৪) ফিরিয়ে রোক্কিসিওলি যখন নিজের ষষ্ঠ উইকেট নিয়েছেন, বাংলাদেশের স্কোর তখন ৯ উইকেটে ১৯৪ রান। সাত নম্বরে নামা মিরাজ তখনো ছিলেন উইকেটে। শেষ উইকেটে সৈয়দ খালেদ আহমেদের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন মিরাজ। খালেদকে ফিরিয়ে জার্সিস ওয়াদিয়া বাংলাদেশের ইনিংসের ইতি টানেন। মিরাজ ১৪১ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০৯ রান করে অপরাজিত থাকেন।
দলের বিপর্যয় সামলে কীভাবে সেঞ্চুরি করেছেন, ম্যাচ শেষে মিরাজ তা খোলাসা করেছেন। বিসিবির ভিডিও বার্তায় বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে। আর আমার জন্য একটু কঠিন ছিল যেহেতু প্রথমবার এই কন্ডিশনে খেলছি। উইকেটের সঙ্গে মানিয়ে নিতে ও জুটি গড়ার চেষ্টা করেছি। প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি উইকেটের সঙ্গে মানিয়ে নিতে। পরে যখন সুযোগ পেয়েছি, তখন রান হয়ে গিয়েছে। এভাবেই চিন্তা করেছি।’
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। বর্তমান সিরিজের দলে থাকা মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত কারোরই ২০০৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়নি। সেবার খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বাংলাদেশ দুটি ম্যাচই ইনিংসে হেরেছিল। যার মধ্যে ডারউইনেই একটি টেস্ট শেষ হয়েছিল তিন দিনেই।
সেই ডারউইনে এবার তিন দিনের প্রস্তুতি ম্যাচের শুরুটা ভালো করেছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ যখন প্রথম দিনের খেলা শেষ করেছে, তখন তাদের স্কোর ২ উইকেটে ৫১ রান। যেখানে ১ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। ক্যাম্পবেল কেলাওয়েকে (০) বোল্ড করেন তাসকিন। আর হাসান মাহমুদ নিয়েছেন স্যাম কনস্টাসের উইকেট।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটা মিরাজ দেখছেন মূল টেস্টের আগে প্রস্তুতি হিসেবে। বিসিবির ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যেহেতু আমাদের সামনে টেস্ট আছে, এটা আমার জন্য অনেক আত্মবিশ্বাস দেবে এবং যে মানসিকতা নিয়ে খেলেছি এবং সেটা যদি চালিয়ে যেতে পারি, তাহলে আমার জন্য ভালো হবে এবং দলের জন্য ভালো হবে।’
ম্যাকেতে ২২ আগস্ট দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।

বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব দিয়ে তোপের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাতে করে তাঁর চেয়ার নড়েচড়ে যাওয়ার মতো অবস্থা। এমনকি উয়েফার ৫৫ সদস্য দেশ ফিফার বিভিন্ন টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল। এখনো সেই সিদ্ধান্তে অনড় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে
মার্সেলো বিয়েলসার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর উরুগুয়ে প্রধান কোচের খোঁজে হন্যে হয়ে ঘুরছিল। আগে থেকেই শোনা যাচ্ছিল দিয়েগো ফোরলানের নাম। আজ উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেলেছে।
৬ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এ মাসের শেষে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর শেষ হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল।
৬ ঘণ্টা আগে
বিতর্ক আর নেইমার যেন একে অপরের পরিপূরক। ম্যাচের ফল ছাপিয়ে অনেক সময় তাঁর আচরণ নিয়ে আলোচনা চলে বেশি। এবার সান্তোসের জয়ের পর প্রতিপক্ষ দলকে তাতিয়ে সমালোচিত হলেন নেইমার। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ইস্যুতে মুখ খুলল সান্তোস।
৮ ঘণ্টা আগে