Ajker Patrika

ভারত কি পেয়ে গেল তাদের হামজা

ক্রীড়া ডেস্ক    
ভারত কি পেয়ে গেল তাদের হামজা
ভারতের হয়ে অভিষেকে গোল করেছেন রায়ান উইলিয়ামস। ছবি: সংগৃহীত

এই তো গত নভেম্বরের কথা। বাংলাদেশের বিপক্ষে খেলতে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে এসে ভারতীয় দলের সঙ্গে এসেছিলেন রায়ান উইলিয়ামস। ভারতীয় নাগরিকত্ব, পাসপোর্ট সবই ছিল তাঁর। কিন্তু ফিফার অনুমোদন না পাওয়ায় খেলতে পারেননি তিনি। সেই উইলিয়ামস ভারতের হয়ে অভিষেকেই আলোড়ন তুলেছেন।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছে ভারত-হংকং। ভারতের কোচ খালিদ জামিল খেলিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী উইলিয়ামসকে। ভারতের জার্সিতে উইলিয়ামসের অভিষেক হয়েছে মনে রাখার মতো। হংকংকে ২-১ গোলে হারিয়ে সান্ত্বনার জয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ হয়েছে। উইলিয়ামসের খেলা যাঁরা দেখেছেন, তাঁরা হয়তো টাইমমেশিনে চড়ে চলে গেছেন এক বছর আগে। গত বছর শিলংয়ে বাংলাদেশের হয়ে অভিষেকে নজর কেড়েছিলেন হামজা চৌধুরী। বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হলেও যেভাবে স্বাগতিকদের বোতলবন্দী করেছিলেন হামজা, তা প্রশংসা করার মতোই।

হংকংয়ের বিপক্ষে গতকাল কোচির গ্যালারিতে ৪ মিনিটেই শুরু হয় বাঁধভাঙা উদযাপন। লালিয়ানজুয়ালা ছাংতে এবং মানভীর সিংয়ের নিজেদের মধ্যে পাস আদান-প্রদান করেন। বক্সের ভেতরে ভেসে আসা ক্রস রিসিভ করে প্রথম টাচেই গোল করেন উইলিয়ামস। ভারতের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচের প্রথম গোলটা তাঁর আজীবন মনে থাকারই কথা।

২০২৩ সালে ভারতীয় ফুটবল সার্কিটে আসেন উইলিয়ামস। কিন্তু অভিষেক হতে হতে লেগে গেল ৩ বছর। মা ভারতীয় বংশোদ্ভূত হওয়াতেই ভারতের নীল জার্সি পরার সুযোগ পেয়েছেন তিনি।ভারতের হয়ে ১০ নম্বর জার্সি পরে গতকাল অস্ট্রেলিয়াপ্রবাসী ফুটবলারের অভিষেক হয়েছে। হংকংয়ের বিপক্ষে স্বাগতিকদের দ্বিতীয় গোল এসেছে ৫০ মিনিটে। রাহুল ভেকের লম্বা থ্রো থেকে গোলটি করেন ডিফেন্ডার আকাশ মিশ্র। আন্তর্জাতিক ফুটবলে এটা আকাশের প্রথম গোল।

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলে হামজা বাংলাদেশ দলের নজরে আসেন ৫-৬ বছর আগেই। লেস্টার সিটির হয়ে এফএ কাপ, কমিউনিটি শিল্ড, কারাবাও কাপের শিরোপা জিতেছেন। বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড, শেফিল্ড ইউনাইটেডের হয়ে ধারেও খেলেছেন। বাংলাদেশি পাসপোর্ট, ফিফার অনুমোদনসহ আনুষ্ঠানিকতা শেষে গত বছর বাংলাদেশের জার্সি পরার সুযোগ পান হামজা। এক বছরে চারটি গোল করেছেন। কখনো হেডে কখনোবা বাইসাইকেল কিকে গোল করে হইচই ফেলে দিয়েছেন। উইলিয়ামসের তো কেবল শুরু। ভারতকে কতটুকু কী দিতে পারবেন অস্ট্রেলিয়াপ্রবাসী এই ফুটবলার, সেটা সময়ই বলে দেবে।

৩২ বছর বয়সী উইলিয়ামসের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ২০১৯ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেছেন। ২০২৩ সাল থেকে খেলছেন বেঙ্গালুরু এফসিতে। ভারতের এই ক্লাবের হয়ে ৫২ ম্য়াচে ১৪ গোল করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত

ইরান যুদ্ধ থামাতে চীন ও পাকিস্তানের পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা

যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাঘচির মন্তব্যে নতুন উত্তেজনা

২০২৬ সালের ঈদুল আজহা কবে, যা জানা গেল

‘ওকে লাথি মেরে বের করে দিন’—নেতানিয়াহুর ছেলেকে যুদ্ধে পাঠাতে বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত