Ajker Patrika

ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম জয়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১১: ০৫
ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে টুর্নামেন্টে বাংলাদেশের  প্রথম জয়
ভারতের বিপক্ষে ৩ রানের রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে জিততেই ভুলে গিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ—এই তিন দলের কাছে শুধু বাংলাদেশ হারেইনি, নেট রানরেটেও অনেকটা পিছিয়ে পড়েছিল। অবশেষে গতকাল টুর্নামেন্টে প্রথম জয় পেল মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ। ৩ রানের রুদ্ধশ্বাস জয় এসেছে ভারতের বিপক্ষে।

শারজায় গতকাল বাংলাদেশ-ভারত ম্যাচ যতই শেষের দিকে এগিয়েছে, ততই রোমাঞ্চ ছড়িয়েছে। শেষ ওভারে ১২ রানের সমীকরণের সামনে এসে পড়ে ভারত। হাতে তখন ২ উইকেট। আবু জায়েদ রাহি ডেথ ওভারের পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হয়েছেন। একটা ওয়াইড দিলেও সব মিলিয়ে ৮ রান খরচ করেছেন। টানা তিন ম্যাচ হারের পর বাংলাদেশ অবশেষে পায় জয়ের দেখা।

১৪২ রানের লক্ষ্যে নেমে ১৪.৫ ওভারে ৮ উইকেটে ৮৮ রানে পরিণত হয় ভারত। বাংলাদেশের জয় তখন কেবল সময়ের ব্যাপার। তবে হাল ছাড়েননি ভারতের দুই টেলএন্ডার ব্যাটার পবন নেগি ও পীযুশ চাওলা। শেষ দুই ওভারে ২৪ রানের সমীকরণ নিয়ে আসেন। ১৯তম ওভারে কামরুল ইসলাম রাব্বি ১২ রান দিলে ম্যাচ বাংলাদেশের হাত থেকে ফস্কে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। কিন্তু রাব্বি না পারলেও রাহি মাথা ঠাণ্ডা রেখে বাংলাদেশকে জিতিয়েছেন।

ভারতের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন নেগি। ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ২৬ রান করে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন তিন ব্যাটার। যাঁদের মধ্যে চাওলা ১৮ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর মতো ১৮ বলে ২৪ রান করেন ঋষি ধাওয়ান। তবে ইরফান পাঠান ওপেনিংয়ে নেমে ৫৭ বলে ২৪ রান করলে ভারত ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায়।

পুরো ২০ ওভার ব্যাটিং করে ভারত ৮ উইকেটে করে ১৩৮ রান। বাংলাদেশের এনামুল হক জুনিয়র ৩ ওভারে ১২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। এর আগে টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ প্রথম ৬ ওভারে ৪ উইকেটে ৫৭ রান করে। তবে দারুণ এই শুরু ধরে রাখতে পারেননি মাহমুদউল্লাহ-নাসির হোসেনরা। ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানে আটকে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৪০ রান করেন রনি তালুকদার। ২৫ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন।

৩ রানের জয়ে ৪ ম্যাচে এখন বাংলাদেশের ২ পয়েন্ট। তবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পয়েন্ট তালিকায় এখনো তলানিতে মাহমুদউল্লাহরা। ছয় দলের মধ্যে ছয় নম্বরে থাকা বাংলাদেশের নেট রানরেট -১.০৫১। পাঁচ নম্বরে থাকা ভারতেরও পয়েন্ট ২। তাদের নেট রানরেট ‍+০.১২৪। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে দক্ষিণ আফ্রিকা। পরশু শারজায় মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত