Ajker Patrika

‘এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ’

ক্রীড়া ডেস্ক    
‘এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ’
দলের অনুশীলন শেষে সাদা বলের সিরিজ নিয়ে কথা বলেছেন ইয়াসির আলী রাব্বি। ছবি: সংগৃহীত

আড়াই দিনেই সেঞ্চুরিয়ান টেস্ট শেষ হয়ে যাওয়ায় দল পেয়েছে বাড়তি দুই দিন। টেস্ট জিতলে বাড়তি পাওয়া এই সময়টা হতো ঘুরে বেড়ানোর, আরাম-আয়াসে কাটানোর। কিন্তু বৃষ্টির পেটে প্রায় দুই সেশন চলে যাওয়ার পরও আড়াই দিনে ইনিংস ব্যবধানে হারের পর কী সেই বিলাসিতা দেখানোর সুযোগ আছে!

পাওয়া সময়টাকে কাজে লাগাতে তাই সাদা বলের সিরিজের প্রস্তুতিতে আগেভাগেই মাঠে নেমে পড়েছে সাদা বলের সিরিজে থাকা ক্রিকেটাররা। ১ ডিসেম্বর থেকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ ৩টি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। আজ সেঞ্চুরিয়নে দলের অনুশীলন শেষে সাদা বলের সিরিজ নিয়ে কথা বলেছেন ইয়াসির আলী রাব্বি। টেস্ট সিরিজে বাংলাদেশ ভালো করতে না পারলেও ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে অবিচল বাংলাদেশ।

আজ অনুশীলনে ছিলেন তানভীর ইসলাম, ইয়াসির আলী রাব্বি, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। তাঁদের সঙ্গে ছিলেন কোচিং প্যানেলের সদস্যরাও। কাতারে ‘এ’ দলের টুর্নামেন্টের মাঝপথে দক্ষিণ আফ্রিকায় যোগ দিয়েছেন ইমন। রিশাদ উড়ে গিয়েছেন বাংলাদেশ থেকে। তানোর ও ইয়াসিরও যোগ দিয়েছেন দলের সঙ্গে।

দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন ইয়াসিরও। জাতীয় দলে ফেরার প্রত্যাশা সব সময়ই ছিল তাঁর। এবার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতিও অনুপ্রেরণা জোগাচ্ছে তাঁকে। সেই সিরিজে দলের জয়ে অবদান রেখেছিলেন তিনি।

অনুশীলনের ফাঁকে বিসিবির এক বার্তায় ইয়াসির বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিন পর ওয়ানডে দলে ডাক পেয়েছি। ভালো লাগছে। সব সময়ই প্রত্যাশা ছিল, আবার জাতীয় দলে ফিরব এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব। শেষবার দক্ষিণ আফ্রিকায় এসে আমরা ওয়ানডে সিরিজ জিতেছিলাম। আমিও দলের জন্য অবদান রাখতে পেরেছিলাম। সেটি অবশ্যই অনুপ্রেরণা দেবে। আগের সাফল্য ধরে রাখার চেষ্টা করব।’

দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বাংলাদেশের জন্য কত কঠিন, সেটি নতুন করে বলার আর দরকার নেই। তবে আগের সিরিজ জয়ের অভিজ্ঞতা এবার বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। ইয়াসিরের লক্ষ্যও পরিষ্কার—দল হিসেবে খেলে সিরিজ জয়। তাঁর ভাষায়, ‘যা চলে গেছে, তা নিয়ে এখন আর ভাবতে চাই না। সামনে ওয়ানডে সিরিজ। আমরা সবাই একসঙ্গে থেকে বাংলাদেশকে জেতানোর চেষ্টা করব। ওয়ানডেতে আমরা ভালো খেলছি, সেটি আমাদের জন্য ইতিবাচক দিক। দলও বেশ ভালো। এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত