‘অস্ট্রেলিয়ার সেই কেলেঙ্কারি ভুলে সামনে এগোনো উচিত’

২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই বল টেম্পারিং-কাণ্ডের রেশ এখনো কাটেনি। নতুন করে আলোচনায় আসা ‘স্যান্ডপেপার-কাণ্ড’ থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার পরামর্শ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তাঁর মতে, এই ঘটনার প্রভাব শুধু অস্ট্রেলিয়ার ওপর নয়, পড়েছে পুরো ক্রিকেটবিশ্বের ওপর।
অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজার আত্মজীবনী ‘সবর’-এ দেওয়া এক বক্তব্যের পর এ বছর নতুন করে আলোচনায় আসে সেই বিতর্ক। খাজার দাবি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে শুধু শাস্তি পাওয়া তিন ক্রিকেটারই জানতেন না, বিষয়টি জানা ছিল আরও অনেকের। সম্প্রতি নতুন ধরনের ক্রিকেট আয়োজনকারী প্রতিষ্ঠান টেস্ট টোয়েন্টির ভার্চ্যুয়াল আলোচনায় সাংবাদিকদের ডি ভিলিয়ার্স বলেন, ‘বিষয়টি নিয়ে অতিরঞ্জিত কিছু করার দরকার নেই। এবার আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। তবে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়াও জরুরি।’
‘সবর’ প্রকাশের পর খাজার সতীর্থ ডেভিড ওয়ার্নারের পাশাপাশি ওয়াসিম আকরাম, রবিচন্দ্রন অশ্বিনরাও সমালোচনা করেছেন। পুরো বিশ্বে তা আগুনের মতো ছড়িয়ে পড়ে। ডি ভিলিয়ার্স বলেন, ‘একটি ভুল হয়েছিল। এই সত্য আমরা অস্বীকার করতে পারি না। আমার মনে হয়, এর প্রভাব শুধু অস্ট্রেলিয়ার ওপর নয়, পুরো ক্রিকেটবিশ্বের ওপরই পড়েছে। আমরা সবাই চাই ক্রিকেট ভালো থাকুক। তবে মনে রাখতে হবে, অতীতেও এমন ঘটনা ঘটেছে এবং আমরা সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেয়েছি। তাই এবারও সামনে এগিয়ে যেতে হবে।’
২০১৮ সালের সেই সিরিজের পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচ জিতেছিল। আর কেপটাউনে তৃতীয় টেস্টে ব্যানক্রফটের স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির ঘটনা ক্যামেরায় ধরা পড়ার সময় উইকেটে ছিলেন তিনি। ক্রিকেটে রিভার্স সুইংয়ের গুরুত্ব তুলে ধরে ডি ভিলিয়ার্স বলেন, ‘খেলোয়াড়েরা যতক্ষণ নির্ধারিত সীমা অতিক্রম না করছেন, ততক্ষণ সমস্যা নেই। আমরা সবাই জানি, সেই সীমারেখা কোথায়। তরুণ ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে, যেন তাঁরা খেলায় ইতিবাচক মানসিকতা ধরে রাখতে পারেন ও তাঁরা সৎ থাকেন।’
ডি ভিলিয়ার্স আরও বলেন, ‘কখনো কখনো বিষয়টি কিছুটা ধূসর হয়ে যায়। তখন দায়িত্ব নিতে হবে ক্রিকেট প্রশাসকদের। তাঁদের বিষয়টি পুরোপুরি পরিষ্কার করতে হবে। রিভার্স সুইং যেন টিকে থাকে এবং আগামী বহু বছর ক্রিকেটের অংশ হয়ে থাকে, সেই পথ খুঁজে বের করতে হবে। আমার মনে হয়, রিভার্স সুইং ক্রিকেটেরই অবিচ্ছেদ্য অংশ। বোলারদের জন্য এটি দারুণ একটি বিষয়। এতে খেলায় গতিও আসে।’







-cd8aeb-256x144.webp)

