
প্রস্তর যুগে চীনের পূর্বাঞ্চলে সমাজের নেতৃত্বে ছিলেন নারী। সম্প্রতি পাওয়া ডিএনএ বিশ্লেষণে উঠে এসেছে এমনই অভূতপূর্ব তথ্য। প্রায় সাড়ে ৪ হাজার বছর আগের কঙ্কালের জিনগত উপাদান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, সেই সময়কার সমাজ ছিল মাতৃতান্ত্রিক এবং সমাজের সদস্যরা অন্তত ১০ প্রজন্ম ধরে মায়ের বংশ অনুসারে সমাহিত হতেন।
চীনের পূর্বাঞ্চলের ফুজিয়া নামক প্রত্নতাত্ত্বিক স্থানে আবিষ্কৃত হয়েছে দুটি সমাধিস্থল। প্রাচীন একটি আবাসিক এলাকার দুই প্রান্তে (উত্তর ও দক্ষিণ দিকে) প্রায় ১০০ মিটার দূরত্বে অবস্থিত ছিল এ দুই সমাধিস্থল।
ফুজিয়ায় পাঁচ শতাধিক সমাধিস্থল খনন করে রেডিওকার্বন বিশ্লেষণের মাধ্যমে জানা গেছে, সমাধিস্থলগুলো ২ হাজার ৭৫০ থেকে ২ হাজার ৫০০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে কোনো এক সময়ে তৈরি।
গত ৪ জুন বিশ্বখ্যাত জার্নাল নেচারে প্রকাশিত এক গবেষণায় আন্তর্জাতিক একদল গবেষক ফুজিয়া থেকে পাওয়া ৬০টি কঙ্কালের ডিএনএ বিশ্লেষণের ফল প্রকাশ করেন। এর মধ্যে ১৪টি কঙ্কাল উত্তরের সমাধিস্থল থেকে এবং ৪৬টি দক্ষিণের সমাধিস্থল থেকে পাওয়া যায়।
গবেষকেরা দেখেছেন, উত্তর সমাধিস্থলের ১৪ জনে ব্যক্তির সবার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ছিল একই রকম। উল্লেখ্য, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ শুধু মাতার মাধ্যমে সন্তানের শরীরে স্থানান্তরিত হয়। অন্যদিকে, দক্ষিণ সমাধিস্থলের ৪৬ জনের মধ্যে ৪৪ জনের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ছিল এক ধরনের, যা স্পষ্ট করে যে, উভয় সমাধিস্থলে সমাহিত ব্যক্তিদের মায়ের বংশ অনুসারে সমাহিত করা হয়েছে।
নারী ও পুরুষ উভয়কেই তাদের মায়ের বংশ অনুসারে সমাহিত করার এই প্রবণতা একটি পরিপূর্ণ মাতৃতান্ত্রিক সমাজের ইঙ্গিত বহন করে বলে গবেষকেরা জানান। বিশেষ করে, কিশোর ও প্রাপ্তবয়স্ক পুরুষদেরও মায়ের বংশ অনুসারে সমাহিত করা হয়েছে, যা এই তত্ত্বকে আরও শক্তিশালী করে।
পুরুষ কঙ্কালগুলোর ওয়াই ক্রোমোজোম বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, তাঁদের পিতৃসম্পর্কীয় রক্তের মধ্যে ছিল ব্যাপক বৈচিত্র্য। অর্থাৎ পুরুষেরা বাইরের সম্প্রদায় থেকে আসতেন। তবে সন্তানদের লালন-পালন ও সমাহিত করার নিয়ম চলত মায়ের রক্ত অনুসারে।

মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ও ওয়াই ক্রোমোজোম বিশ্লেষণে দেখা যায়, ফুজিয়ার বেশির ভাগ মানুষকে তাদের মায়ের বংশের ভিত্তিতে সমাধিস্থ দেওয়া হয়েছে, যা একটি প্রকৃত মাতৃতান্ত্রিক সমাজের রূপ নির্দেশ করে।
গবেষণায় আরও উঠে এসেছে, অন্তত ১০ প্রজন্মজুড়ে ‘রক্ত সম্পর্কে’ বিয়ের প্রবণতা ছিল স্পষ্ট। বেশির ভাগ ক্ষেত্রে ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে বিয়ের ইঙ্গিত মিলেছে।
গবেষকেরা বলেন, যদিও এটি আদর্শ বিবাহের ধরন নয়। তবে ছোট ও বিচ্ছিন্ন সমাজে এমনটি ঘটতেই পারে।
ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে এ পর্যন্ত বিশ্বের মাত্র তিনটি প্রাচীন সমাজে মাতৃতান্ত্রিক সমাজ পাওয়া গেছে—নিউ মেক্সিকোর চাকো ক্যানিয়ন, জার্মানির সেল্টিক অভিজাত শ্রেণি এবং ব্রিটেনের ডুরোট্রাইজ গোত্র। এ ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু বর্তমান সমাজে মাতৃতান্ত্রিক রীতি দেখা যায়।
গবেষক দল জানিয়েছে, ফুজিয়ার সমাজব্যবস্থা একেবারে অনন্য এবং পূর্ব এশিয়ার প্রস্তর যুগে জনগোষ্ঠীর মধ্যে এমন মাতৃতান্ত্রিক সমাজ এই প্রথম পাওয়া গেল। এ আবিষ্কার ছোট সমাজ থেকে বড় এবং জটিল সমাজব্যবস্থায় রূপান্তরের সময়কার সামাজিক ও পরিবেশগত বাস্তবতা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে চীনের শানডং বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ইউ ডং বলেন, ‘নিওলিথিক যুগের (নব্যপ্রস্তর যুগ–১২ হাজার থেকে সাড়ে ৩ হাজার খ্রিষ্টপূর্ব) চীনে একটি মাতৃতান্ত্রিক সমাজ খুঁজে পাওয়া অত্যন্ত রোমাঞ্চকর।’
গবেষকেরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতের ডিএনএ ও প্রত্নতাত্ত্বিক গবেষণা আমাদের আরও স্পষ্ট করে বুঝতে সাহায্য করবে, ঠিক কীভাবে প্রাচীন সমাজে নারীর নেতৃত্বে সমাজ গঠিত হয়েছিল।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স

প্লাস্টিকের বোতল ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে ভবিষ্যতে খাওয়ার উপযোগী, ভ্যানিলা-স্বাদের কুকি তৈরি করা সম্ভব হতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। জিনগতভাবে পরিবর্তিত ইস্ট বা খামির ব্যবহার করে এই কুকি তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করা হয়েছে।
৭ দিন আগে
প্রায় দুই দশক ধরে আমরা জানি, চাঁদে কোনো না কোনো ফর্মে অর্থাৎ কোনো না কোনো রূপে পানি রয়েছে। কিন্তু এখনো আমরা ঠিক জানি না, চাঁদের যেসব গর্তে সব সময় ছায়া থাকে, সেখানে কতটা ব্যবহারযোগ্য বরফ জমে আছে বা সেই বরফ কতটা গভীরে চাপা পড়ে আছে কিংবা ঠিক কী অবস্থায় রয়েছে।
৯ দিন আগে
যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ইতালির পলিটেকনিকো দ্য তুরিনের এক যৌথ গবেষণায় দেখা গেছে, প্রতি কেজি পেলোড (মালামাল) মহাকাশে পাঠাতে বিশ্বের প্রধান মহাকাশ গবেষণা সংস্থাগুলোর মধ্যে ভারতের খরচ সবচেয়ে বেশি।
৯ দিন আগে
একই পুরুষ ইঁদুরের জিনগত উপাদান ব্যবহার করে পূর্ণাঙ্গ পুরুষ ও স্ত্রী ইঁদুরের জন্ম দিয়েছেন জাপানের একদল বিজ্ঞানী। জিন সম্পাদনা বা ‘জিন এডিটিং’ প্রযুক্তির সাহায্যে পুরুষ ভ্রূণ থেকে ওয়াই (Y) ক্রোমোজোম সম্পূর্ণ অপসারণ করে এই রূপান্তর ঘটানো হয়েছে।
১১ দিন আগে