
সংবিধান সংস্কারে গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি বাসায় বৈঠক করেন ১১ দলের লিয়াজোঁ কমিটির সদস্যরা। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ কথা জানান।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘সরকার যদি সংসদে গণভোটের সমাধান না করে তাহলে ১১ দলের উদ্যোগে আগামী শনিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।’
এছাড়াও বিরোধী দল গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে জনমত গঠনের চেষ্টা করবে বলে জানান জামায়াতের এই নেতা। একই সঙ্গে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সেমিনার, সিম্পোজিয়ামও করা হবে। এরপরও সরকার জনমতকে উপেক্ষা করলে বিরোধী দল ‘কঠোর কর্মসূচি’ দিতে বাধ্য হবে হুঁশিয়ারি দেন এই জামায়াত নেতা।
সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে—মন্তব্য করে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘এটা দুঃখজনক ঘটনা। এর মাধ্যমে যে প্রতিশ্রুতির আলোকে অন্তর্বর্তী সরকার গঠন ও নির্বাচন হয়েছে, সেটিকে অস্বীকার করা হয়েছে, জাতিকে অপমান করা হয়েছে। জাতির সঙ্গে প্রতারণাও করা হয়েছে।’
হামিদুর রহমান আযাদ আরও বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে স্বৈরাচারী সরকার কর্তৃত্ববাদ, স্বৈরাচার তৈরির রাস্তা উন্মুক্ত করে গেছে। সেই রাস্তায় শেখ হাসিনা সাংবিধানিক স্বৈরাচার হয়েছিল। সেই রাস্তায় বর্তমান সরকার হাঁটছে। এটা ভুল পথ।’ সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে বলে জোর দাবি জানান তিনি।
১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক বলেন, ‘সংস্কার করতে হলে গণভোট মানতে হবে। সে জন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে।’ সংসদ তথা সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হলে রাজপথের আন্দোলন ছাড়া বিরোধী দলের আর কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন হামিদুর রহমান আযাদ।
দেশে জ্বালানি সংকট থাকলেও সরকার ‘ছল-চাতুরী’ করছে বলে মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘সরকার জ্বালানি তেলের সংকট নেই বলে প্রচার করলেও পেট্রল পাম্পে গিয়ে তেল পাওয়া যায় না। আবার সংকট নেই প্রচার করলেও পরিবহন ব্যয় কমাতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস করানোর কথা বলেছে। এটা মেধাবী শিক্ষার্থীদের মেধাশূন্য করার আরেকটি পাঁয়তারা।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
গতকাল বুধবার একই দাবিতে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এরপর সংসদ থেকে বের হয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তাঁর সেই বক্তব্যে রাজপথে আন্দোলনের আভাস পাওয়া যায়। এই ধারাবাহিকতায় আজ বৈঠক করে ১১ দলের লিয়াজোঁ কমিটি। ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, আগামী ৭ এপ্রিল ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আরও বড় পরিসরে আন্দোলনের ঘোষণা আসতে পারে।

ঈদে ঘরমুখী মানুষের সহায়তা করতে চট্টগ্রাম নগরের শাহ্ আমানত সেতু (নতুন ব্রিজ) থেকে আনোয়ারার চাতরী চৌমুহনী টানেল প্রান্ত পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
৩ দিন আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা জলাতঙ্ক রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, টিকা না দিলে নাসিরউদ্দীন পাটোয়ারী সুস্থ হবেন না।
৩ দিন আগে
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা মনে করি, চুক্তিটা বিএনপি করেছে। কিন্তু নির্বাচনের তিন দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন বলতেছে যে, এই চুক্তি নিয়ে আমাদের কিছু করার নেই, আগের সরকার...
৪ দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিরাপত্তাজনিত কারণে তাঁর মতিঝিলের অফিসের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
৪ দিন আগে