Ajker Patrika

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি চুক্তি করে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়েছে: আসিফ মাহমুদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ মে ২০২৬, ২২: ২৭
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি চুক্তি করে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়েছে: আসিফ মাহমুদ
রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার নয়, বিএনপিই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দিয়ে নির্বাচনের আগে চুক্তিটি করিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা মনে করি, চুক্তিটা বিএনপি করেছে। কিন্তু নির্বাচনের তিন দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন বলতেছে যে, এই চুক্তি নিয়ে আমাদের কিছু করার নেই, আগের সরকার করে গেছে। একটা পলিটিক্যাল ব্লেম গেম চলতেছে।’

এর আগে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে তিনি বা পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত ছিল না। অর্থাৎ, তিনি এ বিষয়ে জানতেন না।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে আসিফ বলেন, ‘আগের পররাষ্ট্র উপদেষ্টা যখন চুক্তি সম্পর্কে জানেন না, তাহলে আমরা এটাই বলতে পারি যে, খলিল সাহেব (অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, তার মানে চুক্তিটা আসলে করেছে তারেক রহমান। যদি এর অন্যথা কিছু হয়, তাহলে ওই চুক্তি আপনারা রিভিউ (পর্যালোচনা) করেন, বাতিল করেন। চুক্তির যে যে অংশ বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে বা যেখানে মনে করেন বাংলাদেশের স্বার্থ, আমাদের জাতীয় স্বার্থের কথা বলি, সেটাকে আপনারা সেফ গার্ড করার জন্য প্রয়োজনীয় আলাপ-আলোচনা চালান।’

চুক্তির বিষয়ে এনসিপিকেও কিছু জানানো হয়নি বলে দাবি করেন আসিফ। তিনি বলেন, ‘৯ ফেব্রুয়ারি, নির্বাচনের তিন দিন আগে চুক্তিটা হয়েছিল। ফলে চুক্তি সম্পর্কে আমার কোনো কিছু অফিসিয়ালি জানা সম্ভব না। জাতীয় নাগরিক পার্টির সবার সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি, এই চুক্তি হওয়ার বিষয়ে কেউ জাতীয় নাগরিক পার্টির ‘‘কনসার্ন’’ নেয় নাই।’

এ সময় অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেটের’ সঙ্গেও নিজের যোগাযোগ ছিল না বলে দাবি করেন আসিফ।

সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ঝিনাইদহে ছাত্রদল-যুবদলের সঙ্গে পুলিশ বাহিনীও তাঁর ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘আমরা ধারণা করেছিলাম, যারা আমাদের ওপর হামলা করেছিল, তারা ছাত্রদল, যুবদল ও বিএনপি। কিন্তু ওই দিন আমরা আবিষ্কার করতে সক্ষম হলাম, তাদের সঙ্গে আরেকটি বাহিনী আছে। সেটা হলো পুলিশ দল।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান ও দলের যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম সদস্যসচিব ও কোষাধ্যক্ষ এস এম সাইফ মোস্তাফিজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত