
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন শেখ হাসিনার সময়কার অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছিলেন বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জবাবে ইশরাক হোসেন বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাতজন বিচারপতির বেঞ্চ তাঁকে মেয়র পদে নির্বাচিত ঘোষণা করেছিলেন। সেই রায় অবৈধ হলে অন্তর্বর্তী সরকারের সবকিছু অবৈধ ঘোষণা করতে হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এসব আলোচনা হয়।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিলের আলোচনায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে এমন কী বিশেষ পরিস্থিতি হয়েছিল, যে বিশেষ পরিস্থিতিতে উত্তর সিটি করপোরেশন এজাজ আহমেদকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। এমন কী বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল তারা হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে অবমাননা করে আমাদের সহকর্মী মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং নির্বাচন কমিশন থেকে গেজেট হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শপথ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল! আমাদের বিরোধীদলীয় চিফ হুইপ সে সরকারের মন্ত্রিসভায় ছিলেন। কী বিশেষ পরিস্থিতিতে তাঁকে শপথ পড়ানো হয়নি?’
পরে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগের বক্তব্য দিতে গিয়ে আমার সম্পর্কে একটি ভুল তথ্য দিয়েছিলেন, যেটা অসত্য। উনি (স্থানীয় সরকার প্রতিমন্ত্রী) বক্তব্যে বলেছেন—আমাদের একজন সংসদ সদস্য ইশরাক হোসেন একটি দাবিতে আন্দোলন করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। উনি (ইশরাক হোসেন) শেখ হাসিনার সময়কার অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হিসেবে নিজেকে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন।’
নাহিদ ইসলাম বলেন, ‘এই আন্দোলনটি ছিল ২০২৫ সালের মে মাসে। সে সময় আমি অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিলাম না। আমি ২০২৫ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পদত্যাগ করেছিলাম। ফলে উনার (প্রতিমন্ত্রী) অসত্য তথ্যটি সংশোধন করার অনুরোধ রইল।’
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘এটা খুব বেশি দিন আগের ঘটনা নয়। ওই আন্দোলনের পরে...উনার (স্থানীয় সরকার প্রতিমন্ত্রী) মনে থাকার কথা, কারণ উনি যে ট্রফির কথা বলেছিলেন, ওই আন্দোলনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে সংসদ নেতার কাছে ট্রফিটি দিয়ে এসেছিলেন।’
পরে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে ফ্লোর দিতে স্পিকারের প্রতি অনুরোধ জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
পরে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, ‘যদি অবৈধ নির্বাচনের অবৈধ দাবিদার আমি হয়ে থাকতাম...তাহলে ওই সময় বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাতজন বিচারপতির বেঞ্চে আমার রায়টি বহাল রাখা হয়েছিল।’
প্রতিমন্ত্রী ইশরাক বলেন, ‘যে আদালতের রেফারেন্সের ভিত্তিতে বিগত অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছিল, সে সরকারে আমাদের সংসদ সদস্যও শপথ নিয়েছিলেন। তাহলে বিগত সরকারের সবকিছু অবৈধ ঘোষণা করতে হবে। যদি বলা হয় আমার রায়টি অবৈধ। কারণ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাতজন বিচারপতির বেঞ্চে আমার রায়টি বহাল রাখা হয়েছিল। আমি তীব্র প্রতিবাদ জানাই।’

চট্টগ্রামে আকস্মিক বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সহায়তায় ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১০ জুলাই) রাতে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটি।
৫ ঘণ্টা আগে
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় এদিক-ওদিক হলে সেই হাত আর থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শুক্রবার রাতে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
১৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, দেশে ভোট কারচুপি শুধু জুলাই অভ্যুত্থানের আগেই নয়, পরেও হয়েছে। তাঁর অভিযোগ, অতীতের নির্বাচনে ফল ঘোষণার আগে ভোট চুরি হলেও সর্বশেষ নির্বাচনে ফল প্রকাশের পর ভোটের ফল পরিবর্তন করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, দেশে ভোট কারচুপি শুধু জুলাই অভ্যুত্থানের আগেই নয়, পরেও হয়েছে। তাঁর অভিযোগ, অতীতের নির্বাচনে ফল ঘোষণার আগে ভোট চুরি হলেও সর্বশেষ নির্বাচনে ফল প্রকাশের পর ভোটের ফল পরিবর্তন করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে