
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতজন নারী প্রার্থী জয় পেয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন বিএনপি মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী। বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।
বিজয়ী নারী প্রার্থীরা হলেন—মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা।
এর মধ্যে রুমিন ফারহানা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন। অন্যরা বিএনপি মনোনীত প্রার্থী।
জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আফরোজা খানম রিতা ১ লাখ ৬৬ হাজার ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. সাঈদ নূর পেয়েছেন ৬২ হাজার ৯১৬ ভোট।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঝালকাঠি-২ আসনে ৪৩ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসনটির সাবেক সংসদ সদস্য (এমপি) ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। ধানের শীষ প্রতীকের এই প্রার্থী ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত শেখ নেয়ামুল করীম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।
সিলেট-২ আসনে ৭৯ হাজার ৩২১ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ‘গুম’ হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা)। তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট।
ফরিদপুর-২ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপির ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ৩২ হাজার ৯৫৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মো. আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট।
ফরিদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আবদুত তাওয়াব পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, নাটোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল ১ লাখ ১ হাজার ৬৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯১ হাজার ৩০১ ভোট।
এবার একমাত্র স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে জয় পেয়েছেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীকে রুমিন পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৮ জন। তাঁদের মধ্যে নারী প্রার্থী ৮৩ জন।

আমিনুল হক, ২০১৩ সালে বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের ইতি টেনে নাম লেখান বাংলাদেশের প্রধানতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিতে। কিন্তু ফুটবলার থেকে রাজনীতিবিদ আমিনুল হককে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হামলা-মামলার ধকল পোহাতে হয়েছে তাঁকে। কারাবন্দী হতে হয়েছে একাধিকবার।
১ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানিয়েছেন, বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের ভিত্তিতে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং জোটসঙ্গীদের অনেকেই জয় পেয়েছেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ছয় প্রার্থী বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর থেকে দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া ছয়টি পৃথক পোস্টে ছয়জন প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।
৩ ঘণ্টা আগে
শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-১১ আসনে পোস্টাল ভোটসহ ১৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন।
৪ ঘণ্টা আগে