Ajker Patrika

জুলাই অভ্যুত্থানের ২ বছর

স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে বিএনপিরই ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

  • মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের
‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে বিএনপিরই ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার
মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

যারা ‘অখণ্ড পাকিস্তান’ চেয়েছে, তাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপি বানিয়ে ‘স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান’ নেওয়ার দায়ে বিএনপিরই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন ও কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বলায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় বক্তব্যের প্রেক্ষিতে এ কথা বলেন গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যে ভাষায় বাইরে এবং পার্লামেন্টে আপনারা কথা বলেন, প্রশ্ন করেন, আমাদেরও প্রশ্ন আছে। সেই জবাবটা তো বিএনপিকে দিতে হবে। বিএনপি ক্ষমতায় আসার পর এই স্বাধীন বাংলাদেশে অন্তত ১৪-১৫ জন মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী করেছিলেন, যারা পাকিস্তানের সময়ে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশ তারা চায়নি।’

গোলাম পরওয়ার প্রশ্ন রেখে বলেন, ‘তাহলে কী বাংলাদেশবিরোধীদের বিএনপি পুরস্কৃত করেনি?’

জামায়াতের এ নেতা বলেন, ‘যারা অখণ্ড পাকিস্তান চেয়েছে, তাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপি বানিয়ে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে আগে বিএনপিরই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।’

সরকারকে আয়নায় নিজেদের চেহারা আহ্বান জানান জামায়াত নেতা গোলাম পরওয়ার। তিনি আরও বলেন, ‘অতীত থেকে বেরিয়ে এসে জুলাই চেতনা লালন করে জুলাইয়ের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগ নিন।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘তারা বলে জামায়াতের ওপরে ভূত চেপেছে। এখন দেখা যাচ্ছে, সরকার আর সরকারি দলের ওপরে ভূত চেপেছে। বিএনপি মহাসচিবের মাথায়ও মাঝে মাঝে ভূত চাপে। কিছুদিন গেলেই ৫০-৬০ বছরের পুরোনো একাত্তরের মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে সামনে এনে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করেন।’

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দলের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, আগামী ২ থেকে ৯ জুলাই রাজধানীতে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাইয়ের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

গোলাম পরওয়ার বলেন, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরীর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে। এ ছাড়া ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া কর্মসূচি পালন করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী—১ আগস্ট মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে সারা দেশে গণমিছিল অনুষ্ঠিত হবে। ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হবে।

এ ছাড়াও ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীসহ দেশের সব জেলা, মহানগর ও উপজেলায় ১১ দলের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিলে সমর্থন ও অংশগ্রহণ করবে জামায়াতে ইসলামী। একই দিনে দলের মহিলা বিভাগ, ছাত্র সংগঠন এবং জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের গৃহীত কর্মসূচিতেও অংশ নেওয়া হবে বলেও জানান পরওয়ার।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে তিনটি দাবি থাকবে জামায়াতের। এগুলো হলো—গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, শরিফ ওসমান বিন হাদির খুনিদের বিচার এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন—সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, হামিদুর রহমান আযাদ, এটিএম মাছুম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত