
ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি, তদারকি নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, প্রতিবছর ঈদে যাত্রীর চাপ বাড়বে—এটি পূর্বানুমেয় হলেও এবারও সে অনুযায়ী কার্যকর প্রস্তুতি নেওয়া হয়নি।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি এবং যাত্রীদের সীমাহীন ভোগান্তির মতো সমস্যার বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এসব বিষয় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ তৈরি করছে বলে তিনি মন্তব্য করেন।
সাম্প্রতিক সময়ে রাজধানীর সদরঘাটে লঞ্চ সংঘর্ষে একজনের মৃত্যু এবং বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনাও বিবৃতিতে তুলে ধরেন তিনি। তাঁর মতে, এসব দুর্ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা এবং দুর্বল তদারকির প্রতিফলন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার এখনো নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। অথচ নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি মৌলিক দায়িত্ব।
গোলাম পরওয়ার বলেন, ‘পবিত্র ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে, যা পূর্বানুমেয় ছিল। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, এই সময়ে পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি, সতর্কতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা হয়নি।’ অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি এবং যাত্রীদের ভোগান্তি—এসব সমস্যার বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার।
দুর্ঘটনা দুটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ঈদযাত্রা উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে ভাড়া নিয়ন্ত্রণ এবং সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’
ঈদযাত্রার বাকি দিনগুলো এবং ঈদের পর ফেরার সময়কে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন নিশ্চিত করার দাবি জানান গোলাম পরওয়ার। একই সঙ্গে সড়ক ও মহাসড়ক বিভাগ এবং স্থানীয় সরকার-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন তিনি।

১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে এবং সরকারের প্রতি জন-আস্থা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট...
১১ ঘণ্টা আগে
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ চার দফা দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী পর্যন্ত তিন দিনব্যাপী প্রচারযাত্রা আগামীকাল সোমবার (২৪ আগস্ট) শুরু হচ্ছে। ফুলবাড়ী গণ-অভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে গণতান্ত্রিক অধিকার কমিটি এ কর্মসূচির আয়োজন করেছে...
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিজেদের পরিবারের স্বচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, হয়রানি বন্ধ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব...
১৪ ঘণ্টা আগে
মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সাল দিতে হয়। তারা যেন চব্বিশকে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল। ‘ফ্যাসিবাদের দোসরেরা’ ন্যারেটিভ নির্মাণে নেমে পড়েছে। চব্বিশে যে মানুষগুলো জেগে উঠেছিল, তারা সবাই মারা যায়নি, তারা ঘুমিয়ে পড়েনি। তারা সজাগ দৃষ্টিতে সবকি
১৬ ঘণ্টা আগে