
জাতীয় সংসদের অধিবেশনে জ্বালানি পরিস্থিতি নিয়ে মুলতবি (৬২ বিধির) প্রস্তাবের নোটিশ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে বাহাস হয়েছে।
আজ সোমবার বিষয়টি নিয়ে সংসদে মন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার পর নতুন করে আলোচনার গুরুত্ব রাখে কি না, সে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংসদে দেখি সব তেল আছে; কিন্তু বাইরে তেল নেই। জ্বালানি ইস্যুটি এ মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়টি পাশ কাটিয়ে গেলে আমাদের সংসদে থাকার কোনো সার্থকতা থাকে না।’
৭১ বিধির নোটিশ নিষ্পত্তির পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় সদস্য চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নুরুল ইসলামের ৬২ বিধির দুটি প্রস্তাবের প্রসঙ্গ তোলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। দুটি প্রস্তাবের বিষয়বস্তু প্রায় একই ধরনের উল্লেখ করে ডেপুটি স্পিকার বিরোধীদলীয় নেতার প্রস্তাবটি পড়ে শোনান।
বিরোধীদলীয় নেতার মুলতবি প্রস্তাবটি ছিল, ‘দেশব্যাপী তীব্র জ্বালানি সংকট এবং এর ফলে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানায় সৃষ্ট অচলাবস্থাসহ জনজীবনের বহুমাত্রিক সংকট সম্পর্কে আলোচনা।’ ৬৩ বিধিতে নোটিশটি নাকচ করেন ডেপুটি স্পিকার।
এ সময় ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা তো কাউকে দোষারোপ করার জন্য এই আলোচনায় যাচ্ছি না। বাস্তব অবস্থাটা জেনে করণীয় বিষয়েই আমরা কথা বলতে চাচ্ছি। এ সুযোগই দেওয়া না হলে আমরা কি ধরে নেব—জনজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটা নিয়ে এই সংসদে আলোচনা করতে পারলাম না। এটা কি আমাদের জন্য একটা দুর্ভাগ্য হবে না?’
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই। আরেকদিকে বাস্তবে যেটা ঘটছে তা সম্পূর্ণ ভিন্ন। এ নিয়ে মানুষের মধ্যে দারুণ অসন্তোষ। আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি। সঠিক তথ্যগুলো যদি ফ্লোরে আসে। কিন্তু আমাদের নোটিশগুলোর কোনোটিই আলোচনায় না আসে, বিবেচনায় না নেন—তাহলে এখানে (সংসদে) থাকব কেন? আমরা কী জন্য এসেছি?’
বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর ফ্লোর নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে বলেন, প্রস্তাবটি অবশ্যই আলোচনার যোগ্য। জাতীয় জীবনে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ও বটে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সংসদের বাইরে বিরোধীদলীয় নেতা বিভিন্ন জায়গায় সফর করছেন। উনি ওখানে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন এবং বলছেন, সংসদে তো সব তেল আছে। বাইরে তেল নেই। এটা গণতান্ত্রিক অধিকার, তিনি বলেছেন পত্রিকায় আসছে আমরা পড়ি।’
জ্বালানিমন্ত্রীর বিবৃতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার পর মুলতবি প্রস্তাব গ্রহণ করে সংসদের বৈঠক মুলতবি রেখে আলোচনার জন্য এ বিষয়টি গুরুত্ব রাখে কি না? আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই। সেটা আমরা পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি। মন্ত্রী দেখিয়েছেন।’
জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন, কোনো সংকট নেই। এটা আসলে সংসদের ভেতরে নেই। সংকটটা আমাদের সংসদের বাইরে। সংকট আছে বলে জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে হাইকোর্টের মতো খুবই স্পর্শকাতর জায়গায় দুদিন ভার্চুয়ালি কোর্ট বসছে।’
শফিকুর রহমান বলেন, ‘ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রীকে, উনি ৬৮ বিধিতে নোটিশ দেওয়ার কথা বলেছেন। আমি সেই নোটিশটা দিতে পারি; কিন্তু ওখানে তো আধা ঘণ্টা সময়। এ সময়ের মধ্যে সরকারি দল বলবে কতটুকু? আমি বলব কতটুকু? বা আমরা বলব কতটুকু? আমি আবার অনুরোধ করব, সংসদ নেতার উপস্থিতিতে বিষয়টি আলোচনার জন্য আগামী তিন দিনের মধ্যে সময় নির্ধারণ করতে পারেন।’
এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘সংসদকে মুলতবি করে আলোচনা না করে আমরা সংসদ চলমান অবস্থায় সাধারণ আলোচনা নিয়ে যেতে পারি। আমরা আধা ঘণ্টার জায়গায় এক ঘণ্টা বা দেড় ঘণ্টায় নিয়ে যেতে পারি; কিন্তু মুলতবি না রেখে।’
বিরোধীদলীয় নেতা ডেপুটি স্পিকারের প্রস্তাব লুফে নিয়ে বলেন, ‘আপনি দেড় ঘণ্টার কথা বলেছেন, আমি মেনে নিলাম। আপনারটাই কবুল।’ পরে স্পিকারের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক ঘণ্টার জন্য আলোচনার সুযোগ দিতে পারেন।
আলোচনা এক ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সুন্দর করে কথা বলার পরও কি মন গলাইতে পারলাম না? আর কোন ভাষায় বললে মন গলবে? ঠিক আছে আপনি (স্পিকার) যেটা সর্বোত্তম মনে করেন, সেটাই আমরা আশা করব।’

মৌলভীবাজার-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ চা-শিল্প রক্ষার প্রশ্নে বলেছেন, ‘বাংলাদেশে ২০০টির বেশি চা-বাগান আছে, কিন্তু শিল্পটি এমন সংকটে পড়েছে যে মেডিকেলের ভাষায় একে এখন সিসিইউতে বলা যায়। এবার সমাধান না হলে আগামী বছর আইসিইউতে চলে যেতে পারে।’
৪ মিনিট আগে
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফাহমিদা হক। তিনি বহুল প্রচারিত টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের সহধর্মিণী।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। আজ সোমবার সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে...
৩ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা সংরক্ষিত নারী আসনেও জায়গা পাননি। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে