Ajker Patrika

সরকারের কর্মকাণ্ড জনগণকে আশাহত করছে: জামায়াতের এমপি নাজমুন নাহার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৮: ৪৪
সরকারের কর্মকাণ্ড জনগণকে আশাহত করছে: জামায়াতের এমপি নাজমুন নাহার
জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শনিবার নারী শ্রমিক সমাবেশে অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নীলু। ছবি: আজকের পত্রিকা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নীলু বলেছেন, নতুন সরকারের ৫ মাসের কর্মকাণ্ড জনগণকে আশাহত করেছে। চাঁদাবাজি ও ধর্ষণ শুধু বেড়েই চলছে। সম্প্রতি এক শিশু ধর্ষণের শিকার হলো।

আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে নারী শ্রমিক সমাবেশে এসব কথা বলেন নাজমুন নাহার।

জুলাই সনদ বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে নাজমুন নাহার বলেন, এই সনদ বাস্তবায়ন হলে বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ফিরবে।

জামায়াতের সংরক্ষিত আসনের এই এমপি বলেন, গণ-অভ্যুত্থানে ১০ থেকে ১১ জন নারী নিহত হয়েছেন। এর মধ্যে ২ জন নারী হচ্ছেন শ্রমিক। একজন নারী মাছ ব্যবসায়ী ছিলেন, আরেকজন বাসা-বাড়িতে কাজ করতেন। আরও অসংখ্য নারী শ্রমিক আহত হয়ে আছেন। তাদের চিকিৎসা ও সহায়তা দিতে হবে সরকারকে।

শ্রমিক কল্যাণ ফেডারেশনকে নারী শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার হয়ে কাজ করার আহ্বান জানান এ সংসদ সদস্য।

সমাবেশে নারীদের অধিকার আদায়ে কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো: জুলাই সনদ বাস্তবায়ন, কর্মক্ষেত্রে নারীদের যৌন নির্যাতন বন্ধ করা, শ্রম আইনের ধারা অনুযায়ী সমান কাজের সমান বেতন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, বৈষম্যহীন সমাজ গঠন করা, রাষ্ট্রীয় সব সংস্থার জবাবদিহি নিশ্চিত করা, গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত রাখা, জুলাইয়ে আহত ও ক্ষতিগ্রস্ত নারীদের অনুদান নিশ্চিত করা, অপ্রাতিষ্ঠানিক নারীদেরও সহযোগিতায় এগিয়ে আসা।

ফেডারেশনের সহসাধারণ সম্পাদক রোজিনা আক্তারের সভাপতিত্বে এনসিপির যুগ্ম সদস্যসচিব হুমায়রা নূর বলেন, নারীরা যখন চার দেয়ালের ভেতরে কাজ করে, তখন অনেক ক্ষেত্রেই সে যৌন হয়রানির শিকার হয়। এখন এই ঘটনায় আপনার কাছে হয়তো কোনো ডকুমেন্টস নাই। তবে এটার আইন আছে। আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তাই হীনমন্যতায় না ভোগে আইনের আশ্রয় নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত