Ajker Patrika

সরকারকে পাঁচ বছর অতিক্রম করার সুযোগ দেওয়া হবে না: নাহিদ ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সরকারকে পাঁচ বছর অতিক্রম করার সুযোগ দেওয়া হবে না: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জ্বালানির দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিরোধী মতের ওপর হামলার অভিযোগ তুলে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার যদি মনে করে এভাবে পাঁচ বছর পার করে দেবে, সেই সুযোগ তাদের দেওয়া হবে না।

শুক্রবার রাতে নাহিদ ইসলাম রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আলিফ চৌধুরীকে দেখতে যান। হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এই ছাত্রশক্তির সংগঠকের শরীরের খোঁজ খবর নেওয়ার পর সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি ৷

হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, ঘটনার তিন দিন পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। সরকারি বাহিনীর মদদে ওই হামলা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘ভিডিও ফুটেজে বিষয়টি স্পষ্ট দেখা যাচ্ছে। হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্যসচিব হামলার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় মামলা করা হলেও এখন পর্যন্ত কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।’

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারের এই অবস্থান জনগণের কাছে একটি বার্তা দিয়েছে—সরকারের পৃষ্ঠপোষকতায় থাকা সন্ত্রাসী বাহিনী চাইলে যে কাউকে দিনে-দুপুরে আক্রমণ করতে পারে, কিন্তু তার বিচার হয় না। তিনি বলেন, আমরা যখন এই ঘটনার প্রতিবাদে কর্মসূচি দিচ্ছি, তখন সেই গণতান্ত্রিক কর্মসূচিতেও বাধা দেওয়া হচ্ছে।

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, একদিকে সরকার শিশুদের সঙ্গে ছবি তুলে মানবিকতার বার্তা দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে বিরোধী মতের মানুষের ওপর হামলা হচ্ছে। এটি জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা ও দ্বিচারিতা।

তিনি দাবি করেন, সারা দেশে এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য, ‘এর মাধ্যমে সরকার দেখিয়ে দিচ্ছে, তারা দেশে বিরোধী মতের কোনো জায়গা রাখতে চায় না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাতে ব্যর্থ হয়েছেন, দল চালাতেও ব্যর্থ হয়েছেন।’

এ সময় তিনি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করেন এবং এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জ্বালানির দাম বাড়লে দ্রব্যমূল্যের দাম আরও বাড়বে, শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হবে এবং বিনিয়োগ নিরুৎসাহিত হবে। একদিকে ব্যবসায়ীরা বিদ্যুৎ পাচ্ছেন না, অন্যদিকে প্রশাসন ও দলীয় লোকজনের হয়রানির শিকার হচ্ছেন। আমাদের কথা খুবই পরিষ্কার। গ্যাসের দাম বৃদ্ধি করা হলে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা শহরের মানুষ রাজপথে নেমে আসবে।’

সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, পদবঞ্চিত নেতাদের মূল্যায়নের জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে। গত কয়েক মাসে সরকারের অগণতান্ত্রিক ও দমনমূলক চরিত্র জনগণের সামনে প্রকাশ পেয়েছে। তিনি বলেন, যে সরকার বিরোধী দলের সঙ্গে সঠিক আচরণ করতে পারে না, নিজের দল নিয়ন্ত্রণ করতে পারে না, তার পক্ষে ১৮ কোটি মানুষের দেশ পরিচালনা করা সম্ভব নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত