সকাল থেকেই লোকে লোকারণ্য সায়েদাবাদ লাগোয়া গোলাপবাগ মাঠ। বিএনপির এই সমাবেশস্থল ছাড়িয়ে টিটিপাড়া, ফ্লাইওভার, জনপদ মোড়, মানিকনগর থেকে কমলাপুর স্টেডিয়াম হয়ে মুগদা পর্যন্ত রংবেরঙের পোস্টার-ফেস্টুনে একাকার।
তবে সমাবেশস্থল ও আশপাশে সবচেয়ে চোখে লাগার বিষয় ক্যাপ। বাহারি ক্যাপে ঢাকা একেকটি মাথা। কারও লাল, কারও নীল, সবুজ, টিয়া কমলা, সাদা, হলুদ কী নেই?
নিজেদের পরিচয় নিশ্চিত করতে আর জানান দিতে যে এই আয়োজন তা আর বলার বাকি থাকে না। ছাত্রদলের জন্য সাদা, যুবদলের লাল, কৃষক দলের ফ্লোরেসেন্ট, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা নীল ও আকাশি রঙের ক্যাপ পরে এসেছেন। সবাই বসে-দাঁড়িয়ে আছেন একসঙ্গেই।
ঢাকার চারপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ তো আছেই, পটুয়াখালী, মাদারীপুর, কক্সবাজার, নেত্রকোনা, লক্ষ্মীপুর, ভোলা, যশোর, ঝালকাঠি, কুমিল্লাসহ অনেক জেলা-উপজেলার নেতা-কর্মীরা বিভিন্ন রঙের ক্যাপ এবং টিশার্ট পরে এসেছেন গোলাপবাগে।
ব্যতিক্রম দেখা গেল মতিঝিল থানা বিএনপির লোকজনের ক্ষেত্রে। তারাই একমাত্র গোলাপি রঙের টুপি মাথায় দিয়েছেন।
যুবদলের মামুন নামে এক নেতা জানালেন, ‘নিজেদের লোক চেনা এবং শীর্ষ নেতাদের জানান দিতে এক রঙের পোশাক ও টুপি বেছে নেই আমরা। কোন ইউনিটের কেমন সমাগম হয়েছে, তা সহজে বোঝা যায়।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল বললেন, ‘নানা সময়ে তুচ্ছ কারণে ঝামেলা তৈরি হয়। আবার তৃতীয় পক্ষ উসকানির চেষ্টা করে। তাই একই রকম ক্যাপ থাকলে চিনতে সুবিধা হয়। নির্দেশনাও সহজে দেওয়া যায়।’
প্রতিবেদন লেখা পর্যন্ত সমাবেশে শীর্ষ নেতাদের বক্তব্য শুরু হয়েছে। তখনো নতুন নতুন রঙের ক্যাপ আর টিশার্ট পরে সমাবেশের দিকে যাচ্ছিলেন নেতা-কর্মীরা।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
- সড়কে প্রস্তুত পুলিশ, ‘নাশকতা হলেই’ ব্যবস্থা
- যান তল্লাশিতে কমেছে যাত্রী, টানাটানি বাস চালকদের
- নয়াপল্টনে নাশকতার আশঙ্কা: হাফিজ
- নাশকতার আশঙ্কা নেই, শহরজুড়ে ২০ হাজার পুলিশ: ডিবির প্রধান
- বিএনপির সমাবেশ: মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা
- সমাবেশ গোলাপবাগে, নয়াপল্টনে ৪০০ পুলিশের সতর্ক অবস্থান
- খালেদা জিয়ার বাড়ির সামনে ফের অতিরিক্ত পুলিশ: শায়রুল কবির
- গোলাপবাগে বিএনপির সমাবেশ শুরু
- বিএনপির সমাবেশ: রাজধানী গণপরিবহনশূন্য, সড়কে সতর্ক পুলিশ
- পায়ে হেঁটে রাজধানীর পথে কর্মজীবী সাধারণ মানুষ
- বিএনপির সমাবেশ: গোলাপবাগ মাঠেই তৈরী হচ্ছে ব্যানার-ফেস্টুন
- বিএনপির সমাবেশ: মধ্যরাতেও উজ্জীবিত গোলাপবাগ মাঠ, স্লোগানে সরব নেতা-কর্মীরা
- গোলাপবাগ মাঠে প্রস্তুত হচ্ছে মঞ্চ, অপেক্ষা নেতাদের










