
এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৯৪০ টাকা হলেও ২ হাজার ২০০ টাকার নিচে পাওয়া যায় না বলে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন। তাঁর প্রস্তাবে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকায় ঘরে ঘরে গ্যাসের নতুন সংযোগ দেওয়া হোক।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘মেঘনা ও তিতাসপাড়ের দেশ ব্রাহ্মণবাড়িয়া। ওস্তাদ আলাউদ্দিন খাঁ কিংবা শচীন দেব বর্মণের দেশ ব্রাহ্মণবাড়িয়া। কীর্তন ও বাউলগানের দেশ ব্রাহ্মণবাড়িয়া। ছানামুখী মিষ্টির অপূর্ব স্বাদের দেশ আমার বামুনবাইরা। দিগন্তজোড়া হাওরের দেশ ব্রাহ্মণবাড়িয়া। আবার তুচ্ছ বিষয়ে টেঁটা নিয়ে মাঠে নামার দেশও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া।’
রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের শিল্প-সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। এ মাটিতে জন্ম নিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত বা অলি আহাদের মতো সংগ্রামী যোদ্ধারা, যাঁদের কল্যাণে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে।
আশুগঞ্জের শিল্পকারখানার কথাও উল্লেখ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা দেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না।
নিজ নির্বাচনী এলাকা সরাইলের আবাসিক গ্যাস-সংযোগ থাকলেও গ্রাহকেরা গ্যাসের সংকটে রয়েছেন বলে দাবি করেন রুমিন ফারহানা। তিনি বলেন, সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত গ্যাসের চাপ থাকে না। চুলা মিটমিট করে জ্বলে। মন চাইলে এক ঘণ্টার জন্য গ্যাস আসে। তারপরে রাত পর্যন্ত গ্যাসের খবর নেই। শীতকালে গ্যাসের চাহিদা আরও বাড়ে। অন্যদিকে আছে অবৈধ সংযোগ। লোকবলের অভাবে সংশ্লিষ্ট সংস্থা তদারকি করতে পারছে না বলেও উল্লেখ করেন তিনি।
২০১৬ সালে বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ করা হলেও অসাধু কর্মকর্তাদের সমন্বয়ে অবৈধভাবে গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে, এতে সরকার রাজস্ববঞ্চিত হচ্ছে। এতে বৈধ সংযোগধারীরা গ্যাস পাচ্ছেন না। মানুষ মাটির চুলা, এলপিজি ও বৈদ্যুতিক চুলায় ভরসা করছে।
রুমিন ফারহানা বলেন, ‘আমাদের জীবনমানের এতই উন্নতি হয়েছে, গ্রাম বা মফস্বলের মানুষ ফ্ল্যাটে থাকে, পাকাবাড়িতে থাকে। উঠান অনেকটাই বিলাসিতা। মাটির চুলায় রান্না করা বাস্তবতাবিবর্জিত। অন্যদিকে ১ হাজার ৯৪০ টাকার এলপিজি সিলিন্ডার বলে বটে, কিন্ত ২ হাজার ২০০ টাকার নিচে সিলিন্ডার পাওয়া যায় না। আর বিদ্যুতের চুলার কথা বলি যদি, ঢাকা শহরে এক-দুই ঘণ্টা লোডশেডিং হলেও গ্রামে সেটা ১৪ ঘণ্টা পর্যন্ত গড়ায়। গ্যাস ছাড়া চুলা জ্বালানোর জ্বালানি নেই।’
স্বতন্ত্র এ সংসদ সদস্য বলেন, ‘আমার দাবি থাকবে, আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপর এটি অন্য এলাকায় যাবে।’
এদিকে, গ্যাসের প্রেশার কমে যাওয়ায় লাইনে সরবরাহ কমে গেছে বলে দাবি করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য আমরা শিল্পকারখানায় যতখানি পারছি গ্যাস সরবরাহ করছি। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করেনি। আমরা ক্ষমতায় আসার পরে বাপেক্সকে শক্তিশালী করে অনুসন্ধানকাজ শুরু করেছি।’
পরে সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহারের বিষয়ে রুমিন ফারহানাকে ফ্লোর দেন স্পিকার। রুমিন ফারহানা বলেন, ‘গ্যাসের অভাবে আশুগঞ্জ সার কারখানাটি বন্ধ হয়ে গেছে। যদি সার কারখানায় গ্যাস দেওয়া হয়, তাহলে এলাকার মানুষের কাছে মুখ দেখাতে পারি।’
পরে জ্বালানিমন্ত্রী বলেন, আগামী ১ মে হতে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করা হবে।

সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
১৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
১৬ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১৭ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
১৭ ঘণ্টা আগে