
প্রতিবেশী দেশ ভারত থেকে অব্যাহত পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে রাজধানী এবং সীমান্তবর্তী জেলাগুলোতে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ১২ জুন সীমান্তবর্তী সব জেলা, সীমান্তের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে এবং ১৫ জুন রাজধানীর শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।
আজ বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
দেশের সীমান্ত ‘অরক্ষিত’ মন্তব্য করে হামিদুর রহমান আযাদ বলেন, ‘সীমান্তে হত্যা বাংলাদেশের দীর্ঘদিনের চলমান পরিস্থিতি। তবে বর্তমান সরকারের আমলে সীমান্ত হত্যার যে চিত্র দেখা যায়, সেটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি।’
প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীমূলক আচরণ না করে বাংলাদেশের সঙ্গে বাড়াবাড়ি করে যাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ‘তারা বলে, ভারতের ডিকশনারিতে পুশ ইন বলে কিছু নেই। তবে তারা সীমান্তের বিভিন্ন পয়েন্টে জোরপূর্বক অনেক লোক ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধভাবে জনগণ প্রতিরোধব্যবস্থা গড়ে না তুললে ভারত এত দিনে তাদের দেশের অনেক নাগরিককে এ দেশে পুশ ইন করত। ইতিমধ্যে কিছু জায়গায় পুশ ইন হয়েছে।’
পত্রিকায় প্রকাশিত খবরের পরিসংখ্যান তুলে ধরে হামিদুর রহমান আযাদ বলেন, ‘গত তিন মাসে ৫০-এর অধিক সীমান্তবর্তী এলাকায় পুশ ইনের ঘটনা ঘটেছে। সেখানে ২ হাজার ৪৭৯ জনকে পুশ ইনের চেষ্টা করা হয়েছে।’ তবে বাস্তব সংখ্যা এর দ্বিগুণের বেশি বলে দাবি করেন তিনি।
সরকারের ১০০ দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ১৯ জন নিরীহ বাংলাদেশি নিহত হয়েছেন, উল্লেখ করে জামায়াতের এই সহকারী সেক্রেটারি বলেন, ‘একই সময়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে ২৪ জন। বিএসএফ এবং মিয়ানমারের আরাকান আর্মি ৮৩ জনকে আটক করে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যা নিয়ে সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আযাদ বলেন, ‘মন্ত্রীরা দায়িত্বশীল জায়গা থেকে মন্তব্য করার সময় মনে রাখতে হবে, তাঁরা বাংলাদেশের মন্ত্রী। এ ক্ষেত্রে তাঁর (স্বরাষ্ট্রমন্ত্রী) বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো। বাংলাদেশের কোনো মন্ত্রী এ ধরনের বক্তব্য দিতে পারেন, সেটি বিশ্বাস করা কঠিন।’
এ সময় সরকারকে ‘নতজানু পররাষ্ট্রনীতি’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মহাসচিব ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক প্রমুখ।

এই গুলি নিয়ে আওয়ামী লীগ থেকে প্রচার আছে যে, হাসিনাকে বিপদে ফেলার জন্য স্নাইপার দিয়ে সাধারণ মানুষের ওপর এমন গুলি করা হয়েছে। এ রকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। অথচ পুলিশের হাতে যেই চাইনিজ রাইফেল আছে সেটাও এই ধরনের বুলেট বহন করে। একজন সাবেক সেনা কর্মকর্তা হয়ে সাবেক উপদেষ্টা এ নিয়ে
২৯ মিনিট আগে
‘সবার আগে বাংলাদেশ’ নয়, বরং ‘সবার আগে বিএনপি’—নীতিতে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
৩১ মিনিট আগে
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল? গত ১৭ বছর কোথায় ছিল? এসব তো প্রশ্নের বিষয়।’
৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে