Ajker Patrika

রাজপথে আন্দোলন সরকারের জন্য সুখকর হবে না: এ টি এম আজহার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ২০: ৪৮
রাজপথে আন্দোলন সরকারের জন্য সুখকর হবে না: এ টি এম আজহার
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। ফাইল ছবি

সরকারকে গণভোটের ফলাফল মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোট শরিক জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোনো সময় সুখকর হয়নি, হবেও না।’

আজ শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘সময় থাকতে যদি দেশ ভালো চালাতে চান, তবে গণভোটের রায়কে মেনে নেন এবং তা কার্যকর করেন। তবেই জনগণ আপনাদেরকে ভালোবাসবে ও শ্রদ্ধা করবে।’

চব্বিশের জুলাই বিপ্লব একটি দলকে ক্ষমতাচ্যুত করে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না বলে মন্তব্য করেন জামায়াতের এই নায়েবে আমির। তিনি বলেন, ‘জুলাই বিপ্লব ছিল পুরাতন ব্যবস্থাকে ছুড়ে ফেলে নতুন ব্যবস্থা কায়েম করার জন্য। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য।’

এ টি এম আজহার বলেন, ‘গণভোট অস্বীকার করা মানে শুধু ৭০ ভাগ মানুষের রায় অস্বীকার করা নয়; ৭০ ভাগ রায় অস্বীকার করার মধ্য দিয়ে তারা আবারও আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। আমরা দীর্ঘ ১৬ বছর এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি। আমাদের হাজার হাজার ভাইকে জীবন দিতে হয়েছে। শুধু জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ১১ জন ব্যক্তিকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বিনা বিচারে হত্যা করা হয়েছে।’

সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ—এমন দ্বিমুখী বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না।’

সরকারের উদ্দেশে আখতার আরও বলেন, ‘আমরা তো বুঝি আপনারা কেন সংস্কার চান না, গণভোট চান না। তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতাকে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির কর্তৃত্বে আবদ্ধ করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না; সেই কারণে আপনারা গণভোট চান না।’

বিএনপির সুবিধাবাদের রোগ হয়েছে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো সরকারের ক্ষমতাকে বৃদ্ধি করে এবং সরকারের আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়তা করে, সেই সকল অধ্যাদেশ বিএনপির খুব পছন্দ। আর যে সকল অধ্যাদেশগুলো, যে সকল প্রস্তাবনাগুলো জাতির কাছে জবাবদিহিতা বাধ্য করে, সেগুলো তাদের কাছে অপছন্দ। তাই আমরা মনে করি, বিএনপি আজ যেই রাজনীতি করছে, তা সুবিধাবাদের রাজনীতি।’

মামুনুল হক হুঁশয়ারি উচ্চারণ করেন, ‘জনগণের পক্ষে, দেশের পক্ষে আপনারা যদি অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হন, দেশের জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এ দেশের জনগণের গণরায়কে যদি “হাইকোর্ট” দেখান, তবে এ দেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবিলা করবে। ৭০ শতাংশ জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মসনদে টিকতে পারবেন না।’

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহনগঞ্জে মোটরসাইকেল স্ট্যান্ডে চাঁদার দাবিতে হামলা, আটক ১

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, মধ্যস্থতায় অনীহা কাতারের

প্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাদ দিন ৬ খাবার

নিখোঁজ ক্রুকে উদ্ধারে ‘বিপজ্জনক’ মিশনে মার্কিন বাহিনী, হন্যে হয়ে খুঁজছে ইরানও

অতীতে ইরানের হাতে আটক মার্কিন সেনাদের ভাগ্যে কী ঘটেছিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত