
চলতি মাসজুড়ে দেশে একাধিক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গ্রীষ্ম শুরু হতে সপ্তাহের বেশি সময় বাকি, এরই মধ্যে চৈত্রের শেষভাগেই তীব্র গরমে অস্বস্তি নেমেছে জনজীবনে। আগামী দিনগুলোতে আরও তীব্র উত্তাপের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতিও বাড়ছে।
সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল জুড়ে দেশে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় কোথাও কোথাও তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, সার্বিকভাবে মাসজুড়ে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। তবে কয়েক দফা তাপপ্রবাহের কারণে গরমের তীব্রতা জনজীবনে বড় প্রভাব ফেলতে পারে।
তাপপ্রবাহের পাশাপাশি এ মাসে কালবৈশাখীরও আশঙ্কা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।
সমুদ্র পরিস্থিতি নিয়েও সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বঙ্গোপসাগরে এ মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
গতকাল আবহাওয়া অধিদপ্তরে উপপরিচালক আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে আগামী পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, দেশের ওপর চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আপাতত অব্যাহত থাকবে, তবে আগামী কয়েক দিনে কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টি হতে পারে, অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পুরো সপ্তাহ একই প্রবণতা থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে। তৃতীয় দিন থেকে দেশের আরও কয়েকটি বিভাগে বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চতুর্থ দিনে খুলনা ও বরিশালে বৃষ্টির বিস্তার বাড়তে পারে এবং তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পঞ্চম দিনেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকলেও সময়ের শেষ দিকে বৃষ্টির প্রবণতা কমে আবার তাপমাত্রা বাড়তে পারে।
এ দিকে দেশের প্রধান নদ-নদীগুলোতে এপ্রিল মাসে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে তাপপ্রবাহ, ভ্যাপসা গরম, কালবৈশাখী ও সম্ভাব্য লঘুচাপের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
১২ ঘণ্টা আগে
চৈত্রের শেষ ভাগে দেশের বিভিন্ন এলাকায় গরম তীব্র হয়ে উঠেছে। এরই মধ্যে অন্তত ২২ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ভ্যাপসা গরমে জনজীবন যখন হাঁসফাঁস, এপ্রিলজুড়ে আরও কয়েক দফা তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ দিন আগে
এবারের চৈত্র মাসের প্রথম দুই সপ্তাহ ছিল বেশ স্বস্তির। তীব্র গতির না হলেও প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলের ওপর বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এর সঙ্গে কোথাও কোথাও হালকা, কোথাওবা ঝরেছে ভারী বৃষ্টি। কোনো কোনো অঞ্চলে আবার হয়েছে বজ্রপাত আর শিলাবৃষ্টি।
১ দিন আগে
চৈত্রের খরতাপে পড়েছে সারা দেশ। দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে দাবদাহ। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায়ও একদিনের ব্যবধানের তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে আজ শুক্রবার সকাল ৬টায় হয়েছে...
২ দিন আগে