Ajker Patrika

জানা এবং অজানা মামলা

সম্পাদকীয়
জানা এবং অজানা মামলা

কী মুশকিল! বাদী বলছেন মামলা সম্পর্কে কিছুই জানেন না। পুলিশ বলছে, বাদী নিজেই এসে মামলা করেছেন, এর প্রমাণ আছে। মনে হচ্ছে, অভিযুক্ত ব্যক্তিরা দুই পক্ষের টানাহেঁচড়ার মধ্যে পড়ে গেছেন। ২৬ নভেম্বর আজকের পত্রিকায় প্রকাশিত এক খবর থেকে জানা যায়, এমনই এক ‘নাটক’ চলছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে। এই ‘নাটকের’ মুখ্য ‘শিল্পী’ পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহাবুব আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১২ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ১১-১২ শ জন!

২১ নভেম্বর একটি মামলা করা হয়, যেখানে আওয়ামী লীগের ১১২ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী মাহাবুব আলম। এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক ও ছাত্রলীগ কর্মী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মামলার আগে থেকে আরও কয়েকজন কারাগারে রয়েছেন।

যা হোক, পরদিনই বাদী মাহাবুব আলম মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন। তাঁর অভিযোগ, ওসি আমানুল্লাহ আল বারী একটি স্বাক্ষরের প্রয়োজন বলে তাঁকে দিয়ে সাদা কাগজে সই করিয়েছিলেন। পরে ওই স্বাক্ষরিত কাগজটি এজাহার হিসেবে প্রস্তুত করে মামলা করা হয়েছে। তিনি মামলা সম্পর্কে কিছুই জানেন না দাবি করে এ-ও বলছেন, তাঁর সামনে কোনো নাশকতা হয়নি এবং তাঁকে বাদী বানিয়ে ফাঁসানো হয়েছে। আর অভিযুক্ত ব্যক্তিরা জামিন পেলেও তাঁর কোনো আপত্তি থাকবে না।

এদিকে ওসি সাহেব বলছেন, মামলা করার ভিডিও ফুটেজ আছে। ঠিক আছে, তাহলে তা যাচাই করাই তো শ্রেয়। কিন্তু যদি মাহাবুব আলমের অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে ব্যাপারটা মোটেও সুখকর নয়। সাদা কাগজে স্বাক্ষর দেওয়ার মতো বড় ভুল তো তিনি করেছেনই, এই সুযোগে ওসি সাহেবও তাঁর সঙ্গে করেছেন প্রতারণা। এবং অভিযুক্ত ব্যক্তিরা যদি কোনো নাশকতা বা অপরাধ না করে থাকেন, তাহলে তাঁরা স্পষ্টতই প্রতিহিংসার শিকার। হতে পারে ওসি নিজে কিংবা কারও প্ররোচনায় এই হীন কর্ম করেছেন। এর মানে, বিধান অনুযায়ী শাস্তি অপেক্ষা করছে তাঁর বা তাঁদের জন্য। আর যদি মাহাবুব আলমের অভিযোগের সত্যতা না মেলে, তাহলে তাঁকেও আইনের আওতায় আনা জরুরি।

আসল ঘটনা কী, তা সঠিক তদন্তে বের হয়ে আসুক। চাইলাম আর মামলা করলাম, আবার পরদিন তুলে নিলাম অথবা মামলার বিষয়ে কিছু জানা বা না জানা, এ রকম ‘নাটক’ দর্শকদের কাছে উপভোগ্য হলেও সত্যিকারের ভুক্তভোগী ব্যক্তিদের কাছে যন্ত্রণাদায়ক।

দুই বছর ধরে যেভাবে মামলা-বাণিজ্যের সংস্কৃতি চলছে, তাতে দেশের কোনো মানুষ স্বস্তিতে নেই। কারণ, রাজনীতি না করেও ব্যক্তিগত প্রতিহিংসার কারণে অনেককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে কিংবা এমন মামলা হয়েছে, যা সম্পর্কে বাদী নিজে কিছু জানেন না। এ রকম সংস্কৃতি বদলাতে পুলিশে সৎ কর্মকর্তা খুব প্রয়োজন। আছেন কেউ?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত