Ajker Patrika

বয়স ২ বছর ১০ মাস

সম্পাদকীয়
বয়স ২ বছর ১০ মাস

শিরোনামটি পড়লে কী মনে হয়? এমনকি মনে হয় যে একটি দারুণ রোমাঞ্চকর কোনো সংবাদের শিরোনাম এটি? ২ বছর ১০ মাস বয়সে কোনো মেধাবী শিশু জটিল কোনো অঙ্কের সমাধান করে ফেলেছে? কিংবা ঘটনাটি কি এ রকম যে চাঁদে অভিযান চালানোর জন্য কোনো শিশু চড়ে বসেছে কোনো চন্দ্রযানে? নাকি ২ বছর ১০ মাস বয়সী কোনো শিশু ক্রিকেট মাঠে ১২ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছে?

না। এ রকম কোনো অস্বাভাবিক বা অলৌকিক ঘটনা ঘটেনি। এমনকি ২ বছর ১০ মাস বয়সী কোনো শিশু কোনো ঘটনাই ঘটায়নি। শিশুটি তার বাড়ির সামনে বসে খেলছিল। নেত্রকোনার কেন্দুয়ার একটি গ্রামে নিজেরই বাড়ির সামনে এই ছোট্ট শিশুটি তো খেলতেই পারে। খেলাটাই স্বাভাবিক। প্রতিটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা খুবই প্রয়োজনীয়। কিন্তু নিরাপদে কোনো শিশু যে খেলবে, তারও তো গ্যারান্টি নেই এখন এ সমাজে। এই মেয়েশিশুটিকে নিজের বাড়ির সামনে খেলতে দেখে ২২ বছর বয়সী এক যুবকের ইচ্ছে হলো, সে তাকে ধর্ষণ করবে। এই কুমতলব চরিতার্থ করার উদ্দেশ্যে সেই যুবক শিশুটিকে নিয়ে গেল নিজের ঘরে। তারপর ধর্ষণের চেষ্টা করতে লাগল। ঠিক এ সময় দুপুরের খাবারের জন্য ডাক পড়ল শিশুটির। শিশুটিকে তো বাড়ির সামনে পাওয়া গেল না। তাহলে গেল কোথায়? খোঁজাখুঁজির ফলে ভয় পেয়ে যুবকটি পালিয়ে গেল। আর ঘর থেকে শিশুটি বেরিয়ে এল কাঁদতে কাঁদতে। তারপর মাকে পুরো ঘটনা জানাল।

যিনি পড়ছেন, তিনি একবার পুরো ঘটনাটা ভাবতে চেষ্টা করুন। আপনার শরীরে কি কাঁটা দিচ্ছে না? আপনার রক্ত কি হিম হয়ে আসছে না? আপনার মনে কি এই ভাবনা আসছে না যে কোথাও কোনো শিশুরও নিরাপত্তা দেওয়া যাচ্ছে না!

নিজের শিশুসন্তানের কথা ভেবে কি কেঁপে উঠছে না বুক? নিজের বাড়ির সামনেই যদি সন্তান নিরাপদে না থাকে, তাহলে স্কুল,

মাঠ, প্রতিবেশীর বাড়ি—কোথায় নিরাপদ থাকবে সন্তান?

কী করে বিকৃতির চরমে পৌঁছে গেল সমাজ? ধর্ষণবিষয়ক যে সংবাদগুলো প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে, তা একটির চেয়ে আরেকটি ভয়াবহ। শিশু বয়স থেকেই এমন এক রুচিহীনতা ও বিকৃতির মধ্যে কী করে পৌঁছে যাচ্ছে এরা? সামাজিক বন্ধন ও একে অন্যকে ন্যায়কর্মে সহযোগিতা করার ধারণা থেকে কি সমাজ বেরিয়ে গেল? তাহলে এই সমাজে শিশুরা কার কাছে নিজেকে নিরাপদ বলে মনে করবে?

২২ বছর বয়সী যুবক গ্রেপ্তার হয়েছে। শাস্তিও হয়তো হবে তার। কিন্তু তার মতো বিকৃত মানসিকতার কত মানুষ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, সে হিসাব কে দেবে? কেন এই বিকৃত যৌন আচরণ বেড়ে যাচ্ছে সমাজে, তার শিকড় খুঁজে প্রতিকার করতে না পারলে সামনের দিনগুলোতে এ রকম আরও অনেক লজ্জাকর ঘটনার মুখোমুখি হতে হবে আমাদের। আমরা নিশ্চয়ই সে রকম ভবিষ্যৎ চাইব না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত