Ajker Patrika

কয়েকটি নিরীহ প্রশ্ন

জাহীদ রেজা নূর
কয়েকটি নিরীহ প্রশ্ন

যে বিষয়টি নিয়ে দেশের জনগণ এখন সবচেয়ে বেশি উৎসুক, সে বিষয়ে কিছু বলার নেই, মানে বলা যাবে না। কোন কথা বলা যাবে আর কোন কথা বলা যাবে না, তার সুরাহা এখনো হয়নি। তাই বাকস্বাধীনতার সীমা কতটা, তা এক রহস্যময় প্রশ্নে পরিণত হয়েছে। এ কারণে এই লেখায় কিছু মৌলিক প্রশ্ন তুলব, যেগুলো নিয়ে ভাবা জরুরি।

কোনো জাতি তার অতীত ইতিহাসের ওপর নির্ভর করে দাঁড়ায়, সেটাই তার ভিত্তি। কিন্তু কখনো কখনো সেই ভিত্তিটাই অস্বীকার করার চেষ্টা হয়ে থাকে। সেই চেষ্টা কিছু সময়ের জন্য মানুষের মনকে বিভ্রান্ত করতে পারলেও একসময় ঠিকই তা হারিয়ে যায় বিস্মৃতির অতল গহ্বরে। শুধু তাই নয়, সম্মিলিত জনসংঘ তাদের সত্যিকার ইতিহাস লিপিবদ্ধ করে রাখে প্রবহমান রক্তের বীজে। তাই ইতিহাস ভুলিয়ে দেওয়ার পাঁয়তারা অন্তত আমাদের দেশে সফল হবে না, এ কথা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে।

লেখার শুরুতে স্বীকার করে নেওয়া ভালো, পাকিস্তানি শোষণ ও বঞ্চনার অবসানের পর যে বাংলাদেশের জন্ম হয়েছিল, সে বাংলাদেশ এখন পর্যন্ত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। যাঁরাই শাসনভার গ্রহণ করেছেন বা ছিনিয়ে নিয়েছেন, তাঁরাই দেশের জনগণকে হতাশ করেছেন। দেশ শাসনের নামে তাঁরা নিজেদের আখের গোছানোর কাজটাকেই বড় করে দেখেছেন। এরই মধ্যে কোন সরকারের আমলে কতটুকু উন্নয়ন হয়েছে, কোন সরকারের আমলে প্রবৃদ্ধির হার বেড়েছে, কোন সরকারের সময় দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়া হয়েছে, তার হিসাব পরিসংখ্যানেই পাওয়া যাবে। বিভিন্ন নথিতেও তা থাকবে। কিন্তু আক্ষেপের বিষয়, সামগ্রিকভাবে এই দেশে দলীয়করণ ছাড়া সরকার গঠন হতে পারেনি। দলীয়করণের এই নির্লজ্জ ধারাবাহিকতা থেকে কেন রাজনীতি বেরিয়ে আসতে পারল না, সে প্রশ্নের উত্তর কে দেবে?

পাকিস্তান রাষ্ট্রটির বারোটা বাজিয়েছিল সেনাবাহিনী ও আমলাতন্ত্র। রাজনীতিবিদদের রাজনীতি থেকে দূরে রাখার কাজটা ‘লৌহমানব’ আইয়ুব খানই করেছিলেন। জন্মের পর থেকেই সেনা ও আমলারা শক্তিশালী হয়ে উঠেছিল পাকিস্তানে, বর্তমানের পাকিস্তান সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। ইমরান খান চেষ্টা করেছিলেন এই শিকল ভাঙতে, কিন্তু তাঁর সঙ্গে কোন আচরণ করা হয়েছে, সেটা নিশ্চয়ই সবার জানা আছে। পাকিস্তানের রাজনীতি ‘জেনারেল সাহেব’দের হাত থেকে বের হতে পারেনি কখনো। বাংলাদেশের সঙ্গে তুলনা করলে পাকিস্তানকে পাওয়া যাবে অনেক পেছনে। তাই পাকিস্তান নিয়ে কথা বলতে গিয়ে যারা মুখে ফেনা তোলে, তারা যে মতলববাজ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

বাংলাদেশ বারবার গণতন্ত্রের কাছে ফিরে আসার স্বপ্ন দেখে। কখনো সে স্বপ্ন পূরণ হয় বটে, কিন্তু তা বেশি দিন টেকে না। গণতন্ত্রের মূল সৌন্দর্যই হলো বহুত্ববাদ। মূলত বিভিন্ন মতবাদের সহাবস্থান থাকবে, যুক্তি-আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের দর্শন বর্ণনা করবে। জনগণ তাদের মধ্য থেকেই দেশের চালকদের নির্বাচিত করবে—এই তো হওয়ার কথা। কিন্তু কেন সেটা টেকসই হয় না, সেটাই এখন দেশের মানুষ বোঝে। ক্ষমতায় এসেই রাজনৈতিক দলগুলো প্রথমেই ভেবে বসে—কিছুদিন পরই তো ক্ষমতা চলে যাবে, তাই যতটা পারি, কামিয়ে নিই। এরপর আরও কিছুদিন কেটে গেলে তারা ক্ষমতা পাকাপোক্ত করার ফন্দি আঁটে। নিজেদের কাজ দিয়ে জনগণকে তুষ্ট না করে খবরদারি আর নির্যাতনের মাধ্যমে ভয়ের সংস্কৃতির জন্ম দেয়। কিন্তু ক্ষমতা যে চিরস্থায়ী বিষয় নয়, সেটা সরকারে থাকলে বোঝা যায় না। অসীম ক্ষমতা হাতে নিয়ে বিরোধীপক্ষকে দমন-পীড়ন করতে থাকলে একসময় সংগঠনের মেরুদণ্ড ভেঙে পড়ে। তখন পুলিশি-আইনের ওপর নির্ভর করে চলতে হয় সরকারকে। এরপর কী ঘটে, তা আগেও দেখা গেছে, ভবিষ্যতেও দেখা যাবে। এই নিয়মটি এতটাই পরিচিত যে রাজনৈতিক দলগুলো এ থেকে শিক্ষা নিলে অন্তত দেশের মানুষের সেবা করার মতো মানসিকতার অধিকারী হতে পারত। কিন্তু সরকারি লোকেরা নিজেদের জনগণের সেবক না ভেবে প্রভু ভাবা শুরু করে দেয় বলে দেশের রাজনৈতিক সংকট কাটে না।

২. এবার বলি, আমাদের বুদ্ধিজীবী শ্রেণিটির কথা। এই কিছুদিন আগে পর্যন্ত যে বুদ্ধিজীবীদের কথায় যথেষ্ট যুক্তি থাকত, শ্রোতা-দর্শক অবাক হতো তাঁদের শাণিত বিশ্লেষণ দেখে, তাঁদের কেউ কেউ এমন সব আজগুবি কথা বলা শুরু করে দিলেন যে তাঁদের মেধা, মনন নিয়েই সন্দেহ ও সংশয়ের সৃষ্টি হলো মানুষের মনে। বুদ্ধিবৃত্তিকে মতলববাজির কাজে লাগানো নতুন কিছু নয়, কিন্তু কেউ কেউ বটবৃক্ষের মতো অটল থাকেন সত্যপ্রকাশে, সেই মানুষেরা কোথায় এখন? দলবাজ বুদ্ধিজীবীরা শুধু বয়ান নির্মাণ করেন, সেটা সত্যের ওপর প্রতিষ্ঠিত কি না, সে দায় তাঁদের নেই।

রাজনীতির সত্য-অসত্য নিয়ে কথা বলা এখন কঠিন হয়ে পড়েছে, তাই হয়তো বুদ্ধিজীবীর দল তা নিয়ে কথা বলছেন না। তাতে তাঁদের বুদ্ধিজীবিত্বের কিছু যায়-আসে না। কিন্তু এমনও তো দেখা যাচ্ছে, তথ্য-উপাত্তের ওপর দাঁড়িয়ে থাকা সত্যকে অবলীলায় ভাগাড়ে ছুড়ে ফেলে নতুন নতুন ইতিহাস ‘আবিষ্কার’ করা হলেও বুদ্ধিজীবীর দল ‘উত্তরে থাকো মৌন’ রূপ নিয়েছেন! ইতিহাসের নতুন বয়ান নির্মাণের চেষ্টা করা হচ্ছে প্রতিষ্ঠিত ও পরীক্ষিত সত্যকে হত্যা করে। একটা সময় আসবে, যখন এই মৌনতার জন্য বুদ্ধিজীবীদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

৩. ইদানীংকালের কয়েকটি প্রবণতার কথা উল্লেখ করা দরকার। বারবার একটা কথা বলি, এখন সংবাদপত্র বা টেলিভিশনের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর জনগণ বেশি আস্থা রাখে। কিন্তু তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে এই সামাজিক যোগাযোগমাধ্যমে অবলীলায় মিথ্যা তথ্য দেওয়া চলে, অবলীলায় সত্যকে মিথ্যা প্রমাণিত করা যায়। অথচ সামাজিক যোগাযোগমাধ্যম মানুষকে মুক্তির ঠিকানা দিতে পারত। মানুষের ভাবনার কাঠামো নির্মাণ করে দিতে পারত এই প্ল্যাটফর্ম। কিন্তু এই মাধ্যমকে ইচ্ছেমতো খিস্তি-খেউড়ের ডাস্টবিন বানানোর দিকেই ঝোঁক দেখা গেল। সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে যদি সমাজবিজ্ঞানীরা গবেষণা করেন, তাহলে দেখতে পাবেন, কতটা ঘৃণা আর অসহিষ্ণুতা নিয়ে গড়ে উঠছে আমাদের মানস। মননের বালাই নেই। গালাগাল হয়ে উঠছে সম্বোধনের হাতিয়ার।

তথ্য যাচাই-বাছাই না করেই তা মহাসত্য হিসেবে জাহির করা এখন ডালভাত। এই অবস্থা ইতিবাচকভাবে পরিবর্তিত হবে—এ রকম আশা করা কি সম্ভব?

বর্তমানের আলোকে শুধুই অন্ধকার দেখা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের যোগ্য হয়ে ওঠা খুব সহজ কাজ নয়, সেটা আমরা আমাদের আচরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি।

মুক্তিযুদ্ধকে হেয়প্রতিপন্ন করার প্রবণতাকে উপেক্ষা করা যাবে না। ইউনূসীয় শাসনামল মুক্তিযুদ্ধের অবমাননার বীজ বপন করে গেছে। অধ্যাপক ইউনূসের ‘রিসেট বাটন’ দিয়ে যা শুরু হয়েছিল, তার ধারাবাহিকতায় কী কী অপরাধ সাধিত হয়েছে, একদিন তা নিয়েও গবেষণা হবে। এত ঘটনার ঘনঘটা ছিল এই সময়ে যে তার সবকিছু নথিবদ্ধ করে রাখা হয়তো সম্ভব হয়নি, কিন্তু কোনো ঘটনা ঘটলেই মোবাইল সাংবাদিকতার কারণে তার অনেক কিছুই মানুষের স্মৃতিতে রয়ে গেছে। আওয়ামী লীগবিরোধিতার নামে কারা কোথায় মুক্তিযুদ্ধের শরীরে আঘাত করেছে, সে জবাবও পরবর্তী প্রজন্ম জানতে চাইবে।

মনে পড়ে যাবে, শিক্ষকদের হেনস্তা করার কথা। যে শিক্ষার্থীরা শিক্ষকদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তাঁদের অপমান করেছিল, নেপথ্যে থেকে কারা তাদের উসকানি দিয়েছিল, সে কথাও একদিন প্রকাশিত হবে। অন্ধকারের জীবেরা উঠে এসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙেছিল, জঙ্গিদের কয়েদখানা থেকে মুক্তি দেওয়া হয়েছিল, অস্ত্র লোপাট করা হয়েছিল, এই কথাগুলোও মনে পড়ে যাবে অনেকের।

বাংলাদেশের রাজনীতিতে আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়ার অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। রাজনীতির এই দুষ্টক্ষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও গ্রাস করেছে এবার। যারা পরিবর্তন আনবে বলে জোর গলায় কথা বলেছিল একদা, তাদের কথায় ও কাজে মিল না পেয়ে রাজপথে আন্দোলনে আসা অনেকেই বিফল মনোরথে ফিরে গেছে ঘরে। ‘রাজুতে আয়’ বলে ডাকলে তাদের কাউকে কি আর ফিরে পাওয়া যাবে?

৪. পৃথিবীর নানা জায়গায় উগ্র ডানপন্থা মাথা চাড়া দিয়ে উঠেছে। তারই প্রতিক্রিয়ায় কি না কে জানে, ইদানীং আবার বিভিন্ন দেশের রাজনীতি মধ্যপন্থা বা বামপন্থার দিকে ঝুঁকছে। এটা কি কেউ খেয়াল করেছেন? সাম্প্রতিক নির্বাচনগুলো (সার্বিয়া, ব্রাজিল, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন) কিন্তু সে ইঙ্গিতই দেয়। বাংলাদেশ কি উদার গণতন্ত্রের দিকে এগোতে পারবে? নাকি গায়ের জোরে আইনকানুনের তোয়াক্কা না করে মাজার ভাঙা, বাউল নির্যাতনের পথে হাঁটবে? দেশের সব মানুষকে মানুষ না ভেবে প্রতিপক্ষ বানিয়ে রাখার ফল ভালো হয় না, সেটা ইতিহাসেরই শিক্ষা। সেই শিক্ষা থেকে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা কি আমাদের ভাগ্যে আছে? এ প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। কিন্তু কে দেবে উত্তর?

জাহীদ রেজা নূর, উপসম্পাদক, আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত