Ajker Patrika

সচেতনতা যথেষ্ট নয়, কার্যকর পদক্ষেপ চাই

ড. নূর মোহাম্মদ
সচেতনতা যথেষ্ট নয়, কার্যকর পদক্ষেপ চাই

প্রতিবছর ২৫ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় ‘নারীর প্রতি সহিংসতা বিলোপের আন্তর্জাতিক দিবস’। এদিন থেকেই শুরু হয় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের আন্তর্জাতিক প্রচারাভিযান, যার সমাপ্তি ঘটে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে। কিন্তু প্রতিবছর এই কর্মসূচি ফিরে এলেও বাস্তবতা হলো, বিশ্বের কোটি কোটি নারী ও কন্যাশিশু এখনো ঘরে, কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে, রাস্তায় এবং ক্রমবর্ধমানভাবে অনলাইন জগতে সহিংসতা ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে।

২০২৬ সালের আন্তর্জাতিক প্রচারাভিযানের প্রতিপাদ্য ‘ইউনাইট টু এন্ড ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস: এনসিওর জাস্টিস, প্রটেক্ট সারভাইভারস, এন্ড ইমপিউনিটি’। অর্থাৎ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন, ন্যায়বিচার নিশ্চিত করুন, নির্যাতনের শিকার ব্যক্তির সুরক্ষা দিন এবং অপরাধীর দায়মুক্তির অবসান ঘটান।

এই প্রতিপাদ্য আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—শুধু সচেতনতা সৃষ্টি করলেই হবে না; নিশ্চিত করতে হবে কার্যকর বিচার, নিরাপত্তা ও জবাবদিহি। বাংলাদেশের জন্য এটি এখন একটি জরুরি জাতীয় অঙ্গীকার হওয়া প্রয়োজন।

নারীর শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও নেতৃত্বে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নারীর অধিকার ও সুরক্ষায় বিভিন্ন আইন ও নীতিমালাও প্রণীত হয়েছে। তারপরও নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ব্যাপকভাবে বিদ্যমান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউএনএফপিএর যৌথ উদ্যোগে পরিচালিত ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০২৪-এর ফলাফল, যা ২০২৫ সালে প্রকাশিত হয়েছে, আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। জরিপ অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে বা অতীতে বিবাহিত নারীদের প্রায় ৭৬ শতাংশ জীবনের কোনো না কোনো সময় স্বামী বা সঙ্গীর মাধ্যমে অন্তত একধরনের সহিংসতার শিকার হয়েছেন। জরিপের আগের ১২ মাসেই এই অভিজ্ঞতার শিকার হয়েছেন ৪৯ শতাংশ নারী। আরও উদ্বেগজনক হলো, সহিংসতার শিকার ৬২ শতাংশ নারী তাঁদের অভিজ্ঞতার কথা কাউকে জানাননি।

কন্যাশিশুদের পরিস্থিতিও উদ্বেগজনক। বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার (এমআইসিএস) ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২০-২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। অন্যদিকে ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন হয়রানি, সাইবার হয়রানি, হুমকি এবং ব্যক্তিগত ছবি বা তথ্যের অপব্যবহার।

এই পরিসংখ্যান আমাদের মনে করিয়ে দেয়, নারীর প্রতি সহিংসতা কেবল ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়। এর পেছনে রয়েছে অসম ক্ষমতার সম্পর্ক, বৈষম্যমূলক সামাজিক দৃষ্টিভঙ্গি, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকার প্রবণতা।

সহিংসতার শিকার একজন নারীর দুর্ভোগ অনেক সময় নির্যাতনের ঘটনাতেই শেষ হয় না। বরং এরপর তাঁকে মোকাবিলা করতে হয় সামাজিক অপবাদ, ভুক্তভোগীকেই দোষারোপ করার প্রবণতা, পারিবারিক চাপ, আর্থিক অনিশ্চয়তা এবং প্রতিশোধের ভয়।

অনেক সময় নির্যাতনের শিকার নারীকে প্রশ্ন করা হয়—তিনি কোথায় গিয়েছিলেন, কী পোশাক পরেছিলেন, কেন প্রতিবাদ করেননি কিংবা কেন এত দিন পরে মুখ খুললেন। অথচ প্রশ্ন হওয়া উচিত—সহিংসতা ঘটল কেন? তাঁর নিরাপত্তা নিশ্চিত করা গেল না কেন? অপরাধীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে কি?

আইন থাকলেই ন্যায়বিচার নিশ্চিত হয় না। একজন নির্যাতিত মানুষের প্রয়োজন সহজলভ্য ও সময়োপযোগী আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা, মানসিক ও সামাজিক সহায়তা এবং নিরাপত্তা। অভিযোগ জানাতে গিয়ে যেন তাঁকে নতুন করে অপমান, হয়রানি বা মানসিক আঘাতের শিকার হতে না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়া কোনোভাবেই নির্যাতনের শিকার মানুষের জন্য আরেকটি নির্যাতনে পরিণত হতে পারে না।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে শুধু সরকারি উদ্যোগ বা বার্ষিক প্রচারাভিযান যথেষ্ট নয়। এ জন্য প্রয়োজন রাষ্ট্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারব্যবস্থা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, নাগরিক সমাজ এবং সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ। সরকারকে বিদ্যমান আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার প্রতিষ্ঠানকে অভিযোগের যথাযথ তদন্ত, দ্রুত প্রতিকার এবং অপরাধীর জবাবদিহি নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য ও সামাজিক সেবাপ্রতিষ্ঠানগুলোকে নির্যাতনের শিকার ব্যক্তির জন্য প্রয়োজনীয় চিকিৎসা, মানসিক সহায়তা ও আইনি সেবার ব্যবস্থা আরও সহজলভ্য করতে হবে।

পরিবার ও সমাজকে ভুক্তভোগীকে দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মতির মূল্যবোধ গড়ে তুলতে হবে। কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং হয়রানির বিরুদ্ধে কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

বিশেষভাবে বলতে হয়, এ লড়াইয়ে পুরুষ ও কিশোরদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শুধু নারীদের বিষয় নয়; এটি মানবাধিকার ও সামাজিক দায়িত্বের প্রশ্ন। পুরুষদের বৈষম্যমূলক মানসিকতা পরিহার করতে হবে এবং সমতা ও মর্যাদাভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজও অন্যায় ও হয়রানির বিরুদ্ধে সোচ্চার হয়ে ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী অংশীদার হতে পারে।

পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) মতো নাগরিক সমাজের সংগঠনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—তৃণমূল পর্যায়ে সচেতনতা, প্রতিরোধমূলক কার্যক্রম, সেবাপ্রাপ্তির সুযোগ,

তরুণদের সম্পৃক্ততা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির পক্ষে কাজ করার মাধ্যমে।

১৬ দিনের প্রচারাভিযান যেন কেবল আলোচনা, র‍্যালি, সেমিনার, প্রচারণা কিংবা আনুষ্ঠানিক অঙ্গীকারের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এই ১৬ দিন আমাদের সারা বছরের কার্যক্রমের নতুন দিকনির্দেশনা দিক।

রাষ্ট্রকে কার্যকর আইন বাস্তবায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্যাতনের শিকার মানুষের পাশে দাঁড়াতে হবে। পরিবারকে ভুক্তভোগীকে দোষারোপ না করে তাঁর পাশে দাঁড়াতে হবে। পুরুষ ও কিশোরদের বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তরুণদের অন্যায়ের প্রতিবাদে এবং নিরাপদ সমাজ গঠনে সক্রিয় হতে হবে। গণমাধ্যমকে নির্যাতনের শিকার ব্যক্তির পরিচয় ও মর্যাদা সুরক্ষিত রেখে দায়িত্বশীল সাংবাদিকতা এবং জবাবদিহির দাবি তুলে ধরতে হবে।

প্রতিটি মানুষেরও দায়িত্ব রয়েছে। কেউ নির্যাতনের শিকার হলে তাঁকে অবিশ্বাস বা দোষারোপ না করে মনোযোগ দিয়ে শুনতে হবে, সহায়তা করতে হবে এবং প্রয়োজনীয় সেবা পেতে পাশে দাঁড়াতে হবে। নীরবতা ও উদাসীনতা সহিংসতা বন্ধ করে না; বরং অনেক সময় অপরাধীর সাহস বাড়িয়ে দেয়।

এই প্রচারাভিযানের সাফল্য কতটি অনুষ্ঠান হলো বা কতটি বক্তব্য দেওয়া হলো, তা দিয়ে পরিমাপ করা যাবে না। সাফল্য নির্ভর করবে কতজন নারী ও কন্যাশিশু নিরাপদ হলো, কতজন নির্যাতনের শিকার মানুষ ন্যায়বিচার ও সহায়তা পেল এবং কতজন অপরাধী জবাবদিহির আওতায় এল, তার ওপর।

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে নারীর নিরাপত্তা তার নীরবতার ওপর নির্ভর করবে না; সুরক্ষার নামে তার স্বাধীনতা সীমিত করা হবে না; এবং প্রতিটি নারী ও কন্যাশিশু মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচতে পারবে।

কোনো নারী বা কন্যাশিশুকে যেন কখনোই নিরাপদে বাঁচার অধিকার আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকারের মধ্যে একটিকে বেছে নিতে না হয়। কোনো নির্যাতনের শিকার মানুষকে যেন ন্যায়বিচারের জন্য একা লড়তে না হয়। আর কোনো অপরাধী যেন দায়মুক্তি না পায়। আসুন, ২০২৬ সালের ১৬ দিনের প্রচারাভিযানে আমরা সচেতনতা থেকে কার্যকর পদক্ষেপে, প্রতিশ্রুতি থেকে জবাবদিহিতে এবং নীরবতা থেকে সম্মিলিত প্রতিবাদে এগিয়ে যাই।

‘ন্যায়বিচার নিশ্চিত করুন। নির্যাতনের শিকার ব্যক্তির সুরক্ষা দিন। অপরাধীর দায়মুক্তি বন্ধ করুন।’—এই অঙ্গীকার শুধু ১৬ দিনের জন্য নয়; হোক তা আমাদের সবার, সারা বছরের, ৩৬৫ দিনের অঙ্গীকার।

লেখক: ড. নূর মোহাম্মদ,নির্বাহী পরিচালক,পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত