Ajker Patrika

তারুণ্যের শক্তিতে সমৃদ্ধ হোক কৃষি

শাইখ সিরাজ
তারুণ্যের শক্তিতে সমৃদ্ধ হোক কৃষি
শাইখ সিরাজ।

১২ আগস্ট ২০২৬ বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক যুব দিবস’। যুবসমাজের সম্ভাবনা, তাঁদের অধিকার এবং বিশ্বের নানা সমস্যা সমাধানে তাঁদের অবদানকে স্বীকৃতি দিতে প্রতিবছর জাতিসংঘ এই দিনটি পালন করে। এই বছরের আন্তর্জাতিক যুব দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’।

মূল বক্তব্য হলো, বিশ্বের নানা প্রান্তের তরুণেরা ভিন্ন ভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠলেও তাঁদের ভবিষ্যৎ স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলো প্রায় একই রকম। উন্নত বা উন্নয়নশীল, যে দেশেরই হোক না কেন, প্রতিটি তরুণই একটি সুন্দর জীবন, মানসম্মত শিক্ষা, উপযুক্ত কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং একটি টেকসই পৃথিবীর স্বপ্ন দেখে।

স্বাধীনতা-পরবর্তী সময়ে আমাদের অর্থনীতির মূল ভিত্তি কৃষিকেন্দ্রিক হওয়া সত্ত্বেও একটা দীর্ঘ সময় ধরে এ দেশের কৃষক এবং কৃষিকাজ উভয়ই চরম অবহেলার শিকার হয়েছে। কৃষিকাজকে নিছকই ‘বাপ-দাদার আদি পেশা’ হিসেবে গণ্য করা হতো, যার ফলে নতুন প্রজন্মের তরুণদের এই খাতের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না। অথচ বিপুল জনগোষ্ঠীর এই দেশটির মানুষের বিশাল খাদ্যের চাহিদা মেটাতে অপরিহার্য ছিল কৃষিতে বিপুল পরিমাণ ফলন। সেই সঙ্গে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটাও ছিল সময়ের সবচেয়ে বড় দাবি।

পরবর্তী সময়ে সরকার ও গণমাধ্যমের লাগাতার প্রচারণার ফলে চিরাচরিত ধান-পাটের চাষাবাদ পেরিয়ে মাছের চাষ, মুরগি পালন এবং নানা ধরনের শাকসবজি উৎপাদনের মধ্য দিয়ে কৃষি খাতে যে বহুমুখীকরণ ও আধুনিক উন্নয়নের যাত্রা শুরু হয়, তার মূল কারিগর ছিল এই দেশের তরুণসমাজ। ঠিক যে মুহূর্ত থেকে শিক্ষিত তরুণ প্রজন্ম কৃষিকাজে নিজেদের সম্পৃক্ত করতে শুরু করল, মূলত তখন থেকেই আমাদের কৃষি তার মান্ধাতার আমলের ধ্যানধারণা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল।

বর্তমান বাংলাদেশের মানুষের সামগ্রিক পুষ্টির চাহিদা পূরণ ও উন্নয়নের ক্ষেত্রে কৃষি খাতে এই তরুণদের অবদান আক্ষরিক অর্থেই এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে। অতীতের দিনগুলোতে গ্রামের দিকে হাঁস-মুরগি কিংবা গরু-ছাগল পালন করাটাকে কৃষকেরা বাড়তি আয়ের একটি সাধারণ মাধ্যম হিসেবেই বিবেচনা করলেও বর্তমানে তরুণেরা পরিকল্পিতভাবে পোলট্রি, গরুর খামার কিংবা মৎস্য খামার গড়ে তুলে নিজেরা তো আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেনই, পাশাপাশি আরও অসংখ্য মানুষের জন্য কর্মসংস্থানেরও দারুণ সুযোগ তৈরি করে দিয়েছেন।

গত ৪৫ বছরে বাংলাদেশে কৃষির যে পটপরিবর্তন আমার দেখার সুযোগ হয়েছে, আর বছর ২০ ধরে বিশ্ব কৃষির যে রূপরেখা দেখে এসেছি, তাতে ভবিষ্যৎ ভাবনার জায়গাটিতে বারবার মনে হয়েছে—শিক্ষিত তরুণদেরই পৃথিবীকে এগিয়ে নিতে প্রস্তুত করতে হবে। দুঃখজনক হলেও সত্য, পোশাকশিল্পসহ অন্যান্য শিল্প নিয়ে আমরা যতটা অগ্রসর হওয়ার কথা চিন্তা করেছি, কৃষিশিল্প নিয়ে ততটা ভাবিনি। আমরা ভেবেছি, কৃষক তাঁর মতো করেই তাঁর নিজের খাদ্যের পাশাপাশি আমাদের খাদ্য উৎপাদন করবেন। আমরা নামমাত্র মূল্যে তা কিনে নেব, যদি উৎপাদন না-ও করতে পারেন, তবে আমদানি করে আনব।

কিন্তু উন্নত বিশ্ব সব সময়ই বুঝেছে, নিজের খাদ্য নিজেদেরই উৎপাদন করতে হবে। তাই তারা কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিশিল্প নিয়ে ভেবেছে। আমি ২০০৪-০৫ সালে চীন ও জাপানে গিয়ে দেখেছি কৃষি ও কৃষকের উন্নয়নে রাষ্ট্র তাদের কীভাবে তৈরি করেছে, সুযোগ দিয়েছে, সব ধরনের পরিবর্তনের সঙ্গে তাদের খাপ খাইয়ে নিয়ে আধুনিক করে তুলেছে। কৃষিকে একটা সমন্বিত খাত হিসেবে সাজিয়ে নিয়েছে তারা। কৃষকের সঙ্গে বীজ উৎপাদনকারী, সার উৎপাদনকারী, আবহাওয়ার বার্তা প্রদানকারী, শস্যবিমা ও ঋণের জন্য ব্যাংককে যুক্ত করে দিয়েছে। কৃষকের বাজার নিয়ে তাঁকে ভাবতে হয়নি। সব দিক থেকেই সেবা নিশ্চিত করেছে। ফলে কৃষক তাঁর সম্পূর্ণ মনোযোগ ফসল উৎপাদনে দিতে পেরেছেন। নিজের উন্নয়নের কথা ভাবতে পেরেছেন।

আমাদের কৃষক এখন পর্যন্ত নতুন প্রযুক্তি সম্পর্কে জানেন না। জানেন না, বৃষ্টি কখন হবে, কী পরিমাণ সার বা কীটনাশক দিতে হবে। শস্যবিমার সুযোগ সেভাবে পাচ্ছেন না তাঁরা। আমাদের কৃষককে যতক্ষণ পর্যন্ত বীজ-সার-কীটনাশক, তথ্যসেবা, ব্যাংকঋণ, আবহাওয়া বার্তা, বিমা ইত্যাদির সেবা নিশ্চিত না করতে পারব, ততক্ষণ অবধি প্রকৃত কৃষির উন্নয়ন সম্ভব নয়।

করোনা-পরবর্তী বিশ্বে মানুষের চিন্তার পরিবর্তন এসেছে। মানুষ বুঝতে পেরেছে খাদ্য উৎপাদনই উন্নয়নের মূল উপকরণ। বেঁচে থাকতে হলে খাবার খেতে হবে। সারা পৃথিবীই খাদ্যশিল্প নিয়ে নতুন করে ভাবছে। একদিকে যান্ত্রিক কৃষির সুনিশ্চিত উৎপাদন, অন্যদিকে কৃষি বাণিজ্যের প্রসার। ফলে ব্যবসায়ীরা কৃষি খাতে বিনিয়োগ করতে শুরু করেছেন। আমাদের দেশের ক্ষুদ্র কৃষকের পক্ষে এত বিনিয়োগ সম্ভব নয়। এ কারণে কৃষি উৎপাদন থেকে কৃষি বাণিজ্য চলে যাবে ব্যবসায়ীদের হাতে। ক্ষুদ্র ও মাঝারি কৃষকেরা এই প্রযুক্তির কৃষি থেকে ছিটকে পড়বেন। প্রযুক্তি সম্পর্কে জানা-বোঝা হবে কৃষিতে দক্ষ হওয়ার মূল জ্ঞান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব তথ্যই কৃষকের কাছে তুলে ধরবে। প্রযুক্তি নিজেই সব কাজ সম্পন্ন করতে পারবে। যে কৃষক স্মার্ট ফার্মিংয়ে ড্রোন, স্যাটেলাইট ইমেজ, সেন্সর ও জিপিএসের মতো প্রযুক্তিকে আরও দক্ষতার সঙ্গে ব্যবহার করবেন, তিনি হয়ে উঠবেন সফল।

ফসলের উৎপাদন বৃদ্ধি এবং আবহাওয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। নিয়ন্ত্রিত তাপমাত্রা, আলোসহ ইনডোর ফার্মিং উন্নত দেশগুলোতে প্রাধান্য পাচ্ছে। আমাদের কৃষি এখনো আবহাওয়ানির্ভর। কিছু ফসলের অঙ্কুরোদ্গম এবং বিকাশের জন্য উচ্চ বা নিম্ন তাপমাত্রার প্রয়োজন হয়। উপরন্তু আর্দ্রতা, কীটপতঙ্গের উপদ্রব এবং রোগের সঙ্গে তাপমাত্রা একত্র করে পূর্বাভাসের প্রয়োজনীয়তা অনেক বেশি। ওয়েদার মনিটরিং প্রযুক্তির মাধ্যমে পূর্বাভাস দিয়ে ফসল সুরক্ষা, বপন, ফসল কাটার পাশাপাশি অন্যান্য কৃষি কার্যক্রমের পরিকল্পনায় সহায়তা পাবেন কৃষক। আবহাওয়া পর্যবেক্ষণ প্রযুক্তির মাধ্যমে কৃষকেরা বায়ু এবং মাটির তাপমাত্রা, মাটির আর্দ্রতা, সামগ্রিক আর্দ্রতা, বাতাসের গতি, দিক এবং বৃষ্টিপাতের মতো বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারেন। এমনকি নানা তথ্যের পাশাপাশি বৃষ্টি পরিমাপের একটি তথ্য পেতে পারেন—এমন প্রযুক্তি সেবা কৃষকের কাছে পৌঁছে দিতে হবে।

আন্তর্জাতিকভাবে কয়েক দশকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি উদ্ভাবন হচ্ছে ‘প্রিসিশন অ্যাগ্রিকালচার’। প্রিসিশন অ্যাগ্রিকালচার প্রযুক্তি আজকের কৃষিতে একটি বড় গেম-চেঞ্জার হতে পারে। এর মাধ্যমে অধিক পরিমাণ কৃষি উৎপাদনের জন্য সঠিক সময়ে, সঠিক পরিমাণ পানি, সার, কীটনাশক ইত্যাদি প্রয়োগ করা হয়, যাতে সঠিক পরিমাণ ফসল, মাটি সঠিক সময়ে ও স্থানে স্বাস্থ্য এবং উৎপাদনশীলতার জন্য যা প্রয়োজন তা পায়।

চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে কৃষিতে বহুমুখী প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ইন্টারনেট অব থিংসের ব্যবহার বাড়াতে হবে। আর এ জন্য আমাদের তরুণদের প্রস্তুত করতে হবে। এতে প্রশিক্ষণ আর গবেষণার কোনো বিকল্প নেই।

লেখক: পরিচালক ও বার্তাপ্রধান, চ্যানেল আই

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত